জয়া ও দিনার একই সঙ্গে পড়াশোনা করেছেন। অনেক দিন পর জয়া এসেছেন দিনারের বাসায়। ঢাকা শহরে জয়ার নিজস্ব ফ্ল্যাট রয়েছে। কিন্তু দিনার ও তাঁর স্ত্রী চুমকির অনুরোধে জয়া তাঁদের বাসায় থেকে যান। কিছুদিন পর দিনার ও জয়াকে ঘিরে চুমকির মনে কিছু প্রশ্ন তৈরি হয়। শেষ পর্যন্ত নিজের ফ্ল্যাটে চলে যেতে বাধ্য হন জয়া। এরপর ঘটে একটি হত্যাকাণ্ড। সন্দেহের চোখ এখন অনেকের দিকে। এভাবেই পথ গেছে বেঁকে ধারাবাহিকের গল্প নিয়ে বললেন ফারজানা চুমকি। আজকের কথোপকথন তাঁর সঙ্গে।হত্যাকাণ্ডের ব্যাপারটা একটু খুলে বলুন তো?না, এটা নাটকটির বড় চমক। এখনই বলা ঠিক হবে না। আর আমার মনে হয়, নাটকটির শেষ অংশের শুটিং হয়তো এখনো বাকি আছে। এটা নাট্যকার ও পরিচালক অনিমেষ আইচ ভালো বলতে পারবেন।একসময় তো আপনি অভিনয় নিয়ে খুব ব্যস্ত ছিলেন। হঠাৎ কাজ কমিয়ে দিলেন কেন?এখানে আমার ছেলে ফারশাদ একটি বড় কারণ। ওর বয়স এখন পাঁচ। মাস্টারমাইন্ড স্কুলে পড়ছে। ওকে অনেকটা সময় দিতে হচ্ছে। সংসার দেখতে হয়। তার ফাঁকে কিছু নাটক করছি। আমার স্বামী মীর সাব্বির তো নাটক নিয়েই বেশি ব্যস্ত। আমিও চাই না, ও বাসা নিয়ে ভাবুক। তাই খুব ভালো কোনো কাজ পেলে তবেই আমার করা হয়। নতুন কোনো কাজ করছেন?হ্যাঁ, মুরাদ পারভেজ নতুন ধারাবাহিক তৈরি করছেন। নাম অন্ধ তিরন্দাজ। উত্তরাতে কাজ হচ্ছে। এখানে আমি অভিনয় করছি। আজ (রোববার) এখানে আসার আগে বাসায় আমার এক বোনকে ফারশাদের কাছে রেখে এসেছি।মীর সাব্বির তো নিজেও নাটক পরিচালনা করছেন। তাঁর কোনো নাটকেই আপনাকে দেখা যায়নি।ওর একটা বড় ধারাবাহিক প্রচারিত হয়েছে, মকবুল। সাতটা এক ঘণ্টার নাটক করেছে। ঠিকই বলেছেন, কোনোটাতেই আমার কাজ করা হয়নি। ও কিন্তু বলেছে। আমারই ইচ্ছা হয়নি। কে কী বলবে, এসব ভেবে আর করিনি।