সওজের অসহযোগিতা: বাঙ্গালী নদীতে সেতু হয়নি চার বছরেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় বাঙ্গালী নদীর ওপর সেতু নির্মাণের কার্যাদেশ দেওয়ার চার বছর পেরিয়ে গেলেও তা নির্মিত হয়নি। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ ঠিকাদারকে সেতু নির্মাণের স্থান বুঝিয়ে না দেওয়ায় কাজ শুরু করা যায়নি। তবে সেতু নির্মাণকাজ শুরু না হলেও সওজ ‘সংযোগ সড়ক’ ও নদীতে ‘ফেরি সরবরাহ’ বাবদ ২৫ লাখ টাকা খরচ করেছে। কাজ শুরুর জন্য ঠিকাদার সওজকে কয়েক দফা চিঠি দিলেও কোনো লাভ হয়নি। এরই মধ্যে সওজ একই স্থানে সেতু নির্মাণের জন্য নতুন নামে প্রকল্প শুরু করেছে। এ কারণে ঠিকাদারি প্রতিষ্ঠান আদালতে যাওয়ার প্রস্তুতি নিয়েছে। সারিয়াকান্দি উপজেলার সঙ্গে জেলা সদরের যাতায়াতের জন্য এই বাঙ্গালী নদী পার হতে হয়। এক যুগ আগে সেখানে ফেরিতে করে যানবাহন চলাচল করত। পরে বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে সেখানে একটি বেইলি সেতু নির্মাণ করা হয়। বেইলি সেতুটি মাত্র ১০ ফুট প্রস্থ হওয়ায় সেতুর একদিকে যানবাহন আটকিয়ে আরেক পারের যানবাহন ছাড়তে হয়। সারিয়াকান্দি ছাড়াও সরিষাবাড়ী, জামালপুর ও মাদারগঞ্জবাসীকে ওই সেতু দিয়ে চলতে গিয়ে প্রতিনিয়ত এ দুর্ভোগ পোহাতে হয়। এ কারণে এলাকাবাসী ওই স্থানে একটি পাকা সেতু নির্মাণের দাবি জানিয়েছে। সওজ সূত্রে জানা গেছে, জনগণের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ২০০৫ সালে বাঙ্গালী নদীর ওপর বেইলি সেতু অপসারণ করে সেখানে পাকা সেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। বগুড়া-সারিয়াকান্দি সড়ক উন্নয়ন প্রকল্পের অধীনে আরসিসি সেতু নির্মাণের জন্য ২০০৫ সালের ৭ ফেব্রুয়ারি দরপত্র আহ্বান করা হয়। ১৮৫ দশমিক ৫০ মিটার দীর্ঘ ও ৭ দশমিক ৫০ মিটার প্রশস্ত সেতুটি দুই বছরের মধ্যে নির্মাণের জন্য ওই একই বছরের ২৬ জুলাই এম শামসুল হক নামে এক ঠিকাদারকে দুই কোটি ৬০ লাখ টাকায় কার্যাদেশ দেওয়া হয়। ঠিকাদার সেতু নির্মাণের কার্যাদেশ পাওয়ার পর বেইলি সেতু খুলে ফেলার প্রয়োজন হওয়ায় ওই ঠিকাদারকে কার্যাদেশ দেওয়ার ১২ দিন আগে সওজের পক্ষ থেকে নদীপথে যানবাহন পারাপারের জন্য দুটি ফেরি ও সমসংখ্যক পন্টুন আনা হয়। কিন্তু ফেরি আনার দেড় বছর পরেও নির্মাণকাজ শুরু করার জায়গা (সাইট) বুঝিয়ে না দেওয়ায় ঠিকাদার মো. শামছুল হক সওজ কর্তৃপক্ষকে তাগাদা দিয়ে ২০০৬ সালের ২০ ডিসেম্বর চিঠি দেন। এতেও কাজ না হওয়ায় পরবর্তী সময়ে ২০০৭ সালের ৬ আগস্ট ও ৬ নভেম্বর আরও দুই দফা চিঠি দেন। এদিকে আগে সরবরাহ করা দুটি ফেরি ত্রুটির কারণে চলাচলের অনুপযোগী হওয়ায় সেগুলো ফিরিয়ে দিয়ে একই বছর অর্থাত্ ২০০৭ সালের ২৫ সেপ্টেম্বর নতুন দুটি ফেরি ও তিনটি পন্টুন সেখানে আনা হয়। এর পরপরই পন্টুনের সঙ্গে সংযোগের জন্য নদীর ভেতরে দুই পাশে বিকল্প সড়ক নির্মাণের জন্য কিছু কাজ করা হয়। এতে সওজের প্রায় ২৫ লাখ টাকা ব্যয় হয়। যা এখনো কোনো কাজেই আসছে না। কিন্তু এত কিছুর পরেও সড়ক ও জনপথ বিভাগ নিয়োগ পাওয়া ঠিকাদারকে তাঁর সাইট (কর্ম এলাকা) বুঝিয়ে না দেওয়ায় সেতুটির নির্মাণকাজ আজ পর্যন্ত শুরু হয়নি। প্রায় চার বছর এভাবে ফেলে রাখার কারণে নদীর ভেতর সংযোগ সড়ক দুটি স্রোতে ধুয়ে-মুছে গেছে। নিজেদের ব্যর্থতা ঢাকতে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এখন নির্মাণব্যয় আগের চেয়ে ৭৫ শতাংশ বাড়তি দেখিয়ে সেতুটির জন্য ভিন্ন নামে নতুন প্রকল্প তৈরি করেছে। অনুমোদনের জন্য সেটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।