সংসার তখন গানের আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবার কোলে বসেই কীর্তনের আসর অসম্ভব ভালো লেগে যায়। আজ থেকে ৫০ বছর আগে মাত্র পাঁচ বছর বয়সে রামযাত্রায় অভিনয়ের মাধ্যমে হাতেখড়ি হয়। পরে কিশোর বয়সে হাতেখড়ি হয় হরিণাম সংকীর্তনের। বাবার গড়া ‘মঞ্জুশ্রী সমপ্রদায়’ নামের কীর্তনের দলটি এখন পরিচালনা করছি আমার বোন মঞ্জুশ্রী সরকারকে নিয়ে। বাবা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ডুমুরিয়া গ্রামের বিজয়কৃষ্ণ ভাবুক। তিনি ছিলেন কবিয়াল বিজয় সরকারে শিষ্য। তিনি তাঁর বড় মেয়ে মঞ্জুশ্রীর নামে গড়ে তোলেন কীর্তনের দল। বাবার দলেই দুই বোন গান করেছি।দুই বোনের বিয়ে হয় দুই জেলায়। বড় বোনের বিয়ে হয় বরিশালের বানারীপাড়ার আটঘর-কুড়িয়ানা গ্রামের। তাঁর স্বামী হরেন্দ্রনাথ সরকার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। এখন অবসর জীবনযাপন করছেন। আমার বিয়ে হয় মাদারীপুর জেলার সদর থানার কেন্দুয়া ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে। আমার স্বামী প্রফুল্ল কুমার সরকার এই দলের এখন মূল পরিচালক।ভগবানকে আরাধনা করা, প্রার্থনা করার একমাত্র মুখ্য পথই এই হরিণাম সংকীর্তন। আমরা একে ধর্মানুভূতিতেই মানি। তাই এর সঙ্গে মন-প্রাণ বেঁধে দেশের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছি।পয়লা কার্তিক থেকে ৩০ জ্যৈষ্ঠ পর্যন্ত বছরের এই আট মাস কীর্তনের দলের বিভিন্ন স্থানে থাকে। বর্ষা মৌসুমে ঝড়-বৃষ্টির জন্য কীর্তনের আসর তেমন একটা সম্ভব হয় না। তাই এই সময়টা বিশ্রামের। যদি কোনো পাকা মন্দিরের বড় ছাউনির নিচে আয়োজন করা হয় তবে অল্প-বিস্তর আসরের আয়োজন করা হয়ে থাকে।অনেক পুরস্কার পেয়েছি। অনেকে কীর্তন আয়োজকদের কাছ থেকে স্বর্ণের মেডেলও পেয়েছি। আর পেয়েছি অসংখ্য মানুষের ভালোবাসা। ১০টি ক্যাসেট বের হয়েছে কীর্তন ও কীর্তনভিত্তিক গানের।একদিন ভোর ছয়টা থেকে পরের দিন ভোর ছয়টা পর্যন্ত বিরতিহীন চলে এই তারকব্রহ্ম হরিণাম সংকীর্তন। একদিনে চার প্রহর। কোনো অনুষ্ঠান হয় অষ্টপ্রহরব্যাপী, কোনো অনুষ্ঠান ২৪ প্রহরব্যাপীও। হিন্দু ধর্মাবলম্বীরা এই কীর্তনকে প্রার্থনা হিসেবেই নেয়। আজ দেশে-বিদেশে আন্তর্জাতিকভাবেও এর প্রসার বাড়ছে। মানুষের মধ্যে ভালোবাসা তৈরি হচ্ছে। এরই ধারাবাহিকতায় সুদীর্ঘ ৪৫ বছর ধরেই বাংলাদেশে গান গেয়ে বেড়াচ্ছি।