জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২৪ শিক্ষার্থীসহ ২৯ জনকে গতকাল শুক্রবার আটক করেছে শাহবাগ থানার পুলিশ। রাত ১২টার দিকে তাঁদের মধ্যে ১২ জনকে ছেড়ে দেওয়া হয়।পুলিশ দাবি করেছে, ওই ১২ জন পথচারী। তারা ঘটনার সঙ্গে জড়িত নয় বলে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১৭ জন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাদের আজ শনিবার আদালতে পাঠানো হবে।গতকাল বেলা সাড়ে তিনটার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চলমান আন্দোলনের অংশ হিসেবে সংহতি সমাবেশে যোগ দিতে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এলে পুলিশ কয়েক দফায় ২৯ জনকে আটক করে। এ সময় আটক ছাত্রদের সঙ্গে সাংবাদিকেরা কথা বলতে চাইলে পুলিশ বাধা দেয়।রমনা জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) মোহাম্মদ আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানমালের ক্ষতি করবেন —এমন খবর তাঁদের কাছে ছিল। এ নিয়ে শিক্ষার্থীরা ফেসবুকেও প্রচারণা চালান। ওই সমাবেশের কোনো পূর্বানুমতি ছিল না। তাই তাঁদের আটক করা হয়েছে।আটক ছাত্রদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে গতকাল শাহবাগ থানায় সন্ধ্যার দিকে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের মধ্যে কয়েক ঘণ্টা বৈঠক হয়। রাত বারোটার দিকে যোগাযোগ করা হলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম প্রথম আলোকে বলেন, সিদ্ধান্ত অনুযায়ী, বিনা অনুমতিতে সড়কে হৈচৈ করা, বিশৃঙ্খলাসহ বিভিন্ন অভিযোগে আটক ১৭জন ছাত্রকে আজ শনিবার ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হবে। বাকি ১২ জনকে গত রাতে ছেড়ে দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশের জন্য শাহবাগে ওই সংহতি সমাবেশের আয়োজন করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কয়েক শ শিক্ষার্থী যোগ দিতে সেখানে যান। কিন্তু সমাবেশ শুরুর আগেই পুলিশ কয়েক দফায় সেখান থেকে তাঁদের আটক করে। তিন পথচারীকেও আটক করে পুলিশ। এ সময় তাঁরা ছত্রভঙ্গ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আশ্রয় নেন।এ ঘটনার কিছুক্ষণ পরই ‘ব্লগার-অনলাইন অ্যাকটিভিস্ট’ নামের একটি সংগঠন জাতীয় জাদুঘরের সামনে আরেকটি সংহতি সমাবেশ করে। সেখানে বক্তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে আটক শিক্ষার্থীদের মুক্তির দাবি জানান।সমাবেশ শেষে ওই সংগঠনটি বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকার দিকে যায়। এ সময় ছড়িয়ে-ছিটিয়ে থাকা শিক্ষার্থীরা একত্র হয়ে মিছিলে অংশ নেন। শান্তিপূর্ণভাবে মিছিল শেষে তাঁরা টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করেন।সমাবেশ শেষে শিক্ষার্থীরা চলে যাওয়ার সময় সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সিরাজুল ইসলাম খান আসেন। শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় আইনের ২৭(৪) ধারাটি একটি অযৌক্তিক ধারা। এ ধারাটি অবিলম্বে তুলে নিতে হবে। হলের বিষয়ে তিনি বলেন, কর্তৃপক্ষ একটু আন্তরিক হলেই হল উদ্ধার করা সম্ভব।