সংসদের বিশেষ অধিবেশন ডেকেও সংলাপ হতে পারে: যোগাযোগমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পৃথিবীর যে দেশে সংকট দেখা দিয়েছে, সেখানেই সংলাপ হয়েছে। জাতীয় স্বার্থে যেসব বিষয় জরুরি, সেসব বিষয়েই নিঃশর্ত আলোচনা হতে পারে। প্রয়োজনে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন ডেকেও সংলাপ করা যেতে পারে বলে জানান তিনি।আজ শনিবার দুপুরে খুলনার শহীদ হাদিস পার্কে ‘মেয়র পদক-২০১৩’ বিতরণী অনুষ্ঠানে যোগাযোগমন্ত্রী এসব কথা বলেন। বিরোধী দলকে খোলা মন নিয়ে সংলাপের আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সংলাপের কোনো পূর্বশর্ত থাকে না। যেকোনো জায়গায় এ ধরনের সংলাপ হতে পারে। যোগাযোগমন্ত্রী আরও বলেন, নিজস্ব অর্থে পদ্মা সেতু নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ সরকারের বাকি মেয়াদেই সেতুর নির্মাণকাজ শুরু হবে। তা ছাড়া সরকার এ কাজে মালয়েশিয়াসহ আরও দু-একটি দেশের প্রস্তাব বিবেচনা করছে।খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন খুলনা-৪ আসনের সাংসদ জালাল উদ্দিন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ আলমগীর, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফায়েকউজ্জামান প্রমুখ। প্রতি বছরের মতো এই বছরও খুলনা সিটি করপোরেশনের উদ্যোগে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ বৃহত্তর খুলনার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মেয়র পদক দেওয়া হয়। যাঁরা পদক পেলেন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে—শেখ আবদুস সালাম (মরণোত্তর) ও বাংলাদেশ বেতার-খুলনা কেন্দ্র, চিকিত্সায়—ডা. আবুল মতলুব চৌধুরী (বুলু চৌধুরী) (মরণোত্তর) ও খুলনা শিশু হাসপাতাল, শিক্ষা ও সাহিত্যে—অধ্যক্ষ রুহুল আমিন (মরণোত্তর), সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগঠনে—মিনা আবিদ শাহরিয়ার (মরণোত্তর) ও খুলনা নাট্য নিকেতন, ক্রীড়াবিদ ও সংগঠক—মহিউদ্দিন আহমেদ গোরা, সমাজসেবা/জনসেবায়—রেভা. পল মুন্সী (মরণোত্তর), সাংবাদিকতায়—শাহাবুদ্দিন আহমেদ, রাজনীতিবিদ হিসেবে—মোস্তফা গাউছুল হক (মরণোত্তর), ভাষা-আন্দোলনে অবদানের জন্য—তোফাজ্জেল হোসেন, শিল্প উদ্যোক্তা হিসেবে—আনোয়ার হোসেন, শ্রেষ্ঠ পৌরকরদাতা (শুধু সিটি করপোরেশনের ক্ষেত্রে)—খান অহেদুজ্জামান এবং শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান (মাধ্যমিক)—এস ও এস হারম্যান মেইনার স্কুল ও খুলনা কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কেসিসি উইমেন্স কলেজ।