সংস্কার প্রকল্পের নামে শুধু সাজসজ্জা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরা থানা থেকে আপন মনে বকতে বকতে বের হয়ে যাচ্ছিলেন স্কুলশিক্ষক শাহীন মাহমুদ। ক্ষুব্ধ হওয়ার কারণ জানতে চাইলে তিনি বললেন, ১২ নম্বর সেক্টরে তিনি ছিনতাইকারীর কবলে পড়েছিলেন। থানায় আসার পর দারোগা বলছেন, মামলা না করে জিডি করেন, মামলা করলে আদালতে সাক্ষ্য দিতে যেতে হবে। দারোগার কথায় বিরক্ত হয়ে তরুণ এই শিক্ষক থানার নামফলকের দিকে তাকিয়ে বললেন, ‘লিখে রেখেছে মডেল থানা। কী আমার মডেল থানা!’পুলিশের সংস্কার প্রকল্পের অধীনে দেশের ১৭টি মডেল থানার একটি উত্তরা। পুলিশকে জনবান্ধব করতে দাতাদের অর্থে পাঁচ বছর আগে এই মডেল থানা করা হয়েছিল। কিন্তু থানার নামের সঙ্গে মডেল শব্দটি যুক্ত হলেও সেবার মান বাড়েনি এতটুকু। ওই থানার কর্তব্যরত কর্মকর্তার দায়িত্বে থাকা উপপরিদর্শক এস এম আব্বাস আলী নিজেও তা স্বীকার করলেন। বললেন, বসার জায়গা করা ছাড়া মডেল থানার আর কোনো বিশেষ বৈশিষ্ট্য নেই।সাধারণ মানুষের অভিযোগ, পুলিশ সংস্কার প্রকল্পের মাধ্যমে পুলিশের সাজসজ্জা কিছুটা বেড়েছে। প্রশিক্ষণের নামে কর্মকর্তারা ঘন ঘন বিদেশে যেতে পারছেন, যানবাহনও বেড়েছে কিছু। কিন্তু বাড়েনি পুলিশি সেবার মান। সাধারণ মানুষের কাছে মডেল থানা আর সাধারণ থানার সেবার কোনো পার্থক্য নেই।পুলিশ সংস্কার প্রকল্পের পরিচালক মোখলেসুর রহমান অবশ্য এসব অভিযোগ স্বীকার করেন না। তিনি বলেন, মডেল থানা পুলিশি সেবার ক্ষেত্রে মানদণ্ড তৈরি করেছে। এ ব্যবস্থা মানুষ ভালোভাবে গ্রহণও করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এ ব্যবস্থা ভূমিকা রাখছে।প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রকল্পের উল্লেখযোগ্য কয়েকটি কাজ আটকে আছে আমলাতান্ত্রিক জটিলতার কারণে। এর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো: ১৮৬১ সালের পুলিশ আইন সংস্কার, সাক্ষ্য আইন সংস্কার, অপরাধ চিহ্ন শনাক্তকরণ আইন সংস্কার এবং ফরেনসিক আইনের সংস্কার। বছরের পর বছর এসব প্রস্তাব মন্ত্রণালয়ে পড়ে আছে। কিন্তু কেউ কিছুই বলছে না।পুলিশ বাহিনীর আধুনিকায়নে ২০০৫ সালে শুরু হয় পুলিশ সংস্কার প্রকল্প। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি, ডিএফআইডি ও ইউরোপীয় ইউনিয়ন (ইসি) এতে সহায়তা করে। প্রথম পর্বের প্রকল্পের মেয়াদ শেষ হয় ২০০৯ সালে। এতে ব্যয় হয় ১৩৩ কোটি ৬০ লাখ টাকা। দ্বিতীয় পর্বের প্রকল্প শুরু হয়েছে ২০০৯ থেকে, শেষ হবে ২০১৪ সালে। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২৩২ কোটি ৮০ লাখ টাকা। প্রকল্পের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্যে দেখা গেছে, পুলিশ সংস্কার প্রকল্প এ পর্যন্ত যেসব কাজ করেছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো: মডেল থানা, কমিউনিটি পুলিশিং, ভিকটিম সাপোর্ট সেন্টার, আইন সংস্কারের সহায়তা, নারী পুলিশ নেটওয়ার্ক তৈরিতে সহায়তা, প্রশিক্ষণ, পুলিশ প্রশিক্ষণের জন্য পাঠ্যক্রম তৈরি, ট্যুরিস্ট পুলিশ তৈরি ও পুলিশের জন্য যানবাহন দেওয়া।