‘কক্সবাজার-চট্টগ্রাম-টেকনাফ’ মহাসড়কের বিভিন্ন স্থানে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) অধিগ্রহণ করা ৩০০ একরের বেশি জমি বেদখলে চলে গেছে। এসব জমিতে তৈরি করা হচ্ছে বহুতল বাণিজ্যিক ভবন, হোটেল-মোটেল, শিক্ষাপ্রতিষ্ঠান, বসতবাড়িসহ নানা ধরনের অবকাঠামো।২০০৭ সালে সওজ সেনাবাহিনীর নেতৃত্বে এই দুই মহাসড়কের দুই পাশে পাকা ভবন, হাটবাজার, বিপণিবিতান, দোকানপাট, বাসাবাড়িসহ কমপক্ষে পাঁচ হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ৩০০ একরের বেশি সরকারি জমি উদ্ধার করেছিল। কিন্তু তদারকির অভাব ও রাজনৈতিক প্রভাবে সেসব জমি আবারও বেদখলে চলে গেছে। গত তিন বছরে ওই সব জমিতে তৈরি করা হয়েছে প্রায় সাত হাজার অবৈধ স্থাপনা। সরেজমিনে অনুসন্ধান ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক সওজের একজন কর্মকর্তা বলেন, অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযানের প্রস্তুতি নিলে এক মহল নানা ধরনের চাপ প্রয়োগ করে। এ কারণে মহাসড়কের দুই পাশের জমি রক্ষা করা যাচ্ছে না। জেলা সড়ক বিভাগ সূত্র জানায়, মহাসড়কের পাশে এসব জমি অধিগ্রহণ করা হয়েছিল ১৯৫৪-১৯৫৫ ও ১৯৯১-১৯৯২ সালে। কিন্তু ওই সময় ঠিক কী পরিমাণ জমি অধিগ্রহণ করা হয়েছিল, সড়ক বিভাগের কাছে সে হিসাব নেই। সওজ সূত্র জানায়, মহাসড়কের দুই পাশে কোথাও ৫২ ফুট, আবার কোথাও ১০০ ফুট জমি সওজের নামে অধিগ্রহণ করা হয়েছিল। জমির বিপরীতে তখন অধিগ্রহণের টাকাও পরিশোধ করা হয়েছিল। এখন টেকনাফ থেকে কক্সবাজার হয়ে চকরিয়ার হাবরাং পর্যন্ত ১৫৬ কিলোমিটার মহাসড়কের দুই পাশে অধিগ্রহণ করা ৩০০ একরের বেশি জমি অবৈধ দখলে চলে গেছে। এসব জমিতে তৈরি করা হয়েছে সাত হাজারেরও বেশি অবৈধ স্থাপনা।লিংক রোড এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উত্তর পাশে সওজের জমিতে পাকা ভবন নির্মাণ করছেন স্থানীয় সিকদারপাড়ার শাকের উল্লাহসহ অপর একজন। এর পাশেই বসতবাড়ি তৈরি করছেন লিংক রোড এলাকার লিয়াকত আলীসহ অনেকে। সড়কের উল্টো পাশে তৈরি হচ্ছে বিশাল মার্কেট ও বসতবাড়ি। স্থানীয় স্কুলশিক্ষক মো. শহীদুল্লাহ বলেন, সড়কের দুই পাশ দখল হয়ে যাওয়ায় হাঁটার রাস্তাও সংকুচিত হয়ে পড়েছে। লোকজনকে চলাচল করতে হচ্ছে মহাসড়কের ওপর দিয়ে। সরকারি জমিতে অবকাঠামো নির্মাণের অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে শাকের উল্লাহ ও লিয়াকত আলী দাবি করেন, তাঁরা এসব জমি কিনে অবকাঠামো নির্মাণ করছেন।