সংস্কারের অভাবে দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়নের পাঠক-দাদন সড়কটি দীর্ঘদিন সংস্কার না করায় চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। এলাকাবাসী সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করলেও কোনো কাজ হচ্ছে না। ফলে এ সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে ১৫টি গ্রামের জনগণ প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছে।এলাকাবাসী জানান, দীর্ঘদিন সংস্কার না করায় সড়কটির মাটি ক্ষয়ে বিভিন্ন স্থানে খানাখন্দসহ বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বিশেষ করে প্রতিবছর বন্যায় তলিয়ে যাওয়ায় পানির স্রোতে সড়কটির বেশির ভাগ স্থানের মাটি ধুয়ে যায়। এতে এবড়োখেবড়ো হয়ে যাওয়ায় ওই সড়ক দিয়ে যানবাহনসহ মানুষের চলাচল খুব কষ্টকর হয়ে পড়েছে।এলাকাবাসী আরও জানান, এ পথে পাঠক শিকড়, দাদন, মকরমপুর, ইছলার হাট, দেওডোবা, হাসানগঞ্জ, ফলগাছা, দোয়ানী মনিরাম, নটাবাড়ী, মনিরামপুর, দশগাঁও, চৌধুরাণী, নজর মামুদ, বালার দিঘি ও কান্দি কাবিলাপাড়াসহ ১৫টি গ্রামের প্রায় ৪০ হাজার মানুষ প্রতিনিয়ত যাতায়াত করে।পাঠক শিকড় গ্রামের স্কুলশিক্ষক শামসুল হক জানান, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত সড়কটি সংস্কার করা হয়নি। ফলে মানুষের দুর্ভোগ ভীষণ আকার ধারণ করেছে। বিশেষ করে বর্ষাকালে এ পথে চলাচলই বন্ধ করে দিতে হয়।দাদন গ্রামের ভ্যানচালক শফিকুল ইসলাম জানান, ওই সড়কে ভ্যান চালানো খুব কষ্টকর। মকরমপুর গ্রামের ব্যবসায়ী আ. রহিম জানান, সড়কটি খারাপ হওয়ায় আমাদের চৌধুরাণী হয়ে ১০ কিলোমিটার ঘুরে মালামাল পরিবহন করতে হয়। দাদন গ্রামের বাসিন্দা আ. কাদের জানান, সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনেক আবেদন-নিবেদন করেও কোনো কাজ হয়নি।