সংস্থাপন মন্ত্রণালয়ের উপসচিব এবং সুনামগঞ্জের সাবেক ডিসি কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলমহাল ইজারায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় সুনামগঞ্জের সাবেক জেলা প্রশাসক এবং সংস্থাপন মন্ত্রণালয়ের উপসচিবসহ চারজনকে কারাগারে পাঠানো হয়েছে। সুনামগঞ্জের জেলা দায়রা জজ আদালদের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জমিস উদ্দিন আজ রোববার এ আদেশ দেন।চার আসামি আজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে এ আদেশ দেন।এই চারজন হলেন সুনামগঞ্জের সাবেক জেলা প্রশাসক মো. মনোয়ার হোসেন, সুনামগঞ্জের সাবেক আরডিসি ও সংস্থাপন মন্ত্রণালয়ের বর্তমান উপসচিব মো. মনির হোসেন, জেলা প্রশাসকের কার্যালয়ের নিম্নমান সহকারী নূরজাহান খানম (বর্তমানে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় কর্মরত) এবং এস এ নাজির অরুণ অধিকারী (বর্তমানে ছাতক উপজেলায় কর্মরত)।আদালত সূত্রে জানা যায়, ২০০১ সালের ১২ সেপ্টেম্বর মালেক হোসেন পীরের নামের এক ব্যক্তি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার আবুয়া নদী জলমহাল ইজারায় অনিয়মের অভিযোগ এনে জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে ১০ জনের বিরুদ্ধে মামলা করেন। এর মধ্যে সাতজনের অপরাধ আমলে নেন আদালত।এরপর ওই সাত আসামির মধ্যে প্রতুল কুমার নাগ, বেলাল হোসেন ও বিশ্বেশ্বর পুরকায়স্থ নামের তিন আসামি আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তা মঞ্জুর করেন।চলতি বছরের ১০ মে অন্য চার আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। আজ এই চার আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা নাকচ করে তাঁদের কারাগারে পাঠান।মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, আবুয়া নদীর জলমহালটির ইজারা বিশ্বেশ্বর পুরকায়স্থকে দেওয়ার জন্য নূরজাহান খানম দরপত্রের টাকার অংক পরিবর্তন করেন। বিশ্বেশ্বর পুরকায়স্থ নূরজাহান খানমের ছেলের গৃহশিক্ষক ছিলেন। ইজারায় অনিয়মের ঘটনায় মনোয়ার হোসেন, মনির হোসেনসহ অন্যরা জড়িত ছিলেন বলে মামলায় অভিযোগ করা হয়মামলার বাদী মালেক হোসেন পীর বলেন, ‘এখানে আমার কোনো স্বার্থ নেই। আমি দরপত্রেও অংশ নিইনি। কিন্তু এই অনিয়মের বিষয়টি জেনে জনস্বার্থে মামলা করেছি।’মামলার বাদীপক্ষের আইনজীবী শহীদুজ্জামান চৌধুরী বলেন, ‘আসামিরা দরপত্র জালিয়াতি করে তাঁদের পছন্দের লোককে জলমহাল ইজারা দিয়েছেন। এতে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে।’