সওজের জমি দখল করে ১২টি মার্কেট
ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশের সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের মালিকানাধীন বিপুল পরিমাণ জমি বেদখল হয়ে গেছে। স্থানীয় প্রভাবশালীরা এসব জমি দখল করে বাজারসহ বিভিন্ন ধরনের স্থাপনা নির্মাণ করেছেন। মাসে আদায় করছেন কমপক্ষে কোটি টাকা।স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা অবৈধ দখলদারদের উচ্ছেদের ব্যবস্থা না নিয়ে বরং তাঁদের সহায়তা করে নিজেরা লাভবান হচ্ছেন বলে অভিযোগ রয়েছে।সরেজমিন অনুসন্ধান করে দেখা গেছে, সাভারের আমিনবাজার থেকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড পর্যন্ত কমপক্ষে সাতটি স্থানে ১২টি মার্কেট ও কাঁচাবাজার, বিভিন্ন স্থাপনা নির্মাণ করে ভাড়া দেওয়া হয়েছে। এ ছাড়া ছোট ছোট স্থাপনা নির্মাণ ও বালুর গদি বসিয়েও দখল করা হয়েছে অনেক জমি। অনেক স্থানে আবার নতুন করে দখলের প্রক্রিয়া চলছে। হেমায়েতপুর বাসস্ট্যান্ড কাঁচাবাজার: হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক ও সংলগ্ন জমিতে বাজার বসিয়ে চাঁদা আদায় করছেন প্রভাবশালীরা। ব্যবসায়ী সাদেক ব্যাপারী ও আবদুল গফুরসহ আরও অনেকে বলেন, ছোট-বড় তিন শতাধিক দোকান রয়েছে। এসব দোকান থেকে প্রতিদিন ৭০ থেকে ১২০ টাকা হারে চাঁদা আদায় করা হচ্ছে। অর্থাৎ দোকানপ্রতি গড়ে ৯৫ টাকা করে মাসে আদায় হচ্ছে আট লাখ ৫৫ হাজার টাকা। প্রতিদিন সন্ধ্যায় ফরহাদ ও মুকুল নামের দুই ব্যক্তি এসে তাঁদের কাছ থেকে টাকা নিয়ে যান।মুকুল প্রথম আলোকে বলেন, ‘ক্ষমতাসীন দলের স্থানীয় এক নেতার নির্দেশে আমরা টাকা তুলি।’ উলাইল বাসস্ট্যান্ড কাঁচাবাজার: সাভার পৌরসভার উলাইল এলাকায় মহাসড়কের পশ্চিম পাশে সওজের জমিতে বাজার বসিয়ে চাঁদা আদায় করছেন ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমিনুর রহমানের লোকজন। বাজারের শতাধিক দোকান থেকে প্রতিদিন গড়ে ৮০ টাকা হারে চাঁদা আদায় করা হয়। অর্থাৎ মাসে আদায় হয় কমপক্ষে দুই লাখ ৪০ হাজার টাকা।আদায়কারী জাহাঙ্গীর হোসেন বলেন, ‘চাঁদা নয়, কাউন্সিলর আমিনুর রহমানের নির্দেশে ভাড়া আদায় করি।’ বক্তব্য জানতে কাউন্সিলর আমিনুরের মুঠোফোনে বারবার ফোন দিলেও তিনি ধরেননি।গেন্ডা বাসস্ট্যান্ড মার্কেট: সাভার উপজেলা পরিষদসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে সওজের জমিতে গড়ে উঠেছে বিশাল দুটি মার্কেট। টিনের চালা দিয়ে দুটি মার্কেটে কমপক্ষে ২০০ লোক বাজার সদাই নিয়ে বসেন। এ জন্য একেক দোকানির কাছ থেকে ৩০ হাজার থেকে ৫০ হাজার টাকা জামানত নেওয়া হয়েছে। প্রত্যেকের মাসিক ভাড়া গড়ে দেড় হাজার টাকা। সেই হিসাবে ২০০ দোকান থেকে মাসে ভাড়া বাবদ আদায় হয় তিন লাখ টাকা।এর মধ্যে প্রায় দুই বিঘা জমি দখল করে একটি মার্কেট করেছেন সাভার উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম। আমিনুল দাবি করেন, ‘সওজের অনুমতি নিয়েই মার্কেট নির্মাণ করেছি।’তবে রাজধানীর কল্যাণপুরে সওজের উপসহকারী প্রকৌশলী আবদুল জলিল বলেছেন, ‘গেন্ডায় সওজের কোনো জায়গা কাউকে ইজারা দেওয়া হয়নি।’