সংসদের জন্য ১৬২ কোটি টাকার বাজেট
আসন্ন ২০১১-১২ অর্থবছরে জাতীয় সংসদের জন্য ১৬২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব অনুমোদিত হয়েছে। আজ রোববার সংসদ সচিবালয় কমিশনের সভায় এ অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে সভায় ২০১০-২০১১ অর্থবছরের জন্য প্রায় ১০৬ কোটি টাকার সংশোধিত বাজেট অনুমোদন করা হয়।স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অংশ নেন কমিশনের সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী শফিক আহমেদ। এ সময় সংসদের চিফ হুইপ মো. আব্দুস শহীদ, সংসদসচিব আশফাক হামিদ, অর্থসচিব মোহাম্মদ তারেকসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।জানা গেছে, সভায় সাংসদদের ঐচ্ছিক তহবিল থেকে একক ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আগে সাংসদেরা পাঁচ হাজার টাকা পর্যন্ত অনুদান দিতে পারতেন। সভায় সংসদ সচিবালয়ের দৈনিকভিত্তিক বার্তা বাহকদের দৈনিক মজুরি হার ১৫০ টাকা থেকে বাড়িয়ে ২০০ টাকা করার সিদ্ধান্ত হয়।এ ছাড়া সংসদ সচিবালয়ের গাড়ি, সাংগঠনিক কাঠামো, কম্পিউটার, অফিস সরঞ্জামাদি ও সাংসদদের ব্যক্তিগত সহকারী পদে নিয়োগ পদ্ধতি ও যোগ্যতা নিয়ে আলোচনা করা হয়।