ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সাম্প্রতিক প্রতিবেদন নিয়ে সংসদে যাঁরা আলোচনা করেছেন, প্রতিবেদনটি সম্পর্কে তাঁদের পরিপূর্ণ ধারণার ঘাটতি রয়েছে বলে মনে করেন সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। গতকাল মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে টিআইবির নির্বাহী পরিচালক এ মন্তব্য করেন। তবে তিনি এ-ও বলেন, সংসদ গণতান্ত্রিকভাবে যে সিদ্ধান্ত নেবে, টিআইবি তা মেনে নেবে। গত সোমবার সাংসদেরা টিআইবির ওই প্রতিবেদনকে উদ্দেশ্যপূর্ণ দাবি করে সংস্থাটির কার্যক্রম বন্ধের দাবি তোলেন। টিআইবির ওই প্রতিবেদনে বলা হয়েছিল, ৯৭ শতাংশ সাংসদ অনৈতিক কাজের সঙ্গে জড়িত।আন্তর্জাতিক ও জাতীয় জলবায়ু-সংক্রান্ত অর্থায়নে স্বচ্ছতার দাবিতে এবং আগামী দোহা সম্মেলনে টিআইবির অবস্থান তুলে ধরতে গতকাল রাজধানীর সিরডাপ মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করে টিআইবি ও ক্লাইমেট ফিন্যান্স গভর্নেন্স নেটওয়ার্ক (সিএফজিএন)। বিষয় জলবায়ু সম্মেলন হলেও সংবাদ সম্মেলনে টিআইবির প্রতিবেদন নিয়ে সাংসদদের কঠোর সমালোচনার প্রসঙ্গটি মুখ্য হয়ে ওঠে। সংসদে টিআইবির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং এর কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানানো হয়। সাংসদেরা দুর্নীতিবিরোধী এ সংস্থার নির্বাহী পরিচালকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সংসদের বিশেষ অধিকার কমিটিতে তলব করারও দাবি জানান।এ বিষয়ে ইফতেখারুজ্জামান বলেন, সংসদ যে সিদ্ধান্ত নেবে, তা টিআইবি মেনে নেবে। তবে সিদ্ধান্ত যেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় হয় এবং সেখানে যাতে টিআইবির অংশ নেওয়ার সুযোগ থাকে তা নিশ্চিত করার দাবি জানান তিনি।টিআইবির সমালোচনা করা হলেও প্রতিবেদনে উল্লিখিত সাংসদদের ইতিবাচক দিকগুলো নিয়ে সংসদে কোনো কথা বলা হয়নি বলে জানান ইফতেখারুজ্জামান। বিরোধী দলকে ক্ষমতায় ফিরিয়ে আনতে টিআইবি কাজটি করেছে—একজন মন্ত্রীর এমন অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ‘এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমাদের গবেষণায় প্রধান বিরোধী দলের ১৩ জন সাংসদকে নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে ১২ জনেরই নেতিবাচক কার্যক্রমের তথ্য ছিল।’ইফতেখারুজ্জামান বলেন, ‘আমরা সংসদকে একটি গণতান্ত্রিক, শক্তিশালী ও সম্মানজনক প্রতিষ্ঠান মনে করি। সংসদ ও গণতন্ত্রের প্রতি টিআইবির পূর্ণ আস্থা আছে। কোনো অগণতান্ত্রিক শক্তিকে সহায়তা নয় বরং গণতান্ত্রিক শক্তিকে শক্তিশালী করা এবং সে কাজে সরকারকে সহায়তা করাই টিআইবির লক্ষ্য।’শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ন্ত্রণ, প্রশাসনিক কাজে প্রভাব বিস্তার, উন্নয়ন বরাদ্দের অপব্যবহার, অপরাধমূলক কাজে জড়িত হওয়ায় সমর্থন, সরকারি ক্রয়ের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে প্রভাব বিস্তার, নির্বাচনী আইন লঙ্ঘন, মিথ্যা তথ্য দিয়ে প্লট-ফ্ল্যাট বরাদ্দ নেওয়াসহ নানা অভিযোগ আছে অনেক সাংসদদের বিরুদ্ধে। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু টিআইবির প্রতিবেদন নিয়ে যে ৩১টি আপত্তি তুলেছিলেন, সেগুলোর জবাব মন্ত্রণালয়ে পাঠানোর পাশাপাশি টিআইবির ওয়েবসাইটে দেওয়া হয়েছে বলে জানান ড. ইফতেখার।সাংসদদের মন্তব্যের পর সরকারের সঙ্গে টিআইবির কোনো দূরত্ব সৃষ্টি হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে ইফতেখারুজ্জামান বলেন, ‘কোনো দূরত্ব সৃষ্টি হয়নি বরং আমরা এই সমালোচনাকে ইতিবাচকভাবে নিয়েছি।’ তিনি বলেন, যেকোনো সমালোচনাকে ইতিবাচকভাবে দেখা উচিত। সমালোচক সরকারের শুভাকাঙ্ক্ষী হতে পারে।টিআইবি নির্বাহীর বক্তব্য, ‘প্রাকৃতিক দুর্যোগের বার্তাবাহককে গুলি করলে দুর্যোগের খবরটি আর পাবেন না।’সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন টিআইবির প্রকল্প সমন্বয়ক এম জাকির হোসেন খান। উপস্থিত ছিলেন বেসরকারি সংগঠন বেলার রেহনুমা নুরায়েন, নেটওয়ার্ক ফর ক্লাইমেট চেঞ্জ বাংলাদেশের (এনসিসিবি) মনসুর হাল্লাজ।