সংহতি জানাল জাতীয় সংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহবাগের গণজাগরণের মঞ্চের সংগ্রামীদের দাবির প্রতি সংহতি ঘোষণা করেছে জাতীয় সংসদ। গতকাল রোববার সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের পর স্পিকার আবদুল হামিদ এ ঘোষণা দেন।যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলনরত তরুণদের প্রতি সমর্থন জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘তারুণ্যের জোয়ার দেখে আমার আত্মবিশ্বাস বেড়ে গেছে। তরুণেরা দেশ গড়বে, সঠিক নেতৃত্ব এ দেশে আসবেই। যুদ্ধাপরাধীদের বিচার হবেই। এখন আমি মরেও শান্তি পাব।’ সংসদে অনির্ধারিত এ আলোচনার সূচনা করেন শেখ ফজলুল করিম সেলিম। এ সময় সভাপতিত্ব করছিলেন ডেপুটি স্পিকার শওকত আলী।এর আগে বিকেলে আন্দোলনকারীদের পক্ষ থেকে স্পিকারের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়। আলোচনার শেষ পর্যায়ে আবদুল হামিদ সভাপতির আসনে বসে জানান, স্মারকলিপিটি বিকেলেই প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়। তিনি এ বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় জেগেছে। সংসদের পক্ষ থেকে তাদের অভিনন্দন। প্রাণভরে তাদের দোয়া করি, তাদের সুভাশীষ জানাই।’ তিনি বলেন, স্বাধীনতার পর ১১ হাজার যুদ্ধাপরাধীকে শনাক্ত করা হয়। কাউকে আটক করা হয়, কেউ দেশ ছেড়ে পালিয়ে যায়। কিন্তু পঁচাত্তরে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের মাধ্যমে বন্দী যুদ্ধাপরাধীরা মুক্ত হয়। পাকিস্তানে যারা পালিয়ে যায়, তারা ফিরে আসে। যাদের নাগরিকত্ব বাতিল করা হয়েছিল, তাদের ফিরিয়ে এনে মন্ত্রিত্ব দেওয়া হয়। ধ্বংস করা হয় মুক্তিযুদ্ধের চেতনা। এখন যুদ্ধাপরাধের বিচার হচ্ছে। মানুষের আকাঙ্ক্ষা বিবেচনায় নিতে তিনি আদালতের প্রতি অনুরোধ জানান।শেখ হাসিনা বলেন, ‘শাহবাগ’ শব্দটিতে পাকিস্তানি গন্ধ আছে। এর নাম তরুণ প্রজন্ম স্কয়ার হতে পারে। তরুণেরা কী অদ্ভূত ঘটনা ঘটিয়েছে। এখানে কোনো দল নেই। স্বাধীনতার চেতনায় তারা জেগে উঠেছে।তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও বিজয়ের ইতিহাস জানানোর আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘বৃদ্ধ বয়সে আমারও মন ছুটে যায়, ইচ্ছে করে তাদের সঙ্গে যোগ দিতে। তরুণ প্রজন্মকে বলতে চাই, আমি তোমাদের সঙ্গে একমত, আমিও সর্বোচ্চ শাস্তি চাই।’ব্লগারদের স্মারকলিপির কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আমি তাঁদের দাবির প্রতিটি বাক্য পড়েছি। এ দাবি বাস্তবায়ন করতে যা যা দরকার, সবই করব।’এরপর স্পিকার বলেন, শাহবাগের তরুণ প্রজন্মের স্মারকলিপির পরিপ্রেক্ষিতে সংসদ তাদের দাবির প্রতি সংহতি প্রকাশ করছে। তবে কোনো নোটিশ না থাকায় এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না।তরুণ প্রজন্মের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে সংসদে প্রস্তাব গ্রহণের দাবি জানিয়ে তোফায়েল আহমেদ বলেন, সারা দেশ এখন শাহবাগ। এ যেন উনসত্তর আর একাত্তর।মতিয়া চৌধুরী বলেন, তাদের দাবির প্রতি সম্মান জানিয়ে অবশ্যই আইন সংশোধন করা হবে। রাশেদ খান মেনন বলেন, সংসদ থেকে একটি দল গিয়ে তাদের সঙ্গে সংহতি প্রকাশ করা উচিত।পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, আবদুল মতিন খসরু, মুজিবুল হক, ফজলুল আজিম, মঈন উদ্দীন খান বাদল, আবদুল মান্নান, খান টিপু সুলতান, খালিদ মাহমুদ চৌধুরী, তারানা হালিম, ফজিলাতুন্নেসাসহ আরও বেশ কয়েকজন সাংসদ আন্দোলনকারী তরুণদের অভিনন্দন জানিয়ে বক্তব্য দেন। শেষে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব-সম্পর্কিত আলোচনার পর অধিবেশন আজ বিকেল সাড়ে চারটা পর্যন্ত মুলতবি করা হয়।