রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, প্রতিশ্রুতি অনুযায়ী সংস্কারকাজ শুরু করুন। আর তা করতে ব্যর্থ হলে ক্ষমতা ছেড়ে দিন। বিবিসি অনলাইনের খবরে এ কথা বলা হয়েছে।মেদভেদেভ বলেন, তবে ইউরোপের কয়েকটি দেশ একত্র হয়ে বা এককভাবে ন্যাটো নয়, সিরিয়ার জনগণ ও নেতাদের সর্বসম্মত সিদ্ধান্তের মাধ্যমেই সিদ্ধান্ত নিতে হবে।বাশারের উদ্দেশে মেদভেদেভ বলেন, সিরিয়ার নেতারা সংস্কারে ব্যর্থ হলে তাঁকে চলে যেতে হবে।প্রেসিডেন্ট বাশার আল আসাদের পদত্যাগের দাবিতে দেশটিতে কয়েক মাস ধরে আন্দোলন চলছে। প্রথম থেকেই বিক্ষোভকারীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করে আসছেন আসাদ। জাতিসংঘের হিসাবমতে, সরকারবিরোধী বিক্ষোভে দেশটিতে এ পর্যন্ত প্রায় তিন হাজার মানুষ নিহত হয়েছে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমারা বিক্ষোভকারীদের ওপর সিরিয়া সরকারের শক্তি প্রদর্শনের তীব্র সমালোচনা এবং হত্যাযজ্ঞ বন্ধ করার আহ্বান জানালেও তা তোয়াক্কা করছেন না আসাদ।