সংসদের জন্য ছয়টি লিফট, স্পিকার জানেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদের অগোচরে সংসদ ভবনের জন্য প্রায় আড়াই কোটি টাকা দামের ছয়টি নতুন লিফট আনা হয়েছে। শেষ মুহূর্তে স্পিকার এসব লিফট প্রতিস্থাপনের কাজ আটকে দিয়েছেন। স্পিকারের চাহিদা কিংবা অনুমোদন ছাড়া কীভাবে সংসদ ভবনের জন্য এসব লিফট কেনার প্রক্রিয়া সম্পন্ন হলো, তা সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে জানতে চাওয়া হয়েছে।জানা যায়, গণপূর্ত অধিদপ্তরের কার্যাদেশ পেয়ে ‘মান বাংলাদেশ’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এসব লিফট আমদানি করে। এগুলো চট্টগ্রাম বন্দর থেকে ইতিমধ্যে ঢাকায় আনা হয়েছে।স্পিকার আবদুল হামিদ গত সপ্তাহে গণপূর্ত অধিদপ্তরের শেরেবাংলা নগর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুবাস কুমার ঘোষসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের ডেকে পাঠান। তিনি জানতে চান, সংসদ ভবনে লিফটের প্রয়োজনীয়তার কথা কে জানিয়েছে? এ বিষয়ে পূর্ত বিভাগের জবাবে সন্তুষ্ট হতে পারেননি স্পিকার আবদুল হামিদ। তিনি সংসদ ভবনে লিফট প্রতিস্থাপনের কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। একই সঙ্গে বিষয়টি খতিয়ে দেখতে সংসদ সচিবকে বলেন।জানতে চাইলে স্পিকার আবদুল হামিদ প্রথম আলোকে বলেন, সংসদে নতুন লিফট প্রয়োজন হলে সংসদ থেকে পূর্ত বিভাগ বলা হবে। সংসদের পছন্দ অনুসারেই এসব লিফট প্রতিস্থাপন করতে হবে। কিন্তু গোপনে এভাবে সংসদের জন্য লিফট কেনা রহস্যজনক। বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে স্পিকার জানান। স্পিকারকে না জানানো প্রসঙ্গে তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুবাস কুমার ঘোষ প্রথম আলোকে বলেন, ‘সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার বিষয়টি জানতেন। তবে বর্তমান স্পিকারকে বিষয়টি না জানানো ভুল হয়েছে। তাই স্পিকারের কাছে গিয়ে আমরা ভুল স্বীকার করেছি। ভবিষ্যতে এ ধরনের যেকোনো কেনাকাটার আগে স্পিকারকে জানানো হবে।’জানা গেছে, বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৮ সালের ২৭ জুলাই পূর্ত বিভাগের এক সমন্বয় সভায় ছয়টি ত্রুটিপূর্ণ লিফট প্রতিস্থাপনের প্রক্রিয়া শুরু হয়। এক মাস পর সেপ্টেম্বরে লিফট কেনার জন্য দরপত্র আহ্বান করা হয়। একই বছরের ২৫ নভেম্বর লিফট কেনার জন্য গঠিত দরপত্র মূল্যায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সর্বনিম্ন দরদাতা হিসেবে মান বাংলাদেশ লিমিটেডকে দুই কোটি ২৮ লাখ ৩৫ হাজার টাকায় লিফট আনার কার্যাদেশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কোরিয়ার একটি কোম্পানি থেকে এ লিফট আনা হবে বলে দরপত্রে উল্লেখ করা হয়। আর এসব লিফট দেখাতে পূর্ত বিভাগের তিনজন কর্মকর্তা চলতি বছরের ২২ মার্চ কোরিয়া সফর করেন। ঠিকাদারি প্রতিষ্ঠানের উদ্যোগেই এ সফরের আয়োজন করা হয় বলে জানা গেছে।পূর্ত বিভাগ এত সব কাজ করলেও বিষয়টি রহস্যজনক কারণে গোপন রাখা হয়। প্রায় দেড় বছরেও বিষয়টি স্পিকারকে অবহিত করা হয়নি। একাধিক সূত্রে জানা গেছে, সংসদ ভবনে বর্তমানে থাকা ১৯টি লিফটের সব কটিই জার্মানির তৈরি। ১৯৭৫ সালে প্রতিটি ১৬০০ কেজি ধারণক্ষমতাসম্পন্ন এসব লিফট আনা হয়। এর মধ্যে বিগত বিএনপির সরকারের সময় চারটি লিফট প্রতিস্থাপন করা হয়। এগুলো ছিল জার্মানির তৈরি। জার্মানি থেকে না এনে কোরিয়ার একটি কোম্পানির লিফট আনা নিয়েও সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে। সংসদ ভবনের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় কোরিয়ান লিফট লাগানোর উদ্যোগ নিয়েও কথা উঠেছে।তবে সুবাস কুমার ঘোষ বলেন, আইন অনুযায়ী সর্বনিম্ন দরদাতাকে কাজ দেওয়া হয়েছে। এ জন্য জার্মানির বদলে কোরিয়ার তৈরি লিফট আনা হয়েছে।