সংসার ভাঙছে মনীষার!
বিয়ের মাস ছয়েক পর বলিউডের অভিনেত্রী মনীষা কৈরালার সংসারে ভাঙনের কথা রটেছিল। বিষয়টি কিছুটা স্পষ্ট হয়, সে সময়ে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে মনীষার দেওয়া তথ্যের ভিত্তিতে। সেখানে আলাদা থাকার ব্যাপারে নিজের ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন তিনি। অবশেষে মনীষা কৈরালার সেই চাওয়াই এবার সত্য হতে যাচ্ছে। সম্প্রতি চূড়ান্তভাবে আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। স্বামী সম্রাট দাহালের কাছ থেকে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর নিজেকে আবারও বলিউডের রুপালি পর্দায় ব্যস্ত রাখার কথা ভাবছেন মনীষা।জানা গেছে, বিয়ের পর থেকেই সম্রাট দাহালের সঙ্গে মনীষার নানা ধরনের সমস্যা হচ্ছিল। সম্প্রতি তাঁর কাছের কয়েকজন বন্ধুবান্ধবকে নিয়ে নিজ বাসভবনে এক ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করেন মনীষা। সেখানেই আলাদা থাকার ব্যাপারটি বন্ধুবান্ধবদের চূড়ান্তভাবে জানিয়ে দেন মনীষা। এদিকে স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর বলিউডের একসময়ের সাড়াজাগানো এই অভিনেত্রী আবারও বড় পর্দায় ফেরার কথা ভাবছেন বলে জানা গেছে।সম্রাট দাহালের সঙ্গে এক বছর প্রেমের পর ২০১০ সালের জুনে বিবাহবন্ধনে আবদ্ধ হন মনীষা। কাঠমান্ডুর গোকর্ন ফরেস্ট রিসোর্টে অনুষ্ঠিত মনীষা-দাহালের সে বিয়েতে নেপাল ও ভারতের বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন। তবে সে সময় তাঁর বিয়েতে গণমাধ্যমকে আমন্ত্রণ জানানো হয়নি।মনীষা কৈরালা নেপালের প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী গিরিজাপ্রসাদ কৈরালার নাতনি।