সওজের ২৪ বিঘা জমি বেহাত
মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় সড়ক ও জনপথ বিভাগের (সওজ) প্রায় ২৪ বিঘা জমি বেহাত হয়েছে। পৌরসভা, পুলিশ ও স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা এই জমি দখল করে নিয়েছেন। ওই জমিতে পাকা, আধাপাকা বাণিজ্যিক ভবন নির্মাণ করে বন্দোবস্ত দেওয়া হয়েছে। নতুন করে আরও একটি বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণ করা হচ্ছে। সওজ অবৈধ দখল বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েও সাড়া পাচ্ছে না বলে অভিযোগ উঠেছে।মানিকগঞ্জ পৌরসভা ওই জমিতে কাঁচাবাজার, আধাপাকা মার্কেট ও পৌর সুপার মার্কেট নির্মাণ করে। একটি মার্কেট নির্মাণ করা হয়েছে বাসস্ট্যান্ড মসজিদ কমিটির নামে। মহাসড়কের উত্তর পাশে মার্কেট নির্মাণ করেছে পুলিশ ও পৌরসভা। মুক্তিযোদ্ধা সংসদ মার্কেট নির্মাণ করেছে মহাসড়কের দক্ষিণ পাশে।মানিকগঞ্জ সওজের উপবিভাগীয় প্রকৌশলী নাজমুল ইসলাম খান জানান, ঢাকা-আরিচা মহাসড়ক নির্মাণের সময় বাসস্ট্যান্ড এলাকায় প্রায় ৩০ বিঘা জমি অধিগ্রহণ করা হয়। মহাসড়ক ছাড়াও বাসস্ট্যান্ড থেকে শহর পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণের পর প্রায় ২৪ বিঘা জমি অব্যবহূত থাকে। মিনিবাস টার্মিনালের জন্য পৌরসভা সেখান থেকে কিছু জমি ব্যবহারের জন্য যোগাযোগ মন্ত্রণালয়ে আবেদন করে। মন্ত্রণালয় ১৯৮৫ সালে প্রায় ছয় বিঘা জমি (১ দশমিক ৮৩ একর) পৌরসভার কাছে হস্তান্তর করে। জমি বুঝে নেওয়ার আগে পৌরসভার তৎকালীন চেয়ারম্যান ও বর্তমান মেয়র মো. রমজান আলী ওই জমি মিনিবাস টার্মিনাল হিসেবে ব্যবহার করা হবে বলে অঙ্গীকার করেন। সম্প্রতি আবারও বাস টার্মিনাল ও শৌচাগার নির্মাণের জন্য আরও প্রায় ১০ বিঘা জমি সাময়িকভাবে ব্যবহারের অনুমতি পেয়েছে পৌরসভা, যা এখনো কাগজে কলমে হস্তান্তর করা হয়নি। তবে পৌরসভা ওই জমি দখল করে ২০০৭ সালেই মার্কেট নির্মাণ করেছে।নির্মাণাধীন বহুতল মার্কেট ‘পৌর প্লাজা’: মানিকগঞ্জ পৌরসভা ৩৮ শতাংশ জমির ওপর ‘পৌর প্লাজা’ নামের একটি বহুতল মার্কেট নির্মাণ করছে। বর্তমানে মার্কেটটির পাইলিংয়ের কাজ চলছে। পৌরসভার নির্বাহী প্রকৌশলী বেল্লাল হোসেন জানান, নির্মাণাধীন আটতলা মার্কেটটির নিচতলা থেকে চারতলা পর্যন্ত থাকবে ২১৩টি দোকান। পাঁচতলায় করা হবে মিলনায়তন। ছয়তলা থেকে আটতলা ভাড়া অফিসের জন্য। মার্কেটটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২৩ কোটি ৫০ লাখ টাকা।বাসস্ট্যান্ড পৌর হকার্স মার্কেট: জেলা প্রশাসনের তত্ত্বাবধানে মানিকগঞ্জ পৌরসভা ২০০৭ সালে মহাসড়কসংলগ্ন জলাশয়ে মাটি ভরাট করে প্রায় ১০ বিঘা জমির ওপর ৩০০ টিনশেড দোকানঘর নির্মাণ করে বরাদ্দ দেয়। বাসস্ট্যান্ড পৌর হকার্স মার্কেট কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, বাসস্ট্যান্ড এলাকার হকারদের পুনর্বাসনের জন্য তৎকালীন জেলা প্রশাসক মার্কেটটি নির্মাণের উদ্যোগ নেন। প্রতিটি দোকান বরাদ্দের বিপরীতে জেলা ও পৌর প্রশাসন ১৯ হাজার ৫০০ টাকা করে নেয়। এ ছাড়া প্রতি মাসে পৌরসভাকে দিতে হয় ২০০ টাকা করে।