সওজের নিখোঁজ প্রকৌশলীর লাশ পদ্মা থেকে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজ হওয়ার তিন দিন পর গতকাল মঙ্গলবার পদ্মা নদী থেকে সড়ক ও জনপথ অধিদপ্তরের গোপাল-গঞ্জের সহকারী প্রকৌশলী শাহ আলম সরদারের (৫২) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার মাওয়া-কাওরাকান্দি নৌপথের মাদারীপুরের শিবচরের পদ্মা নদী থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।ঠিকাদারি-সংক্রান্ত বিরোধের জের ধরে শাহ আলমকে পদ্মায় ফেলে হত্যা করা হয়েছে বলে স্বজনেরা অভিযোগ করেছে। তবে পুলিশ বলছে শনিবার পদ্মা নদীতে সংঘর্ষে দুটি স্পিডবোট ডুবির ঘটনায় তাঁর মৃত্যু হতে পারে। এ ঘটনায় শিবচর থানায় লিখিত অভিযোগ দিয়েছে শাহ আলমের পরিবার।সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী আলমগীর বাদশা মিয়া জানান, গত শনিবার বিকেলে জরুরি দাপ্তরিক কাজে শাহ আলমকে ঢাকায় সড়ক ভবনে পাঠানো হয়। কিন্তু ঢাকায় পৌঁছানোর আগে তিনি নিখোঁজ হন এবং তাঁর মুঠোফোনটিও বন্ধ ছিল।ওই ঘটনার পর শাহ আলমের পরিবার অনেক খোঁজ করেও তাঁর সন্ধান পায়নি। বিষয়টি গোপালগঞ্জ, শিবচর ও লৌহজং থানার পুলিশকেও জানানো হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে মাওয়া-কাওরাকান্দি নৌপথের শিবচরের কাঁঠালবাড়ির হাজরা এলাকায় একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে শিবচর থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল নদী থেকে লাশটি উদ্ধার করে। এ সময় নিহতের পকেট থেকে একটি মুঠোফোন, সাড়ে ২৩ হাজার টাকা ও একটি কলম পাওয়া যায়।পরে স্বজনেরা এসে শাহ আলমের লাশ শনাক্ত করে। শাহ আলম পিরোজপুরের কাউখালীর মমতাজউদ্দিন সরদারের ছেলে। এ ব্যাপারে শিবচর থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, প্রকৌশলী শাহ আলমের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। শনিবার বিকেলে পদ্মা নদীতে সংঘর্ষে দুটি স্পিডবোট ডুবে যায়। ওই ঘটনায় তাঁর মৃত্যু হতে পারে। তবে পরিবারের পক্ষ থেকে হত্যার দাবি করা হচ্ছে।