সংসদের ষষ্ঠ অধিবেশন চলবে ৫ অক্টোবর পর্যন্ত
নবম জাতীয় সংসদের আসন্ন ষষ্ঠ অধিবেশন শুরু হবে আগামী ২০ সেপ্টেম্বর বিকেল চারটায়। আর এ অধিবেশন চলবে আগামী ৫ অক্টোবর পর্যন্ত।আজ বৃহস্পতিবার সন্ধ্যায় স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে চিফ হুইপ মো. আবদুস শহীদ সংসদ ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান। মো. আবদুস শহীদ আসন্ন সংসদ অধিবেশনে প্রধান বিরোধী দলকে যোগদানের আহবান জানান।বৈঠকে কমিটির সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, হুসেইন মুহম্মদ এরশাদ, ডেপুটি স্পিকার শওকত আলী, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, সুরঞ্জিত সেন গুপ্ত, শেখ ফজলুল করিম সেলিম, মো. ফজলে রাব্বী মিয়া, আলহাজ এডভোকেট মো. রহমত আলী, রাশেদ খান মেনন ও আবদুল মতিন খসরু, আইনমন্ত্রী শফিক আহমেদসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বৈঠকে ষষ্ঠ অধিবেশনে সংসদে উত্থাপনের জন্য প্রাপ্ত বিভিন্ন সরকারি ও বেসরকারি বিল, বিভিন্ন বিধির অধীনে প্রাপ্ত নোটিশ ও উপস্থাপিত প্রতিবেদন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।