সকলই ফুরালো স্বপনপ্রায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চৌদ্দ দিন পর আবারও ৫৮-এর রঙ্গমঞ্চে। আবারও সেই দুঃস্বপ্নে প্রত্যাবর্তন। ৫৮-এর পর ৭৮। সংখ্যা দুটি এমনই বিদ্রূপের হাসি হাসছে যে, মাঝখানে দুই জয়ের সুখস্মৃতিও হারিয়ে যাওয়ার উপক্রম!বাংলাদেশের জন্য এই ম্যাচের নাম ছিল—মারো নয় মরো! বাংলাদেশ এমনভাবেই ‘মরল’ যে, দেশের মাটিতে বিশ্বকাপ রং হারিয়ে এখন শুধুই আরেকটি টুর্নামেন্ট। কোয়ার্টার ফাইনালে ওঠার পথ ছিল একটাই—দক্ষিণ আফ্রিকাকে হারানো। বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে বড় পরাজয়ের পর এই কথাটা মনে করিয়ে দেওয়াটাই মনে হচ্ছে নির্মম রসিকতা!এই ম্যাচের প্রথাগত ম্যাচ রিপোর্ট লেখার চেষ্টা করাটাও কি তা-ই নয়! বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে এক লাইনেই তা সেরে দেওয়া যায়—বোলিং খারাপ হয়েছে, ফিল্ডিং হয়েছে আরও খারাপ আর ব্যাটিং বোঝাতে ‘জঘন্য’ বলাটাকেও মনে হচ্ছে উদারতা!তা হলে কী করা? টুকরো টুকরো কিছু ছবিই নাহয় থাক—ত্রিমূর্তিহীন দক্ষিণ আফ্রিকাবাংলাদেশ জিতে গেলে (!!) কোয়ার্টার ফাইনালের দৌড়ে থাকা গ্রুপের অন্য তিন দল দক্ষিণ আফ্রিকার ওপর খুব রাগ করত! ২০৬ রানে হারের পর হাস্যকর শোনায়, কিন্তু বাংলাদেশের স্বপ্নপূরণের সেরা সুযোগটা কিন্তু করে দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। এই বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার সেরা ব্যাটসম্যানকে (এবি ডি ভিলিয়ার্স) বসিয়ে রাখা হলো। স্টেইন-মরকেল নামের দুই পেস-ত্রাসও বিশ্রামে। টসের সময় প্রতিপক্ষের খেলোয়াড় তালিকা দেখেই একটু নির্ভার বোধ করার কথা সাকিবদের। নির্ভার? চাপে পিষ্ট বাংলাদেশ দলের জন্য বিভীষিকা হয়ে গেলেন লনওয়াবো সতসোবে। বিশ্বকাপ অভিষেকেই বাঁহাতি পেসার ১৪ রানে ৩ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ।সাকিব এবং বাকিরা৫, ৪, ২, ৫, ৩, ৫, ৮, ০, ০, ৮। এগুলো কী? বাংলাদেশের ১০ ব্যাটসম্যানের রান। বাকি থাকেন একজন। সাকিব আল হাসান করেছেন ৩০ রান। বাকি ১০ জন মিলে অবশ্য তাঁকে ছাড়িয়ে যেতে সক্ষম হয়েছেন। সংখ্যাগুলো যতই দীনহীন দেখাক, যোগ করলে কিন্তু ৪০ হয়ে যায়! (প্রাসঙ্গিক তথ্য: ৫৮-এর ইনিংসে দুই অঙ্ক ছুঁয়েছিলেন দুজন। জুনায়েদের ২৫ ও আশরাফুলের ১১ মিলে ৩৬, বাকি ৯ জন মিলে করেছিলেন ২০)।পার্টনারশিপ অথবা তা না হওয়ার গল্পবাংলাদেশের ইনিংসে দুই অঙ্কের পার্টনারশিপ আছে তিনটি—ষষ্ঠ উইকেটে ২২, শেষ উইকেটে ১৬ ও পঞ্চম উইকেটে ১৫। তিনটির যোগফল দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ পার্টনারশিপের চেয়ে ৪৫ রান কম! উদ্বোধনী জুটিতে গ্রায়েম স্মিথ ও হাশিম আমলার ৯৮ বাংলাদেশের মোট রানের চেয়েই তো ২০ রান বেশি!