সংস্কারের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে বহদ্দারহাট মোড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নির্মাণাধীন উড়াল সড়কের কারণে বহদ্দারহাট মোড় ও দক্ষিণ দিকে এক কিলোমিটার এলাকা যানবাহন চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। এ অবস্থায় সিডিএ এভিনিউর বহদ্দারহাট মোড় থেকে শুলকবহর পর্যন্ত সড়কের উত্তর পাশ সংস্কারের জন্য আগামীকাল শুক্রবার বন্ধ করে দেওয়া হচ্ছে। এতে সিডিএ এভিনিউ ও কালুরঘাট শিল্প এলাকার ভারী যানবাহন চলাচলের ক্ষেত্রে নতুন করে যানজট বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। সিডিএর উড়াল সড়ক নির্মাণ প্রকল্পের পরিচালক এ এন এম হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, বহদ্দারহাট মোড়ে এক লাখ ইট ব্যবহার করে ওই এলাকা যান চলাচলের উপযোগী করা হবে। এ জন্য শুক্রবার থেকে বহদ্দারহাট মোড়ের উত্তর পাশে যান চলাচল বন্ধ করে দেওয়া হবে। কাজ শেষে আবার তা যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। সূত্র জানায়, আসন্ন বর্ষা মৌসুম সামনে রেখে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে এবং জনগণের ভোগান্তি কমাতে সিডিএ এই সিদ্ধান্ত নিয়েছে। চউক কর্মকর্তারা বলেন, উড়াল সড়কের নিচের বড় বড় খানাখন্দ প্রথমে খুঁড়ে তাতে বালু ফেলা হবে। এরপর তাতে কয়েক স্তরে ইট বসানো হবে। জানা যায়, এক বছর আগে বহদ্দারহাট মোড়ে উড়াল সড়ক নির্মাণকাজ শুরু হলেও সেখানে কোনো ধরনের বিকল্প সড়কের ব্যবস্থা রাখা হয়নি। ফলে উড়াল সড়কের জন্য নির্মাণাধীন পিলারের কাদামাটি ও পানিতে সিডিএ এভিনিউ, কর্ণফুলী সেতুসংযোগ সড়ক ও আরাকান সড়কের একাংশ যান চলাচলের পুরোপুরি অনুপযোগী হয়ে পড়ে। এতে পুরো বর্ষাজুড়ে দক্ষিণ চট্টগ্রামে চলাচলকারী যানবাহন ও জনগণকে চরম ভোগান্তি পোহাতে হয়। তবে উড়াল সড়কের প্রকল্প পরিচালক ও চউকের নির্বাহী প্রকৌশলী এ এন এম হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘শাহ আমানত সেতুর সংযোগ সড়কের ক্ষতিগ্রস্ত অংশ ইতিমধ্যে আমরা সংস্কার করেছি। সেখানে বালু ফেলে তার ওপর ইটের রাস্তা নির্মাণ করে দেওয়া হয়েছে। এর ওপর এখনই বিটুমিন ব্যবহার করা যাবে না। বিটুমিন দেওয়া হলে বর্ষাকালে তা পুনরায় উঠে যাবে। তাতে জনগণ যথারীতি ভোগান্তিতে পড়বে।’