সংসার বাঁচাতে চেয়েছিলেন মার্ক অ্যান্থনি!
দীর্ঘ সাত বছর সংসার করার পর ২০১১ সালের জুলাইয়ে বিচ্ছেদের পথে হাঁটার ঘোষণা দেন মার্কিন গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ এবং লাতিন পপ গায়ক মার্ক অ্যান্থনি। কিন্তু সম্প্রতি জানা গেছে, সিদ্ধান্ত নেওয়ার পরও সংসার বাঁচানোর সব রকম চেষ্টাই করেছিলেন অ্যান্থনি। বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়ার কয়েক সপ্তাহ বাদে লোপেজের কাছে ছুটে গিয়েছিলেন অ্যান্থনি। জানতে চেয়েছিলেন, সত্যিই লোপেজ তাঁদের দাম্পত্য জীবনের ইতি টানতে চান কি না, জবাবে নতুন প্রেমিক ক্যাসপার স্মার্টকে পাগলের মতো ভালোবাসেন বলে জানিয়েছিলেন লোপেজ। কেবল এর পরই ডিভোর্সের আবেদন করার চূড়ান্ত সিদ্ধান্ত নেন অ্যান্থনি। নয় মাস পর অবশেষে চলতি বছরের ৯ এপ্রিল বিচ্ছেদের আবেদন করেছেন মার্ক অ্যান্থনি। ‘এমন কঠিন সিদ্ধান্ত নিতে মোটেও চাননি অ্যান্থনি। লোপেজকে তিনি খুবই ভালোবাসেন এবং তাঁর সঙ্গেই ঘর করতে চেয়েছিলেন। লোপেজের সঙ্গে বিয়ে বাঁচানোর সব রকম চেষ্টাই তিনি করেছেন। তিনি সংসার বাঁচানোর জন্য আরেকটি সুযোগ চেয়েছিলেন লোপেজের কাছে। কিন্তু সে সুযোগ দেওয়া হয়নি অ্যান্থনিকে। এতে প্রচণ্ড আহত হয়ে বিচ্ছেদের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন তিনি।’ অ্যান্থনির ঘনিষ্ঠ সূত্রের বরাতে এমনটিই জানিয়েছে টিএমজি।উল্লেখ্য, ২০০৪ সালের ৫ জুন বিয়ের পিঁড়িতে বসেছিলেন লোপেজ-অ্যান্থনি। ২০০৮ সালের ২২ ফেব্রুয়ারি যমজ সন্তান এমি ম্যারিবেল ও ম্যাক্সিমিলান ডেভিডের বাবা-মা হন তাঁরা।