সওজের ছয়টি ওজন নিয়ন্ত্রণ কেন্দ্রের সব কটিই অচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাসড়কে অতিরিক্ত পণ্যবোঝাই যানবাহন চলাচল নিয়ন্ত্রণে বিভিন্ন স্থানে স্থাপিত ছয়টি ওজন নিয়ন্ত্রণকেন্দ্র বা এক্সেল লোড কন্ট্রোল স্টেশন বছরের পর বছর ধরে অচল পড়ে আছে। বিগত চারদলীয় জোট সরকারের আমলে প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে এই ছয়টি স্টেশন স্থাপন করেছিল যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)।সংশ্লিষ্ট সূত্র জানায়, মহাসড়কের স্থায়িত্ব ঠিক রাখার জন্য নির্দিষ্ট ওজনের পণ্যবাহী যানবাহন চলাচল নিশ্চিত করতে প্রথমবারের মতো ছয়টি ওজন স্টেশন স্থাপন করেছিল সওজ। কিন্তু এগুলো অচল থাকায় অতিরিক্ত পণ্যবাহী যান চলাচলের কারণে সড়কগুলো দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। এ ছয়টি ওজন স্টেশনের মাত্র একটি সর্বোচ্চ এক বছর চালু ছিল। আর একটি পরীক্ষামূলকভাবেও চালু করা যায়নি। অচল এসব স্টেশনের যন্ত্রপাতিগুলো রয়েছে অরক্ষিত।সূত্র জানায়, বিএনপি-জামায়াত জোট সরকার গুরুত্বপূর্ণ বিভিন্ন মহাসড়কে ১৮টি ওজন নিয়ন্ত্রণকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়ে প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে ছয়টি কেন্দ্র স্থাপন করে। এগুলো হলো ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে একটি, মেঘনা-গোমতী নদীর দুই প্রান্তে দুটি, ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলীতে একটি, ঢাকা-সিলেট মহাসড়কের মৌলভীবাজারের আউশকান্দিতে একটি এবং ঢাকা-মাওয়া মহাসড়কের ধলেশ্বরী সেতু-১-এর (ঢাকা প্রান্ত) একটি।জানা গেছে, সীতাকুণ্ড, বাথুলী ও আউশকান্দিতে ওজন নিয়ন্ত্রণকেন্দ্র স্থাপিত হয় সড়ক পুনর্বাসন ও মেরামত প্রকল্প-৩-এর (আরআরএমপি-৩) অধীনে। সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে আউশকান্দি কেন্দ্র স্থাপনের কাজ শুরু হয় ২০০২ সালে এবং শেষ হয় ২০০৪ সালে। পরীক্ষামূলকভাবে কয়েক দিন চালানোর পরই এটি বন্ধ হয়ে যায়। প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে সীতাকুণ্ড ও বাথুলীতে ওজন নিয়ন্ত্রণকেন্দ্র স্থাপনের কাজ শুরু হয় ২০০৪ সালে। ২০০৬ সালে বাথুলীর কেন্দ্রটি চালুর পর প্রায় এক বছর চলেছিল। সীতাকুণ্ডের কেন্দ্রটি পরীক্ষামূলক চালুর (ট্রায়াল রান) সময়ই ত্রুটি ধরা পড়ে। এই ত্রুটি সারানোর উদ্যোগও নেওয়া হয়নি।অযত্নে ওজন নিয়ন্ত্রণকেন্দ্র: সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে স্থাপিত সীতাকুণ্ড ওজন নিয়ন্ত্রণকেন্দ্রের দুই প্রান্তে একটি করে পুলিশ বক্স এবং মহাসড়কের দুই পাশে দুটি অফিসকক্ষ রয়েছে। কক্ষগুলোর বেশির ভাগ জানালার কাচই ভাঙা। দুটি করে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার দশাই বেহাল। সিসি ক্যামেরার সঙ্গে আছে উচ্চক্ষমতার সার্চলাইট।অযত্ন-অবহেলায় কেন্দ্রের অনেক যন্ত্রপাতিতে মরিচা ধরছে। ওজনযন্ত্র এলাকা শুরুর আগেই মূল মহাসড়কের দুই পাশে পৃথক লেন করা হয়েছে, যা এখন কাজে আসছে না। অতিরিক্ত পণ্যবোঝাই যানবাহনগুলোকে পৃথক লেন দিয়ে চলাচলের নির্দেশনা দিয়ে প্রায় আধা কিলোমিটার দূরে টাঙানো সাইনবোর্ডগুলোতেও মরিচা ধরেছে। ওজন নিয়ন্ত্রণযন্ত্র থেকে সংগৃহীত তথ্য সংরক্ষণের জন্য যে কক্ষে কম্পিউটার বসানো হয়েছিল, ওই কক্ষের জানালার কাচও ভাঙা।কেন্দ্রের পাহারায় নিয়োজিত ফারুক হোসেন জানান, ২৪ ঘণ্টা পালা করে কেন্দ্র পাহারায় আছেন তাঁরা তিনজন। রাতে কে কখন এসে কোন যন্ত্র নিয়ে যায় বা ভেঙে ফেলে, এত বড় জায়গায় তা খেয়াল রাখা একজনের পক্ষে কঠিন।