সংসদের জন্য ডিজিটাল পদ্ধতি প্রবর্তনে সহায়তা দেবে কোরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের জাতীয় সংসদের কাজে ডিজিটাল পদ্ধতি প্রবর্তনে দক্ষিণ কোরিয়া প্রয়োজনীয় সহায়তা দেবে। আজ মঙ্গলবার কোরিয়ার সংসদ সচিবালয়ের সচিব পার্ক কি ডং জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদের সঙ্গে সাক্ষাত্ করে এ কথা জানান। কোরিয়ার সচিব এ সময় বাংলাদেশ সংসদ সচিবালয়কে ১৫টি কম্পিউটার উপহার দেন।পার্ক কি ডং স্পিকারকে জানান, কোরিয়ার অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশি শ্রমিকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বাংলাদেশের ক্রমবর্ধমান উন্নতিতে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, বাংলাদেশ জাতীয় সংসদের উন্নয়নে, বিশেষ করে ডিজিটাল পদ্ধতি প্রবর্তনে কোরিয়া সব ধরনের সহযোগিতা দেবে। তিনি স্পিকারকে কোরিয়া সফরের আমন্ত্রণ জানান।সংসদের কারিগরিবিষয়ক উন্নয়নে কোরিয়ার আগ্রহকে স্বাগত জানিয়ে স্পিকার বলেন, বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে বিরাজমান দ্বিপাক্ষিক সম্পর্ক ক্রমেই বাড়ছে। তিনি দুই দেশের সংসদ ও সাংসদদের মধ্যে সম্পর্ক আরও বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ-কোরিয়া পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠনে আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশ কোরিয়ার কারিগরি ও প্রযুক্তিগত জ্ঞান কাজে লাগিয়ে উন্নয়নপ্রক্রিয়া ত্বরান্বিত করতে চায়।