সংসদের ১৫তম অধিবেশন কাল বসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবম জাতীয় সংসদের ১৫তম অধিবেশন কাল বুধবার বিকেল চারটায় শুরু হচ্ছে। তবে প্রধান বিরোধী দল বিএনপি ও তাদের শরিকেরা এ অধিবেশনে যোগ দিচ্ছে না। সংসদ সচিবালয় সূত্র জানায়, জানুয়ারিতে শীতকালীন অধিবেশন লম্বা সময় নিয়ে অনুষ্ঠিত হবে। সে জন্য এই অধিবেশন সংক্ষিপ্ত হবে। এই অধিবেশন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদন নিয়ে উত্তপ্ত হতে পারে। গত ১৪ অক্টোবর টিআইবি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ১৪৯ জন সাংসদের মধ্যে ৯৭ শতাংশ নেতিবাচক কাজের সঙ্গে জড়িত। টিআইবির এই জরিপ প্রতিবেদনের পদ্ধতিগত দিক নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উত্থাপিত হয়েছে। এদিকে বিএনপির চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, তাঁরা সংসদের এই অধিবেশনে যোগ দিচ্ছেন না। আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তিনি অভিযোগ করেন, সংসদে বিরোধী দলকে কথা বলতে দেওয়া হয় না। গত চার বছরে স্পিকার বিরোধী দলের কোনো মুলতবি প্রস্তাব গ্রহণ করেননি। ১০ কার্যদিবস স্থায়ী সংসদের ১৪তম অধিবেশন শেষ হয়েছিল গত ১৯ সেপ্টেম্বর। বিরোধী দল অনুপস্থিত থাকলেও সেই অধিবেশন হল-মার্ক কেলেঙ্কারি, ডেসটিনি এবং স্পিকারের রুলিং কেন্দ্র করে আদালতের দেওয়া পর্যবেক্ষণ নিয়ে উত্তপ্ত হয়েছিল।