একটি কীর্তনের দলে ১২ থেকে ১৩ জন লোক থাকে। দলে যারা থাকে, তাদের সবার রুটিরুজির একমাত্র উপায় এই কীর্তন। দলের সবাইকে উপযুক্ত পারিশ্রমিক দেওয়ার পরে যা থাকে, তা-ই দুই বোনের একমাত্র অবলম্বন। খোল, বেহালা, দুটি জুড়ি, দোতারা বাজিয়ে কীর্তন করে। আর্থিক অবস্থা নির্ভর করে আয়োজকদের সাধ্যের ওপর। একেকটি আয়োজনে ৮ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত পায় একটি কীর্তন দল। দলের সবাই এই অর্থ পারিশ্রমিক অনুযায়ী ভাগ করে নেয়। কীর্তনের সঙ্গে যাঁরা জড়িত, তাঁরা যত দিন আসরে অংশ নিতে পারেন তত দিনই তাঁদের আয়। যখন বয়স বাড়ে। পরিশ্রম করা সম্ভব হয় না তখন তাঁদের দুর্দশা কেউ দেখে না। তাই এ ক্ষেত্রে ধর্মীয় ও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার কোনো বিকল্প নেই। দেশে সাড়ে চার শর বেশি কীর্তনিয়া দল আছে। এর মধ্যে কিছু দল আছে দেশব্যাপী আলোচিত। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে হিন্দু ধর্মাবলম্বীদের এই কৃষ্টি হারিয়ে যাবে। এ ক্ষেত্রে ধর্মীয় ও সরকারিভাবেই এগিয়ে আসা উচিত। বর্তমানে মঞ্জুশ্রী সম্প্রদায় পরিচালনা করছেন আমার স্বামী প্রফুল্ল কুমার সরকার। দুই ছেলে, এক মেয়ে ও স্বামীকে নিয়ে গ্রামের বাড়িতেই বাস করি। ছেলে প্রদীপ কুমার সরকার মাদারীপুরের কেন্দুয়া ইউনিয়নের বাহাদুর উচ্চবিদ্যালয়ে শিক্ষকতা করেন। সারা দেশে আমাদের দুই বোনের নামডাক শুনে আমাদের ছেলেমেয়েরাও গর্ববোধ করে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে বায়না করার জন্য মানুষ ছুটে আসে আমাদের বাড়িতে। পাড়া-প্রতিবেশীরাও এতে গর্ব করে। বছরের আট মাস বাড়ির বাইরে থাকলেও ছেলেমেয়েদের কোনো আক্ষেপ নেই।এক নাগাড়ে চার-পাঁচ মাসও থাকতে হয় বাড়ির বাইরে। এর জন্য ছেলেমেয়েদের মনে কোনো দুঃখ নেই। এখন টেলিফোনের যুগ, প্রতিদিন খবর নেওয়া যায়। একসময় তা ছিল না। ছোট ছেলেমেয়েদের রেখেও গান গেয়ে বেড়িয়েছি। কেবল রোজগারের আশায় তা কিন্তু নয়। এর সঙ্গে মানুষের প্রতি ভালোবাসা আছে। সৃষ্টিকর্তার গুণকীর্তনে পুণ্য আছে। যখন ভাবি আমাদের গান শোনার জন্য হাজার হাজার মানুষ আসবে, তখন আর ঘরে বসে থাকতে পারি না। ভক্তদের টানে ছুটে যাই। গানের আসরই মনে হয় আমার সংসার। এ কথা ঠিক যে আমরা যে গান করি, তাতে হিন্দুধর্মের সাধন-ভজনের কথা থাকে। হিন্দু ধর্মাবলম্বীরা এই কীর্তনিয়া পেশাকে খুব সম্মানের চোখে দেখে থাকে। বাংলাদেশের গ্রামাঞ্চলের যেসব হিন্দু সম্প্রদায় বাস করে, তারা আমাদের দলের নাম এবং দুই বোনের নাম জানে। এটা আমাদের গর্ব। আমরা আমাদের মা-বাবার জন্য খুবই সৌভাগ্যবান মনে করি নিজেদের। তাঁরাই আমাদের দুই বোনকে সংগীতের পথে উৎসর্গ করেছেন।আমরা সারা বছরই বিভিন্ন এলাকায় যাই। হাজার হাজার, লাখ লাখ মানুষ দেখি অনুষ্ঠানে। মহেষখালী দ্বীপে সাগরের মধ্যে যে মন্দির, যেখানে অনুষ্ঠান করেছি। কী যে অনুভূতি হয়েছে, তা ভাষায় প্রকাশ করতে পারব না। কক্সবাজার এলাকার বিভিন্ন মন্দিরে অনুষ্ঠান করেছি।