সাভার বাসস্ট্যান্ড কাঁচাবাজার: সাভারে পৌরসভার নিজস্ব কোনো কাঁচাবাজার নেই। পৌরসভা কর্তৃপক্ষ ঢাকা-আরিচা মহাসড়ক ও সংলগ্ন ফুটপাতকে বাসস্ট্যান্ড কাঁচাবাজার নামে ইজারা দিয়েছে। বাংলাদেশ আওয়ামী হকার্স লীগ ও বাংলাদেশ হকার্স লীগ তা ইজারা নিয়ে মহাসড়কের বিশাল অংশ জুড়ে বাজার বসিয়েছে। সেখানে প্রায় তিন হাজার দোকান থেকে প্রতিদিন কমপক্ষে দুই লাখ টাকা চাঁদা আদায় হয়। মাসে আদায় হয় ৬০ লাখ টাকা। এই চাঁদার ভাগ যায় ক্ষমতাসীন দলের নেতা ও পুলিশের পকেটে। বাংলাদেশ হকার্স লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, ‘চাঁদা নয়, পৌরসভা থেকে ইজারা নিয়ে ভাড়া আদায় করা হয়।’ইজারা দেওয়ার কথা স্বীকার করেছেন পৌরসভার মেয়র ও সাভার পৌর বিএনপির সভাপতি রেফাত উল্লাহ। তবে সওজের অধীন ব্যস্ত মহাসড়ক ও ফুটপাত পৌরসভা ইজারা দিতে পারে কি না জানতে চাইলে কোনো মন্তব্য করেননি মেয়র।নবীনগর বাসস্ট্যান্ড অবৈধ বাজার: নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় তিন শতাধিক অবৈধ দোকান থেকে প্রতিদিন ৬০ থেকে ১২০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়। অর্থাৎ দোকানপ্রতি গড়ে ৯০ টাকা করে মাসে আদায় হয় আট লাখ ১০ হাজার টাকা।অভিযোগ উঠেছে, আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পক্ষে এক কনস্টেবল এসে তাঁদের কাছ থেকে চাঁদা নিয়ে যান। ওসি অভিযোগ অস্বীকার করেছেন। ইসলামপুর মার্কেট ও বালুর গদি: ধামরাইয়ের ইসলামপুরে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে সওজের জমির ওপর গড়ে উঠেছে দুটি মার্কেট। এগুলো হলো ইসলামপুর কাঁচাবাজার ও ইসলামপুর বাজার। এর মধ্যে কাঁচাবাজারে কমপক্ষে ৫০০টি দোকান আছে। অন্য বাজারে আছে ৫০টি দোকান। এসব দোকান থেকে মাসে গড়ে এক হাজার টাকা করে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা আদায় করা হয়।মহাসড়কের পাশে বংশী নদীর তীর ঘেঁষে সওজের প্রায় পাঁচ একর জমি ও নদী দখল করে গড়ে উঠেছে বালুর ব্যবসা। মানিকগঞ্জ বাসস্ট্যান্ড মার্কেট: মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে সওজের জমি দখল করে গড়ে উঠেছে চারটি মার্কেট। এগুলো হলো পৌর সুপার মার্কেট, হকার্স মার্কেট, মসজিদ মার্কেট ও মুক্তিযোদ্ধা সংসদ মার্কেট। এসব মার্কেটে ছোট-বড় মিলিয়ে অন্তত দুই হাজার দোকান রয়েছে। এসব দোকান থেকে মাসে ৫০০ থেকে দেড় হাজার টাকা পর্যন্ত ভাড়া নেওয়া হয়। অর্থাৎ গড়ে এক হাজার টাকা করে মাসে আদায় হয় ২০ লাখ টাকা।পৌরসভার মেয়র রমজান আলী দাবি করেন, তাঁরা সওজের জমি ইজারা নিয়ে মার্কেট দিয়েছেন।মানিকগঞ্জে সওজের নির্বাহী প্রকৌশলী সবুজ উদ্দিন খান বলেন, শুধু একটি মিনিবাস স্ট্যান্ড করার জন্য কিছু জায়গা অস্থায়ী ভিত্তিতে পৌরসভাকে দেওয়া হয়। কিন্তু মেয়র রমজান আলী অস্থায়ী ইজারার দোহাই দিয়ে সওজের একের পর জমি দখল করে মার্কেট নির্মাণ করে ভাড়া দিচ্ছেন।হেমায়েতপুর, উলাইল, গ্যান্ডা, সাভার, নবীনগর, ইসলামপুর, মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে মহাসড়কের পাশে মার্কেট ও বাজারের স্থান সওজের বলে নিশ্চিত করেছেন সওজ ঢাকা বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জিকরুল হাসান।