সরেজমিনে দেখা যায়, শুধু এই লিংক রোডকে ঘিরেই সড়কের পাশে শতাধিক অবৈধ স্থাপনা তৈরি করা হয়েছে। সওজের ভাষ্য, শহরের কলাতলী বাইপাস সড়কের দক্ষিণ পাশে (ফিঙ্গার রোড) তাদের জমি দখল করে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণ করছে বেসরকারি আবাসন প্রতিষ্ঠান ‘ডায়নামিক কক্স কিংডম লিমিটেড’। এর উত্তর পাশে সড়কের পাশের জমি দখল করে ‘মেরিন ফুডস রেস্তোরাঁ’ নির্মাণ করেছেন কলাতলী গ্রামের হাবিবুর রহমান সওদাগর। কলাতলী টিঅ্যান্ডটি পাহাড়ের পূর্ব পাশে সওজের জমি দখল করে ঘর নির্মাণ করছে বেসরকারি আবাসন প্রতিষ্ঠান ‘আরএফ বিল্ডার্স।’জানতে চাইলে ডায়নামিক কক্স কিংডম লিমিটেডের পরিচালক সাইফুল ইসলাম চৌধুরী বলেন, ‘ব্যক্তিমালিকানাধীন জমিতে আমরা ছয়তলা স্টুডিও অ্যাপার্টমেন্ট ভবন নির্মাণ করছি।’ তিনি বলেন, তাঁরা ১৬ শতক জমি সড়কের জন্য ছেড়ে দিয়েছেন। এখন সওজ যদি এ জমি তাদের দাবি করে, তাহলে কিছু বলার নেই। সাইফুল ইসলাম চৌধুরী আরও বলেন, সওজের সঙ্গে দুইবার যৌথ জরিপ চালিয়ে বহুতল ভবনের নির্মাণকাজ শুরু করা হয়েছে। মেরিন ফুডস রেস্তোরাঁর মালিক হাবিবুর রহমান সওদাগর বলেন, এই জমি তিনি কিনেছেন। তাঁর কাছে বৈধ কাগজপত্র রয়েছে। আরএফ বিল্ডার্সের কক্সবাজারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, ‘আমাদের দখলে সরকারি জমি থাকলে তা অবশ্যই ছেড়ে দেব।’সওজের কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম জানান, ইতিমধ্যে রামু ও উখিয়ার বিভিন্ন অংশে উচ্ছেদ অভিযান চালিয়ে এক হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ১০ একর জমি উদ্ধার করা হয়েছে। তিনি জানান, কলাতলীর কয়েকটি আবাসন প্রতিষ্ঠানের মালিক, বাইপাস সড়কের দুই পাশের দখলদার শতাধিক ব্যক্তির বিরুদ্ধে ১২০টি মামলা হয়েছে। কিছুদিন আগে মহাসড়কের দুই পাশে জমির দখলদার হিসেবে ১৩০ জনের তালিকা তৈরি করা হয়েছে।নির্বাহী প্রকৌশলী বলেন, কক্স-বাজার-চট্টগ্রাম মহাসড়কের লিংক রোডসহ বিভিন্ন স্থানের কিছু দখলদারকে অবকাঠামো সরিয়ে নিতে নোটিশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে অবকাঠামো সরিয়ে না নিলে তাদের বিরুদ্ধে উচ্ছেদ মামলা করা হবে। অবৈধ হাটবাজার: কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত ৭৯ কিলোমিটার মহাসড়কে অবৈধ হাটবাজারের সংখ্যা ৩৩টি। অন্যদিকে কক্সবাজার থেকে চকরিয়ার হারবাং পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ৭৭ কিলোমিটার সড়কে রয়েছে ২২টি অবৈধ হাটবাজার। সড়কের ওপর এবং দুই পাশ দখল করে এসব বাজার ও দোকানপাট গড়ে তোলায় সড়কে যানজটের সৃষ্টি হচ্ছে।১৩০ দখলদার: চকরিয়া থেকে টেকনাফ মহাসড়কের এই ১৫৬ কিলেমিটারের মধ্যে হলিডে মোড় থেকে কলাতলী হয়ে লিংক রোড পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়কের দুই পাশে অধিগ্রহণ করা শত কোটি টাকা দামের ৩৭ দশমিক ৮৭ একর জমি দখল করে রেখেছে ১৩০ ব্যক্তি ও প্রতিষ্ঠান। সম্প্রতি সওজ বিভাগ দখলদারের একটি তালিকা তৈরি করে ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন মহলে পাঠিয়েছে।