সংসদের ১৬তম অধিবেশন শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব আজ বুধবার সংসদে গৃহীত হয়েছে। চিফ হুইপ আব্দুস শহীদ ধন্যবাদ প্রস্তাব গ্রহণের জন্য উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। এর মধ্য দিয়ে সংসদের ১৬তম অধিবেশন শেষ হয়। সংসদে অনুপস্থিত থাকায় ধন্যবাদ প্রস্তাবের ওপর আনা বিএনপির সংশোধনী প্রস্তাবগুলো উত্থাপিত হয়নি। এ ক্ষেত্রে ১৩ জন সাংসদ এক হাজার ৩০১টি নোটিশ দেন। সংসদ থেকে জানানো হয়, অধিবেশনে মোট ২৫ কার্যদিবসে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব-সম্পর্কিত আলোচনায় ১৯১ জন সাংসদ অংশ নেন। ভাষণের ওপর আলোচনা হয় মোট ৪৬ ঘণ্টা। অধিবেশনে উত্থাপিত ২৪টি বিলের মধ্যে ১৩টি পাস হয়। প্রধানমন্ত্রীর জবাব দেওয়ার জন্য জমা পড়া ২০৩টি প্রশ্নের মধ্যে তিনি ৬৯টি প্রশ্নের জবাব দেন। এ ছাড়া মন্ত্রীরা চার হাজার ১৪৪টি প্রশ্নের মধ্যে দুই হাজার ৪৬৯টি প্রশ্নের জবাব দেন।সমাপনী বক্তব্যে স্পিকার আবদুল হামিদ বলেন, ‘স্বাধীনতার চার দশক পরে হলেও মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু হয়েছে। ইতিমধ্যে কয়েকটি মামলার রায় হয়েছে। মামলার রায়কে কেন্দ্র করে গত কয়েক দিনে দেশব্যাপী বেশ কিছু অপ্রীতিকর ও সহিংস ঘটনা ঘটেছে, যা কাম্য নয়। কারণ আইন তার নিজস্ব গতিতে চলবে।’ তিনি আরও বলেন, ‘কুসংস্কার, অন্ধবিশ্বাস ও অপব্যাখ্যার কারণে জনগণ যাতে বিভ্রান্ত না হয়, সে লক্ষ্যে সকলকে সজাগ থাকার পাশাপাশি তৃণমূল পর্যায়ে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে কোনো পক্ষ যাতে ফায়দা লুটতে না পারে এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয় উন্নয়নকে বাধাগ্রস্ত করতে না পারে, সে লক্ষ্যেও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।’ আজ শেষ দিনের রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব-সম্পর্কিত আলোচনায় সরকারি দলের জ্যেষ্ঠ সাংসদ তোফায়েল আহমেদ বলেন, ‘জামায়াত-শিবির মাঠে নেমেছে মুক্তিযুদ্ধের প্রতিশোধ নিতে। তারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়। খালেদা জিয়া জামায়াত-শিবিরকে নিয়ে সরকার পরিবর্তন করতে চায়। এটাই তাদের ষড়যন্ত্র।’ জামায়াত-শিবিরের তাণ্ডব ও নাশকতার বিরুদ্ধে জাতীয় ঐকমত্য তৈরির আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘জামায়াতকে না ছাড়লে খালেদা জিয়াকে রাজনৈতিক ময়দান থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিতে হবে। জামায়াতকে নিষিদ্ধ করতে সব সংসদ সদস্যদের এককাট্টা হয়ে সিদ্ধান্ত নিতে হবে। কারণ, জামায়াতকে নিষিদ্ধ করার সময় চলে এসেছে।’ রাষ্ট্রপতির ভাষণের ওপর আরও আলোচনা করেন আমির হোসেন আমু, রেলপথ মন্ত্রী মুজিবুল হক, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, হুইপ সাগুফতা ইয়াসমিন, খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।সবশেষে স্পিকার আবদুল হামিদ অধিবেশনের সমাপ্তি-সংক্রান্ত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের ঘোষণা পড়ে শোনান।