সংস্কার চললে সাহায্য বাড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষতার সঙ্গে সাহায্য ব্যবহারে বেশ কিছু নীতি ও প্রাতিষ্ঠানিক সংস্কারের তাগিদ দেওয়ার মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার শেষ হয়েছে দুই দিনব্যাপী উন্নয়ন ফোরামের বৈঠক। বৈঠকে দাতারা বাংলাদেশকে সব ধরনের সাহায্য-সহযোগিতা অব্যাহত রাখারও আশ্বাস দিয়েছেন। দাতারা বৈঠকে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করা জরুরি বলে অভিমত দিয়েছেন। তাঁরা আরও বলেছেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, সংসদীয় স্থায়ী কমিটিসহ সব মৌলিক গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে হবে। বৈঠকে অনেকগুলো বিষয়ে আগামী দিনে বাংলাদেশকে বাড়তি সাহায্য-সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন উন্নয়ন-সহযোগীরা। পাশাপাশি আর্থিক ও কারিগরি সহযোগিতা হিসেবে এযাবত্কাল তাঁরা যা দিয়ে আসছেন, তাও অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন তাঁরা। বাংলাদেশ উন্নয়ন ফোরামের (বিডিএফ) এ বৈঠক শেষে গতকাল বৈঠকের সার্বিক বিষয় তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব এম মোশাররফ হোসেন ভূঁইয়া এবং যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন বিভাগের (ডিএফআইডি) কান্ট্রি ডিরেক্টর ক্রিস অস্টিন এ সময় উপস্থিত ছিলেন। বৈঠকে ছয়টি অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে ৩২টি উন্নয়ন-সহযোগী ও সহায়তাকারী দেশের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকে সংশোধিত দ্বিতীয় দারিদ্র্য নিরসন কৌশলপত্র (পিআরএসপি) উন্নয়ন-সহযোগীদের কাছে উপস্থাপন করা হয়েছে। বলা হয়েছে, এটি একটি প্লাটফর্ম। সাহায্য-সহযোগিতা যা-ই করা হোক না কেন, এখন থেকে যেন এর সঙ্গে মিলিয়ে করা হয়। ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার কথাও জানানো হয়েছে তাঁদের। অর্থমন্ত্রী বলেন, ‘আমি মনে করি এই প্রস্তাব গ্রহণ করেছেন তাঁরা, সে কারণেই সহযোগিতা বাড়াবেন বলে জানিয়েছেন। তবে বাংলাদেশকে তার নিজের জন্যই কয়েকটি খাতে অধিকতর গুরুত্ব দেওয়ার কথা বলেছেন তাঁরা। এগুলো হচ্ছে: রাজস্ব আদায়ের হার বাড়ানো, স্থানীয় সরকারকে শক্তিশালী করা, বিদ্যুত্ ও জ্বালানি তেলের দাম সমন্বয় করা, সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) বাস্তবায়ন, যোগাযোগব্যবস্থার উন্নয়ন ইত্যাদি। অর্থমন্ত্রী বলেন, ‘সাড়ে চার বছর পর বিডিএফের বৈঠক ডাকা হয়েছে। এমন একটা সময় এটি হলো, যখন সরকারের এক বছরের অভিজ্ঞতা হয়ে গেছে। অর্থাত্ এক বছরে আমরা কতটুকু কী করলাম তা নিয়ে যাতে আলোচনা করা যায়, ওই ব্যাপারটি বিবেচনায় নিয়েই এ সময় বৈঠকের আয়োজন।’এখন থেকে বিডিএফ বৈঠক চার-পাঁচ বছর পর পর অনুষ্ঠিত হবে না বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, উন্নয়ন-সহযোগীরা অবশ্য প্রতিবছরই বসতে রাজি, তবে প্রতিবছর না হলেও এ বৈঠক ঘন ঘন হবে। স্থানীয় পরামর্শক দলের (এলসিজি) সঙ্গে বৈঠকের সংখ্যাও এখন থেকে বাড়ানো হবে। ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা উপলক্ষে আগামী বছরের মাঝামাঝি আরেকটি বিডিএফ বৈঠক ডাকা হবে বলে জানান তিনি। অর্থমন্ত্রী বলেন, এত ব্যাপক অংশগ্রহণ এর আগে কোনো বৈঠকে হয়নি। উন্নয়ন-সহযোগীরা অবশ্যই এ জন্য কৃতিত্বের দাবিদার। তবে বাংলাদেশও বৈঠকটিকে ভিন্নভাবে সাজিয়েছে। প্রথমবারের মতো এবার বেসরকারি খাত ও বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার (এনজিও) প্রতিনিধিরাও বৈঠকে অংশীদার ছিলেন। মুহিত জানান, বৈঠকে বাংলাদেশের সঙ্গে ১৯টি উন্নয়ন-সহযোগীর একটি যৌথ কৌশলগত সহযোগিতা (জেএসসি) তৈরি করা হয়েছে। বিষয়টি নিয়ে তাঁদের সঙ্গে আবারও বসা হবে। আগামী জুনের মধ্যেই জেএসসি চুক্তি আকারে রূপ নেবে বলে অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন। অর্থমন্ত্রী জানান, জেএসসিকে মানদণ্ড বিবেচনা করে এরপর তৈরি করা হবে যৌথ কার্যসূচি। অর্থমন্ত্রী আরও বলেন, ‘রাজস্ব আদায়ে বড় ধরনের দুর্বলতার কথা জানিয়েছেন উন্নয়ন-সহযোগীরা। আমরাও বিষয়টির সঙ্গে একমত। আর উন্নয়ন কার্যক্রম বেগবান করতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার পরামর্শ দেন তাঁরা। তাঁরা বলেছেন, পিপিপির বাস্তবায়ন তত ভালো নয়। তবে অগ্রসর হতে চাইলে বাংলাদেশের পাশে থাকবে তাঁরা।’অর্থমন্ত্রী জানান, ২০১৩ সালের মধ্যে সাত হাজার মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদনে ৬৫ হাজার কোটি টাকা লাগবে। এ অর্থের জোগান আসবে সরকার, উন্নয়ন-সহযোগী ও বেসরকারি খাত থেকে।বৈঠকে উন্নয়ন-সহযোগীরা বলেছেন, এ ব্যাপারে বেসরকারি ও বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে হলে দাম সমন্বয় করতে হবে। শুধু বিদ্যুত্ নয়, সমন্বয় করতে হবে গ্যাসের দামও। অর্থাত্ বিদ্যুত্ ও গ্যাসের মূল্য এমনভাবে নির্ধারণ করতে হবে যে এ খাতে বিনিয়োগে যাতে উত্সাহী হন তাঁরা। তবে এ সমন্বয়ের সঙ্গে গরিবদের সেবা পাওয়ার ব্যাপারে ভারসাম্য তৈরি করতে হবে বলে মনে করেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী জানান, খাদ্যনিরাপত্তা ও পুষ্টির ব্যাপারে তাঁদের সঙ্গে মতৈক্য হয়েছে; চুক্তি হয়েছে বহুমুখী যোগাযোগ নীতি (মাল্টিপল ট্রান্সপোর্ট পলিসি) বিষয়ে। সড়ক, রেল, নৌ ও বিমান-যোগাযোগের এ চার খাতেই জোর দিতে বলেন উন্নয়ন-সহযোগীরা। এ ক্ষেত্রেও বিনিয়োগকারী হবে ওই তিন দল—সরকার, বেসরকারি খাত ও উন্নয়ন-সহযোগীরা। অর্থমন্ত্রী বলেন, ‘জলবায়ু পরিবর্তন বাংলাদেশের জন্য জীবন্ত এক বিষয়। এর প্রভাবে আমরা ক্ষতিগ্রস্ত। এ ব্যাপারে বৈশ্বিক পর্যায়ে জোরগলায় কথা বলে এসেছে বাংলাদেশ।’ তিনি বলেন, ‘মাল্টি ডোনার ট্রাস্ট ফান্ডের (এমডিটিএফ) কর্তৃত্ব বাংলাদেশের হাতেই থাকবে। তবে তারা নির্বাচন করেছে বিশ্বব্যাংককে। আমাদের কর্তৃত্ব ও বিশ্বব্যাংকের সহায়তা কীভাবে করা যায়, সেটাই দেখতে হবে।’সব দিক থেকেই বিডিএফ বৈঠক সফল হওয়ার কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘আমরা যে কর দিই, তা যথেষ্ট নয়। করের হার ও আওতা বাড়ানোর কথা উঠলেই স্বার্থান্বেষীরা এ বিরোধিতা করে।’ পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার বলেন, ‘বৈঠকে উন্নয়ন-সহযোগীরা দুর্নীতির কথা বলেছেন। এটা মেনে নিতেই হবে। তবে এই দুর্নীতি কমিয়ে আনতে হবে। তখনই সত্যিকার শান্তির দেশে পরিণত হবে বাংলাদেশ।’ তিনি জানান, পরিকল্পনা মন্ত্রণালয়ের বিষয়ে তাঁরা বলেছেন, উন্নয়ন কার্যক্রমে গতি আনতে একটি প্রকল্পকে প্রকল্প হিসেবে ভাবার পরিবর্তে বরং খাত হিসেবে ভাবতে হবে। এতে ভালো ফল পাওয়া যাবে।