বাসস্ট্যান্ড পৌর সুপার মার্কেট: মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে শহর সংযোগ সড়কের পশ্চিম পাশে ১৯৯৯ সালে দ্বিতল পৌর সুপার মার্কেট নির্মাণ করা হয়। মার্কেটে ৩৩২টি দোকান রয়েছে।একটি দোকানের মালিক মনিরুল ইসলাম জানান, পৌরসভার কাছ থেকে ৮০ হাজার টাকা জামানত দিয়ে তিনি দোকানটি পেয়েছেন। এ ছাড়া পৌরসভা তাঁর কাছ থেকে প্রতি মাসে ৬০০ টাকা করে ভাড়া আদায় করে।পুলিশ মার্কেট: মহাসড়কের দক্ষিণ পাশে নির্মাণ করা হয়েছে ট্রাফিক পুলিশের কার্যালয়। ওই কার্যালয় ঘেঁষে উত্তর, পূর্ব ও পশ্চিম পাশে আটটি আধাপাকা দোকানঘর নির্মাণ করা হয় ২০০৭ সালে। স্থানীয় পুলিশ বিভাগ এসব দোকান বরাদ্দ দিয়ে টাকা আদায় করছে।পুলিশ মার্কেটে দোকান নিয়েছেন ব্যবসায়ী শিশিরচন্দ্র দাস। তিনি জানান, জেলা পুলিশ কল্যাণ ট্রাস্টে পাঁচ লাখ টাকা জমা দিয়ে তিনি দোকানটি পেয়েছেন।পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ করিম বলেন, ‘আমি এখানে আসার আগেই দোকানগুলো নির্মাণ করা হয়েছে। এসব দোকান থেকে আদায় করা অর্থ কল্যাণকর কাজেই ব্যয় করা হয়।’মুক্তিযোদ্ধা, মসজিদ, কাঁচাবাজার ও আধাপাকা মার্কেট: মহাসড়কের দক্ষিণ পাশে গড়ে ওঠা দ্বিতল মার্কেটটি মুক্তিযোদ্ধা মার্কেট। মহাসড়কের দক্ষিণ এবং বাসস্ট্যান্ড থেকে শহর সংযোগ সড়কের পূর্বপাশে চারতলা ভবনসহ দ্বিতল ভবনটি মসজিদ মার্কেট। এসব মার্কেটের দোকানগুলোও ব্যবসায়ীদের কাছে বরাদ্দ দেওয়া হয়েছে। মুক্তিযোদ্ধা মার্কেটটি পরিচালনা করে জেলা মুক্তিযোদ্ধা সংসদ। মসজিদ মার্কেট পরিচালনা করে মসজিদ কমিটি। মানিকগঞ্জের জেলা প্রশাসক পদাধিকার বলে মসজিদ কমিটির সভাপতি। মুক্তিযোদ্ধা সংসদ ও মসজিদ মার্কেট পরিচালনা কমিটি এই দুটি মার্কেট থেকে ভাড়া আদায় করে।এ ছাড়া পৌরসভার কাছে মিনিবাস স্ট্যান্ড হিসেবে হস্তান্তর করা সওজের জমিতে টিনশেড ঘর (কাঁচাবাজার) ও আধাপাকা মার্কেট নির্মাণ করে বন্দোবস্ত দিয়েছে পৌরসভা। তারাই এসব মার্কেট থেকে ভাড়া আদায় করে।মসজিদ মার্কেটের সাধারণ সম্পাদক মো. ছবেদ আলী জানান, মসজিদের পরিচালনা ব্যয় জোগান দিতে সওজের জায়গায় মার্কেটটি নির্মাণ করা হয়।তারা বলেন: মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলী দাবি করেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমতি নিয়েই সওজের জমিতে মার্কেট নির্মাণ করা হয়েছে এবং হচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি খেপে গিয়ে বলেন, ‘এসব মার্কেট আমি নিজের জন্য করিনি। আয়-ব্যয়ের হিসাবেও স্বচ্ছতার অভাব নেই। তার পরও সওজ ও সাংবাদিকদের এ নিয়ে এত মাথাব্যথা কেন, আমি বুঝতে পারছি না।’সওজ মানিকগঞ্জ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খান বলেন, অনেক চেষ্টা করেও এসব জমি রক্ষা করা সম্ভব হচ্ছে না। স্থানীয় প্রশাসনের সহায়তা চেয়েও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে লিখিত আবেদনও করা হয়েছে।যোগাযোগ করা হলে জেলা প্রশাসক মুন্সী শাহাবুদ্দীন আহম্মেদ বলেন, ‘সওজ চাইলে ওই জমি উদ্ধারে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।’ সওজের পক্ষ থেকে এ ব্যাপারে আবেদন করার বিষয়টি উল্লেখ করলে তিনি ওই প্রসঙ্গ এড়িয়ে যান।