সংসদের সৌন্দর্য আঁকবেন ২৩ শিল্পী
জাতীয় সংসদ ভবনের সৌন্দর্য রংতুলি দিয়ে ক্যানভাসে তুলে ধরবেন ২৩ জন চিত্রশিল্পী। কাল শুক্রবার সকাল থেকে সংসদ ভবনের দক্ষিণ দিকে শুরু হচ্ছে দুই দিনের এই আর্ট ক্যাম্প।‘বর্ণে বর্ণিল স্বপ্নে উজ্জ্বল আমাদের জাতীয় সংসদ ভবন’ শীর্ষক এই চিত্রকর্ম শিবিরের আয়োজক জাতীয় সংসদ কর্তৃপক্ষ ও ইনস্টিটিউট অব এশিয়ান ক্রিয়েটিভস (আইএসি)। এতে সহযোগিতা করছে ঢাকার ওয়েস্টিন হোটেল। এ সম্পর্কে আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনের মেম্বারস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে অনুষ্ঠানের আয়োজক আইএসির কিউরেটর ইশরাত আকন, ইউনিক গ্রুপের প্রধান পরামর্শক মোহাম্মদ মহসিন, হোটেল ওয়েস্টিনের মহাব্যবস্থাপক আজিম শাহ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানান হয়, কাল বেলা ১১টায় সংসদ ভবনের দক্ষিণে মানিক মিয়া অ্যাভিনিউতে কর্মসূচির উদ্বোধন করবেন ডেপুটি স্পিকার শওকত আলী। দুদিনের এ চিত্রকর্ম শিবিরে অংশ নেবেন দেশের ২৩ জন নবীন ও প্রবীণ শিল্পী। উল্লেখযোগ্য শিল্পীরা হলেন—শাকুর শাহ, আবদুল মান্নান, খালিদ মাহমুদ, মৃণাল হক, প্রশান্ত কুমার, আনিসুজ্জামান, হামিদুজ্জামান প্রমুখ। তাঁরা সাদা ক্যানভাসে তুলির পরশে তুলে ধরবেন সংসদ ভবনের খুঁটিনাটি।ইশরাত আকন বলেন, দেশীয় ও আন্তর্জাতিকভাবে বাংলাদেশের সংস্কৃতি-সৌন্দর্যবোধ তুলে ধরার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।