সংসদের দ্বাদশ অধিবেশন আজ শেষ, বিরোধী দল যাচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদের দ্বাদশ অধিবেশন আজ বৃহস্পতিবার শেষ হচ্ছে। তবে প্রধান বিরোধী দল বিএনপি ও তাদের জোটের শরিকেরা আজ সংসদে যাচ্ছে না বলে জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে জিয়া ব্রিগেড আয়োজিত এক মানববন্ধন ও গণসমাবেশ কর্মসূচিতে জয়নুল আবদিন ফারুক বলেন, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের কাছ থেকে বিএনপি টাকা নিয়েছে বলে সংসদে সরকারি দলের দেওয়া অসত্য বক্তব্য এবং তারেক রহমানকে নিয়ে আপত্তিকর কথাবার্তা এক্সপাঞ্জ না করলে বিএনপি সংসদ অধিবেশনে যাবে না। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু আওয়ামী লীগের সভানেত্রী নন, তিনি সারা দেশের প্রধানমন্ত্রী। তিনি বিএনপিকে নিয়ে জনসভায় যেসব আপত্তিকর বক্তব্য দিয়েছেন, তা নিয়ে অসুবিধা নেই। কিন্তু সংসদে প্রধানমন্ত্রী হিসেবে তিনি যে বক্তব্য দিয়েছেন, তা গ্রহণযোগ্য নয়।বিরোধীদলীয় চিফ হুইপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বলেন, ‘অশালীন বক্তব্য দেওয়া থেকে বিরত থাকুন। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবি মেনে নিন।’জাতীয় সংসদের ভারপ্রাপ্ত সচিব মাহ্ফুজুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, দ্বাদশ অধিবেশন আজ শেষ হচ্ছে। সে জন্য সংসদ সচিবালয় থেকে সব প্রস্তুতি নেওয়া আছে। সংসদের শীতকালীন এই অধিবেশন শুরু হয়েছিল গত ২৫ জানুয়ারি বেলা সাড়ে তিনটায়। এ অধিবেশনের ৩০ কার্যদিবস পর ১৮ মার্চ বিএনপির নেতৃত্বাধীন বিরোধী জোট সংসদে যোগ দেয়। ২০ মার্চ সংসদ মুলতবি হয়। অর্থাৎ প্রায় এক বছর পর বিরোধীদলীয় সাংসদেরা চলতি অধিবেশনে যোগ দিয়ে পর পর তিন কার্যদিবস উপস্থিত ছিলেন। আজ শেষ কার্যদিবসে তাঁরা আবার সংসদ বর্জন করতে যাচ্ছেন। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী যেকোনো অধিবেশন শেষ হওয়ার পরের ৬০ দিনের মধ্যে সংসদের পরবর্তী অধিবেশন আহ্বান করতে হবে। এই হিসাবে আগামী মে মাসের শেষ সপ্তাহে ত্রয়োদশ অধিবেশন (বাজেট অধিবেশন) শুরু হওয়ার কথা।