প্রকল্প সূত্র জানায়, এ পর্যন্ত পুলিশ সংস্কার প্রকল্পের মাধ্যমে ১০ হাজার ২১২ জন পুলিশ সদস্য নানাভাবে দেশের ভেতরে প্রশিক্ষণ পেয়েছেন। দেশের বাইরে প্রশিক্ষণ পেয়েছেন ১৪৬ জন। তবে বিদেশে প্রশিক্ষণ নিয়ে নানা অভিযোগ আছে পুলিশ কর্মকর্তাদের ভেতরে। তাঁদের অভিযোগ, বিশেষজ্ঞদের এসব প্রশিক্ষণে পাঠানোর কথা থাকলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারাই এসব প্রশিক্ষণের জন্য বিদেশ ভ্রমণ করেছেন। প্রকল্পের এক নারী কর্মকর্তার কথা উল্লেখ করে একজন কর্মকর্তা বলেন, বিশেষজ্ঞ না হওয়ার পরও ওই নারী কর্মকর্তাকে ঘুরেফিরে একাধিক প্রশিক্ষণে পাঠানো হয়েছে।আইন সংস্কার: দেশের পুলিশ বাহিনী চলছে ১৮৬১ সালের পুরোনো আইন দিয়ে। পুলিশকে যুগোপযোগী করতে একটি নতুন আইন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল তিন বছর আগে। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) এ এস এম শাহজাহানের নেতৃত্বে একটি কমিটি এ খসড়া তৈরি করে মন্ত্রণালয়ে জমা দেয়।বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এ আইনটির ব্যাপারে সাধারণ মানুষের মতামত নিতে পুলিশকে বলা হয়। তা ছাড়া এ মতামত ‘অর্থবহ’ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে প্রধান করে একটি পরামর্শ কমিটি গঠন করা হয়। তবে পুলিশ প্রশাসন প্রস্তাবিত অধ্যাদেশের ব্যাপারে দেশের ৬৭ হাজারের বেশি মানুষের অভিমত সংগ্রহ করে।প্রস্তাবিত আইনে পুলিশকে সেবা প্রদানকারী সংগঠনে পরিণত করা হয়েছে। এটি কার্যকর হলে পুলিশের ওপর রাজনৈতিক খবরদারির সুযোগ থাকবে না। রাজনৈতিক চাপে পুলিশ সুপার থেকে শুরু করে পুলিশের মহাপরিদর্শক (আইজি) পর্যন্ত কাউকে দুই বছরের আগে সরানো যাবে না। পুলিশের নিয়োগ, বদলি ও পদোন্নতিতে মন্ত্রী-সাংসদ বা যেকোনো প্রভাবশালীর মৌখিক, লিখিত বা টেলিফোনের সুপারিশ ফৌজদারি অপরাধ বলে গণ্য হবে। পুলিশ কর্মকর্তারা জানান, নতুন আইন কার্যকর হলে পুলিশের ওপর রাজনৈতিক খবরদারির সুযোগ থাকবে না। কিন্তু আইনটি নিয়ে এখন কেউ আর কোনো কথা বলছে না। একইভাবে প্রস্তাবিত সাক্ষ্য আইন সংস্কার, অপরাধ চিহ্ন শনাক্তকরণ আইন সংস্কার, ফরেনসিক আইনের সংস্কার। বছরের পর বছর এসব প্রস্তাব মন্ত্রণালয়ে পড়ে আছে।এ ব্যাপারে জানতে চাইলে পুলিশ সংস্কার প্রকল্পের সাবেক পরামর্শক ও সাবেক আইজিপি এ এস এম শাহজাহান বলেন, ‘সংস্কারের কথা বলতে বলতে আমরা ক্লান্ত হয়ে গেছি। আমরা বারবার বলছি, সংস্কার ছাড়া আর যা-ই করা হোক, কোনো কাজে আসবে না। কিন্তু কেউ সেটা কানে তুলছেন না।’ কমিউনিটি পুলিশের তৎপরতা নেই: পুলিশ সংস্কার প্রকল্পের সূত্র জানায়, প্রকল্প শুরু হওয়ার পর দেশের বিভিন্ন থানায় ২০ হাজার ৩২৮টি কমিউনিটি পুলিশের শাখা করা হয়। এর মধ্যে প্রায় সোয়া তিন কোটি টাকা খরচ করে তিন হাজার ২৪টি শাখাকে প্রশিক্ষণ দেওয়া হয়। কমিউনিটি পুলিশের নিয়ম অনুসারে প্রতিটি শাখায় মাসে একবার করে সভা করার নিয়ম। এ ব্যবস্থাকে বলা হয় ওপেন হাউজ ডে। কিন্তু কোনো থানায় এখন আর ওপেন হাউজ ডের সভা হয় না।সংশ্লিষ্টরা বললেন, কোটি কোটি টাকা খরচ করে কমিউনিটি পুলিশ চালু করা হলেও আইনশৃঙ্খলা রক্ষায় তা কোনো কাজে আসছে না। অনেক স্থানে ক্ষমতাসীন দলের নেতারাই কমিউনিটি পুলিশের সদস্য। থানায় বসে তদবির করাই তাঁদের মূল কাজ।এ ব্যাপারে জানতে চাইলে পুলিশ কমিশনারের মুখপাত্র মনিরুল ইসলাম বলেন, ভালো লোকজন সহজে এসব কমিটিতে আসতে চান না। তবে কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে কমিটি থেকে বাদ দেওয়া হয়। কমিটির নিয়মিত সভার ব্যাপারে তিনি বলেন, নিয়মিত সভা করার ব্যাপারে নির্দেশনা দেওয়া আছে। কেউ না করলে ব্যবস্থা নেওয়া হবে।