সংস্কারের দাবিতে রাস্তায় ধানের চারা রোপণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহদ্দারহাট থেকে কালুরঘাট পর্যন্ত পাঁচ কিলোমিটার ভাঙা ও কর্দমাক্ত সড়ক সংস্কারের দাবিতে আজ শুক্রবার সকালে রাস্তায় ধানের চারা রোপণ করেছেন পরিবহন মালিক-শ্রমিক ও এলাকাবাসী। তাঁরা একই সড়কের মৌলভিপুকুর পাড়ের ভাঙা ও কর্দমাক্ত অংশে মানববন্ধন ও প্রতীকী চারা রোপণ করে প্রতিবাদ জানান। স্বপ্নযাত্রী নামে একটি সংগঠন এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে। এতে যাত্রীসেবা পরিবহন মালিক সমিতি ও স্থানীয়রা সংহতি প্রকাশ করে। মানববন্ধন ও ধানের চারা রোপণ কর্মসূচিতে বাসচালক, মালিক, স্কুল-কলেজের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।এলাকাবাসী অবিলম্বে ওই সড়ক মেরামত করে চট্টগ্রাম থেকে রাঙ্গুনিয়া, বোয়ালখালী, কাপ্তাই ও রাউজানের যাত্রী ও স্থানীয় মানুষের দুর্ভোগ লাঘবের দাবি জানায়। পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, ‘আগে এই সড়কে ২০০টি বাস ও হিউম্যান হলার চলাচল করত। রাস্তা ভাঙা থাকার কারণে তা এখন ১০০তে নেমে এসেছে। কারণ, এই ভাঙা সড়কে গাড়ি চালাতে গিয়ে প্রতিদিনই কোনো না কোনো যন্ত্রাংশ বিকল হচ্ছে।’প্রায় দুই বছর ধরে ওই সড়ক ভাঙা থাকলেও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কিংবা সিটি করপোরেশন কোনো প্রতিষ্ঠানই কাজ করছে না বলে অভিযোগ করেছেন মৌলভিপুকুর পাড়ের ব্যবসায়ী মো. আলমগীর।