সংস্থাপন মন্ত্রণালয়ের নাম বদলে জনপ্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্থাপন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে জনপ্রশাসন মন্ত্রণালয় রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ তথ্য জানান।আবুল কালাম আজাদ বলেন, আজকের বৈঠকে ত্রৈমাসিক প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে। বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত মন্ত্রিসভার ১০৬টি বৈঠক করেছে। এর মধ্যে ২০০৯ সালে ৫০টি, ২০১০ সালে ৪৫টি ও এ বছরের মার্চ পর্যন্ত ১১টি সভা হয়েছে।এসব সভায় ৬৯০টি সিদ্ধান্ত নেওয়া হয়, যার মধ্যে বাস্তবায়ন করা হয়েছে ৬১৮টি। সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৯০ ভাগ। ২০০১ থেকে ২০০৪ পর্যন্ত চারদলীয় জোট সরকারের সময় মন্ত্রিসভার ১০০টি বৈঠক হয়, যাতে ৩৭২টি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এসব সিদ্ধান্তের মধ্যে বাস্তবায়ন করা হয় ২৬৪টি। সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭১ ভাগ।প্রেস সচিব আরও জানান, বর্তমান সরকার গত মার্চ পর্যন্ত ৪৭টি চুক্তি অনুসমর্থন করেছে। বিগত সরকার ২৬টি চুক্তি অনুসমর্থন করেছিল। বর্তমান সরকারের আমলে আইন পাস হয়েছে ১৩৬টি, মন্ত্রিসভায় অনুমোদন করা হয় ১৫০টি। বাকি আইনগুলো সংসদ ও মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন আছে।