তবে কার্যাদেশ পাওয়া ঠিকাদার মো. শামসুল হক বার বার আবেদন করা সত্ত্বেও সওজের পক্ষ থেকে সেতুর জায়গা চার বছরে হস্তান্তর না করা কিংবা ওই দরপত্র বাতিলের কোনো কারণ বা উপায় না থাকার পরেও ভিন্ন নামে সৃষ্টি করা নতুন ওই প্রকল্পের ভবিষ্যত্ নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। সর্বশেষ আবেদনে ওই ঠিকাদার সওজের নির্ধারণ করে দেওয়া বর্ধিত রেট শিডিউল (তফশিলি দর) অনুযায়ী আগের চেয়ে বাড়তি এক কোটি ৩০ লাখ টাকাসহ তিন কোটি ৮৫ লাখ টাকায় কাজের নতুন কার্যাদেশ দাবি করেন। বিষয়টি নিষ্পত্তির জন্য তিনি সওজের পক্ষ থেকে সালিসকারক (আরবিট্রেটর) নিযুক্তিরও দাবি জানান।অনুসন্ধানে জানা গেছে, ঠিকাদারের দাবি করা বর্ধিত দরে কাজের বিষয়টি যৌক্তিক হিসেবে মেনে নিয়ে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আরবিট্রেটর নিয়োগের জন্য সওজের রংপুর জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. খুরশীদ আলম ২০০৮ সালের ১৭ নভেম্বর প্রধান প্রকৌশলী বরাবর চিঠি দেন। কিন্তু গত এক বছরেও বিষয়টি নিষ্পত্তি না করে ঝুলিয়ে রাখা হয়েছে।মহাজোট সরকার ক্ষমতায় আসার পর বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সাংসদ আব্দুল মান্নান বগুড়া-সারিয়াকান্দি সড়কের বেইলি সেতুগুলো অপসারণের জন্য উদ্যোগ নেন। তিনি এ বিষয়ে গত বছরের ফেব্রুয়ারি মাসে সওজের পক্ষ থেকে সেতুটি নির্মাণের জন্য ‘বগুড়া-সারিয়াকান্দি সড়কে পাঁচটি বেইলি সেতুকে আরসিসি সেতুতে রূপান্তরকরণ প্রকল্প’ নামে নতুন করে প্রকল্প হাতে নেওয়া হয়। যাতে সেতুটির ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে চার কোটি টাকা। একই সেতু নির্মাণের ক্ষেত্রে চার বছরের ব্যবধানে সওজের হিসাবেই নির্মাণব্যয় ৭৫ শতাংশ অর্থাত্ এক কোটি ৯০ লাখ ছাড়িয়ে গেছে। সারিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান আলী এলাকার মানুষের স্বার্থে এই সেতুর নির্মাণকাজ যাতে শুরু হয়, সে ব্যাপারে উদ্যোগ নেবেন বলে জানান। কার্যাদেশ পাওয়া ঠিকাদার মো. শামসুল হক জানিয়েছেন, নির্ধারিত সময়ে জায়গা বুঝিয়ে না দেওয়ার কারণে দরপত্রের শর্ত অনুযায়ী ক্ষতিপূরণ, বর্ধিত দর এবং অতিরিক্ত সময় তাঁর প্রাপ্য। বর্ধিত দর চাওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, চার বছরের ব্যবধানে সওজ নিজেই তার রেট শিডিউল গড়ে প্রায় ৫০ ভাগ বাড়িয়েছে। আসলে সড়ক বিভাগের অন্য কোনো মতলব রয়েছে। তা না হলে তিনি যে দর দাবি করেছেন তাতে সওজের বাড়ানো দরের চেয়ে অনেক কম টাকা রয়েছে। তাঁকে কাজ দিলে সরকারের এক কোটি টাকা সাশ্রয় হবে। তিনি জানান, এ ঘটনায় আরবিট্রেটরের (সালিসকারক) জন্য আবেদন করলেও তারাও একেবারে চুপ রয়েছে। বর্ধিত দরে কাজের সুযোগ না পাওয়ায় তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানিয়েছেন। ইতিমধ্যে গত ডিসেম্বর মাসে এ বিষয়ে সওজকে এক মাসের সময় দিয়ে উকিল নোটিশ দেওয়া হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন বলেন, ‘সেতুটির কার্যাদেশ দেওয়া হলেও দুই পাড়ে বিকল্প সংযোগ সড়ক নির্মাণ ও ফেরি আনতে দেরি হওয়ার কারণে নির্মাণকাজ শুরু করতে পারেনি।’ ঠিকাদারকে কাজ বুঝিয়ে দিতে না পারার কথা স্বীকার করে তিনি জানান, ‘দীর্ঘদিন কাজ করতে না পেরে ঠিকাদার বর্ধিত দরে কাজ করার জন্য আবেদন করেছেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হলেও মন্ত্রণালয় থেকে কোনো সিদ্ধান্ত না দেওয়ায় তাঁরা এ বিষয়ে কিছু করতে পারছেন না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নতুন করে ওই সেতুসহ আরও পাঁচটি সেতুর একটি প্রকল্প নেওয়া হয়েছে। তিনি ঠিকাদারের কাছ থেকে উকিল নোটিশ পাওয়ার কথা স্বীকার করেন।