সারা বাংলার একেক জায়গায় একেক রকম অবস্থা। রাজশাহী, নাটোরের জয় কালীবাড়ি, রাজারবাড়িতে অনুষ্ঠান করেছি। সেখানকার আয়োজন এক রকম। এ বছর মাদারীপুর, বাগেরহাট ও নড়াইলে গান করেছি।আমাদের ধর্মানুষ্ঠানে আমরা শ্যামাপূজা করি। নলুয়া চট্টগ্রামে। যেখানে মা মাটির নিচ থেকে নিজে উঠেছে বলে স্থানীয় মানুষেরা বিশ্বাস করে। কষ্টিপাথরের মূর্তি মায়ের সামনে ধূমধাম করে পূজা হচ্ছে। হাজার হাজার মানুষ আসছে। মেদিনী বাবুর বাড়ি, বিরাট অনুষ্ঠান হয়। লাখ লাখ মানুষ আসে দেশের বিভন্ন এলাকা থেকে।বৈষ্ণবসভা, ব্রাহ্মণ, কাপড়চোপড় দান, কত কিছু, কত আয়োজন! আমরা খুব আনন্দের মাঝারে আছি। এই কীর্তন করতে করতে যদি জীবনের শেষও হয়ে যায় তাতেও আমাদের কোনো দুঃখ নেই। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে কষ্ট হয়। কিন্তু যখন হরিণাম নিয়ে আমরা লাখ লাখ মানুষের মধ্যে যাই, তখন সেই কষ্ট আমরা ভুলে যাই। আমার বড় দিদি মঞ্জুশ্রীর নামে আমাদের দল। কোনো আসরে যখন লাখ লাখ মানুষ বলে আমরা মঞ্জুশ্রীর দুই বোনের গান শুনতে চাই। তাঁদের নামযপের সময় কখন, তখন কী যে আনন্দ লাগে! এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। সব কষ্ট তখন ভুলে যাই।আমার বাবা আমাদের অনেক কষ্ট করে গান শিখিয়েছেন, কীর্তন শিখিয়েছেন। পাকিস্তান আমলে মেয়েরা খুব বেশি স্বাধীনতা নিয়ে চলাফেরা করতে পারেনি। এমন বৈরী পরিবেশে বাবার উৎসাহেই আমাদের এই পথে আসা। দুই বোনের বিয়ের আগে এলাকায় ও আশপাশের জেলায় অনুষ্ঠান করেছি। আমাদের দুই বোনের বিয়ের পর পাঁচ-ছয় বছর অনুষ্ঠান বন্ধ ছিল। সন্তানাদি হওয়ার পরে শ্বশুরবাড়ির লোকজনের উৎসাহে স্বাধীনতার পরে পূর্ণ উৎসাহ নিয়ে আমরা আরও সংগঠিতভাবে দল গঠন করি। সেই থেকে অনবরত পথচলা শুরু হয়েছে। এখন ঠাকুরের নামেই সারা দেশে ঘুরছি। আমাদের এই নামের মধ্যে কোনো কষ্ট নেই। ’৭৪-এ স্থায়ীভাবে দল গঠন করে পথে নেমেছি। আমরা এখনো হরিনামের কীর্তনের পথেই আছি।আমার দিদি মঞ্জুশ্রী কোটালীপাড়া বাবার বাড়িতেই স্থায়ী বাসস্থান গড়েছেন। তাঁর দুই ছেলে বাবুল সরকার ও অনিরুদ্ধ সরকার। মেয়ের নাম বিনীতা বিশ্বাস।৬ এপ্রিল কীর্তনের দলটি ছিল বাগেরহাট জেলায়। পরের দিন ৭ এপ্রিল বাগেরহাট ছেড়ে আমরা চলে আসি নড়াইলে। এখানে তাদের জন্য বড় আয়োজন। আগামী চৈত্রসংক্রান্তির দিনে আমরা কীর্তনের দল নিয়ে দেশের বাড়িতে ফিরব। বাঙালি জীবনের উৎসবমুখর পয়লা বৈশাখে আমরা মাদারীপুর ও গোপালগঞ্জে থাকব পরিবার-পরিজনের সঙ্গে।অনুলিখন: জহিরুল ইসলাম খান