সিলেটের বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ-খাজাঞ্চী-কামালবাজার সড়কের সংস্কারকাজে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সড়ক রক্ষার জন্য বিভিন্ন স্থানে গার্ডওয়াল নির্মাণ করা হলেও তাতে নিম্নমানের কাজ হয়েছে।সড়কটির সংস্কারকাজ গত ১৯ মার্চ থেকে শুরু হওয়ায় জনগণের মধ্যে কিছুটা স্বস্থি ফিরে এসেছিল। কিন্তু হয়েছে এর উল্টো। সড়কের বিভিন্ন জায়গায় গর্ত হওয়ার কারণে তাতে বৃষ্টির পানি জমে থাকে।খোঁজ নিয়ে দেখা গেছে, সড়কের ওপর নামমাত্র কার্পেটিং করা হয়েছে। পাশের খালের ভাঙন থেকে সড়কটি রক্ষার জন্য বিভিন্ন স্থানে নির্মাণ করা হচ্ছে গার্ডওয়াল। এ গার্ডওয়াল নির্মাণের সময় বালুর সঙ্গে নামমাত্র সিমেন্ট মিশ্রিত করা হয়েছে। তা ছাড়া অনেক স্থানে পানিতেই গার্ডওয়াল নির্মাণ করা হয়েছে। ফলে অনেক গার্ডওয়ালে ফাটল দেখা দিয়েছে। কোথাও কোথাও খসে পড়ছে ইট।জানা গেছে, বিশ্বনাথ জিসি থেকে খাজাঞ্চী রেলওয়ে ক্রসিং পর্যন্ত আট কিলোমিটার রাস্তার টেন্ডার হয়েছে ২৫ লাখ টাকা। এর কাজ করছেন মেসার্স হেলাল উদ্দিন ঠিকাদারি প্রতিষ্ঠান। খাজাঞ্চী রেলওয়ে ক্রসিং থেকে উপজেলার সীমানা কামালবাজার পর্যন্ত পাঁচ কিলোমিটার রাস্তার টেন্ডার হয়েছে ৩১ লাখ টাকা এবং এর কাজ করছে এ এ এন্টারপ্রাইজ। এই ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মোজাহিদ হোসেন।উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, গত ১৯ মার্চ স্থানীয় সাংসদ শফিকুর রহমান চৌধুরী এ সড়কের সংস্কারকাজের উদ্বোধন করেন। আর জুন মাসের মধ্যে এই ১৩ কিলোমিটার রাস্তার সংস্কারকাজ শেষ হওয়ার কথা ছিল।এ ব্যাপারে ঠিকাদার মোজাহিদ হোসেন বলেন, ‘আমরা ২৯ লাখ টাকার বিনিময়ে এ কাজটি কনট্র্যাক্ট এনেছি। যেভাবে কাজ সম্পন্ন হওয়ার কথা, সেভাবেই কাজ করে যাচ্ছি।’এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী (ভারপ্রাপ্ত) হাবিবুর রহমান বলেন, ‘বৃষ্টি শুরু হওয়ায় আমরা সড়কের সংস্কারকাজ বন্ধ করে দিয়েছি। ভবিষ্যতে পুনরায় সড়কের সংস্কারকাজ শুরু করা হবে।’