স্থানীয় বাসিন্দা মহিউদ্দিন বলেন, অনেক দিন ধরেই এসব যন্ত্র পড়ে আছে। কেউ খোঁজও নেয় না।জানা গেছে, সীতাকুণ্ড ওজন নিয়ন্ত্রণকেন্দ্র চালু না হওয়ার কারণ জানতে চেয়ে গত মার্চ মাসে সওজের প্রধান কার্যালয় থেকে সংস্থাটির চট্টগ্রাম সার্কেলে চিঠি দেওয়া হয়। জবাবে সওজের স্থানীয় নির্বাহী প্রকৌশলী জানান, সংশ্লিষ্ট ঠিকাদার (মেসার্স নর্থ স্টার রিসোর্সেস অব গ্লোবাল এনার্জি—এনআরজি) কেন্দ্রটি তাঁদের বুঝিয়ে দেয়নি। এ জন্য এটি সচল না অচল, তা তাঁরা জানতে পারছেন না।সূত্র জানায়, বাথুলীর কেন্দ্রটিও স্থাপন করে এই ঠিকাদারি প্রতিষ্ঠান। সওজের কর্মকর্তারা বলেছেন, ট্রাকমালিকদের চাপে বাথুলীর ওজন নিয়ন্ত্রণকেন্দ্রটি বন্ধ করে দিতে হয়েছে। কারণ, ওজনে অতিরিক্ত পণ্য ধরা পড়লে ওই বাড়তি পণ্য নামিয়ে রেখে ট্রাক ছেড়ে দেওয়া হবে, নাকি এর সঙ্গে জরিমানাও আদায় করা হবে, বিষয়টি স্পষ্ট না থাকায় চালকদের সঙ্গে এ নিয়ে কেন্দ্রের কর্মচারীদের প্রায়ই ঝামেলা হতো।বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির কার্যকরী সভাপতি মাহবুব চৌধুরী বলেন, ওজনকেন্দ্র তাঁরাও চান; কিন্তু বাথুলীতে ওজনের নামে একধরনের চাঁদাবাজি শুরু হয়েছিল। তাই বাধ্য হয়ে তাঁরা এটি বন্ধের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করে চিঠি দিয়েছিলেন।যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন প্রথম আলোকে বলেন, ট্রাকচালক-মালিকেরা এসব ওজন নিয়ন্ত্রণযন্ত্র চালুর বিপক্ষে ছিলেন। এসব যন্ত্রপাতি পরিচালনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধেও অনিয়মের অভিযোগ এসেছিল। তাই ওজনকেন্দ্রগুলো ঠিকভাবে চালু করা যায়নি। পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।ক্ষতি হচ্ছে মহাসড়কের: সওজের সূত্র জানায়, তাঁদের ছয়টি ওজন নিয়ন্ত্রণকেন্দ্র অচল থাকায় ক্ষতি হচ্ছে ওই মহাসড়কগুলোর। কারণ, নির্ধারিত ওজনের চেয়ে অতিরিক্ত পণ্যবোঝাই ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল করায় মহাসড়কগুলো অল্প সময়েই ভেঙে যাচ্ছে বা গর্তের সৃষ্টি হচ্ছে। ওজনকেন্দ্র থাকলে এটি এড়ানো যেত।সূত্র আরও জানায়, নির্দিষ্ট ওজনসীমা মেনে যানবাহন চলাচলের বিষয়টি হিসাবে রেখে সওজ যেসব মহাসড়ক-সড়ক নির্মাণ করে, সেগুলোর আয়ুসীমা ধরা হয় ২০ বছর। কিন্তু দেখা যায়, চার-পাঁচ বছরেই সড়ক নষ্ট হয়ে যাচ্ছে। নির্মাণে ত্রুটি ও দুর্নীতি-অনিয়মের পাশাপাশি অতিরিক্ত ভারবাহী যান চলাচলও অল্প সময়ে সড়ক ভেঙে যাওয়ার অন্যতম কারণ।বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) আইন অনুযায়ী, একটি চার বা ছয় চাকার ট্রাক সামনের চাকা বরাবর সর্বোচ্চ সাড়ে পাঁচ টন এবং পেছনের চাকা বরাবর সর্বোচ্চ ১০ টন পণ্য বহন করতে পারবে। অর্থাৎ একটি চার বা ছয় চাকার ট্রাক সর্বোচ্চ সাড়ে ১৫ টন ওজনের পণ্য বহন করতে পারবে। কিন্তু মহাসড়কগুলোতে প্রতি চাকা বরাবর ১৫ থেকে ২৫ টন পর্যন্ত ওজনের পণ্য বহন করা হয় বলে সওজের সূত্র জানায়।সম্প্রতি এক কর্মশালায় সওজের উপস্থাপিত ওজন নিয়ন্ত্রণ-সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়, একটি নতুন সড়ক দিয়ে নিয়মিত ১৬ টন ওজনের মালবাহী যান চললে তা আট বছরের মধ্যে নষ্ট হয়ে যায়। ওই সড়কে ২০ টন ওজনের পণ্যসহ যান চললে তা নষ্ট হয় পাঁচ বছরে, আর ২৪ টন ওজনের পণ্য নিয়ে চললে দুই বছর পরই সড়কটি আবার তৈরি করতে হয়। সড়কের সক্ষমতার চেয়ে দ্বিগুণ ওজনের পণ্যবাহী যান চলাচল করায় সড়কের ওপর এর ক্ষতিকর প্রভাব পড়ে ১৮ গুণ।