সম্মিলিত সাংস্কৃতিক জোটের সংবাদ সম্মেলন
সংস্কৃতিকর্মীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংস্কৃতিকর্মীদের ওপর হামলাকারী ছাত্র নামধারীদের গ্রেপ্তার এবং পুরো বিষয়টির দ্রুত তদন্ত দাবি করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। একই সঙ্গে উদ্ভূত পরিস্থিতি নিরসনে দ্রুত নির্বাচনের মাধ্যমে উপাচার্য নিয়োগের ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছে জোট। আজ বৃহস্পতিবার রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে এক সংবাদ সম্মেলনে জোটের নেতারা এসব দাবি জানান। সংবাদ সম্মেলনে জোটের সভাপতি নাসিরউদ্দিন ইউসুফ লিখিত বক্তব্য উপস্থাপন করেন।নাসিরউদ্দিন ইউসুফ বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়ের হত্যাকাণ্ড, কয়েকজন ছাত্রের বহিষ্কার, বিশ্ববিদ্যালয়ের দ্বিধাবিভক্ত শিক্ষক রাজনীতি, সংস্কৃতিকর্মীদের দাবি-দাওয়া এবং সর্বশেষ ছাত্র পরিচয়ে সন্ত্রাসীদের হামলায় সংস্কৃতিকর্মীদের আহত হওয়ার ঘটনায় পুরো পরিস্থিতির অবনতি ঘটেছে। এসব ঘটনা উসকানিমূলক কি না, এবং এসবের পেছনে স্বাধীনতাবিরোধী বা যুদ্ধাপরাধীদের বিচার নস্যাতের অভিসন্ধি রয়েছে কি না, সেটা সরকারের তদন্ত করে দেখা উচিত।অনেক দিন ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিরাজমান দুর্নীতি-অনিয়ম-সন্ত্রাস ও দলবাজির প্রতিবাদে এবং উপাচার্য শরীফ এনামুল কবীরের পদত্যাগের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীরা আন্দোলন করে আসছেন। গত ৯ জানুয়ারি ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুবায়ের আহমেদ ছাত্রলীগের হাতে খুন হওয়ার পর থেকেই শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম একপ্রকার অচল হয়ে পড়েছে। ওই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ১৩ শিক্ষার্থীকে বহিষ্কার করলেও শিক্ষক নিয়োগের বিরোধিতা করে এবং উপাচার্যের পদত্যাগ দাবিতে ধাপে ধাপে আন্দোলন চালিয়ে আসছে ‘শিক্ষক সমাজ’। একই দাবিতে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট এবং সন্ত্রাসের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপাচার্যের বাসভবনের সামনে আমরণ অনশন শুরু করেছেন।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্যদের সঙ্গে মৌলবাদীদের সংশ্লিষ্টতা-সংক্রান্ত প্রশ্নের জবাবে সংগঠনের সাধারণ সম্পাদক হাসান আরিফ জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতিকর্মীদের মধ্যে কোনো ধরনের বিভেদ বা কোনো ধর্মীয় দলের ইন্ধন বা যুদ্ধাপরাধ বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করার মতো কোনো ব্যক্তির সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে কি না, সেটা জোটের অভ্যন্তরীণ প্রক্রিয়ায় তদন্ত করে দেখা হচ্ছে।হাসান আরিফ আরও জানান, বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের সঙ্গে যেহেতু বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সদস্যরা যুক্ত রয়েছেন, তাই তাদের মাধ্যমেই ভেতরের খবর বের করে আনার চেষ্টা করা হচ্ছে।এ সময় সংগঠনের সহসভাপতি গোলাম কুদ্দুছ, মান্নান হীরা, কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম, আখতারুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।