চেনা বিষেই নীলদক্ষিণ আফ্রিকায় হীরার খনি আছে। আর বাংলাদেশে আছে বাঁহাতি স্পিনারের খনি। ঘরোয়া ক্রিকেট বলুন বা জাতীয় দলের নেট—বাংলাদেশের ব্যাটসম্যানদের নিত্যই দেখা হয় বাঁহাতি স্পিনের সঙ্গে। প্রতিদিন দেখা হলেও অনেকের সঙ্গে খাতির হয় না। রবিন পিটারসন একটু পরপর হা হা হাসিতে ভালো করেই বুঝিয়ে দিলেন তা। ৫ ওভার শেষে দক্ষিণ আফ্রিকান বাঁহাতি স্পিনার ৫-৩-৪-৩। শেষ পর্যন্ত ৭-৩-১২-৪, ক্যারিয়ার-সেরা বোলিং। পিটারসন অবশ্য ক্রিকেট ইতিহাসেই খুব বিখ্যাত। কারণ, টেস্ট ক্রিকেটে এক ওভারে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ডটি তাঁরই (২৮, ব্রায়ান লারা, ৪ ৬ ৬ ৪ ৪ ৪)। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের এখন প্রথম কোনটি মনে পড়বে?বিশ্বকাপে প্রাপ্তি-অপ্রাপ্তিলক্ষ্য পূরণ: স্বপ্নচারীরা আকাশকুসুম চয়ন করতেই পারেন। তবে বিশ্বকাপের আগে বাস্তবোচিত স্বপ্ন ছিল তিনটি জয়। আয়ারল্যান্ড ও হল্যান্ড তো অবশ্যই, সঙ্গে বড় চার দলের একটিকে ধরে ফেলা। ইংল্যান্ডকে হারিয়ে দ্বিতীয়টিও হয়েছে। বাংলাদেশের বিশ্বকাপ-মিশন তো তাহলে সফলই বলতে হবে!যেখানে দুঃখ: তিন জয়ের সঙ্গে ভারতের বিপক্ষে ম্যাচটিকেও মোটামুটি মেনে আনন্দ পাওয়ার আছে। কিন্তু বাকি দুটি ম্যাচে ৫৮ ও ৭৮ রানের কলঙ্ক আনন্দ-টানন্দ বঙ্গোপসাগরে উড়িয়ে ফেলছে। বিশ্বকাপেই বাংলাদেশের সর্বনিম্ন দুটি স্কোর। অগৌরবের আরও কিছু রেকর্ড আছে—বাংলাদেশের বিপক্ষেই হয়েছে দলীয় ও ব্যক্তিগত সর্বোচ্চ রান (ভারতের ৩৭০/৪, বীরেন্দর শেবাগ ১৭৫)। কাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বোলিং পাওয়ার প্লের ৫ ওভারে মাত্র ৭ রানও এই বিশ্বকাপের রেকর্ড।চাপ! চাপ!! চাপ!!!৭৮-এর কারণ কি প্রেশার, না ব্যাটসম্যানদের প্রয়োগক্ষমতার অভাব? সাকিবের এক শব্দের উত্তর—প্রেশার। হ্যাঁ, চাপ তো ছিলই। কোয়ার্টার ফাইনাল-কোয়ার্টার ফাইনাল স্লোগান তুলছিল পুরো দেশ। তবে কিথ মিলার শুনলে খুব রাগ করতেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুদ্ধবিমানের পাইলট ছিলেন প্রয়াত অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। ক্রিকেট খেলায় চাপের প্রসঙ্গে তাঁর বিখ্যাত উক্তি: চাপের কথা যদি বলেন, পশ্চাদ্দেশে মেসার্সস্মিট (এক ধরনের যুদ্ধবিমান) লেগে থাকা হলো চাপ, ক্রিকেট খেলা চাপ হতে যাবে কেন?সেরা উক্তিআমরা এমন ভাবিনি। দর্শকেরা সম্ভবত এ ব্যাপারে বেশি উৎসাহী ছিল।—গ্রায়েম স্মিথ। বাংলাদেশকে ৫৮ রানের নিচে অলআউট করার লক্ষ্য ছিল কি না প্রশ্নের জবাবে।শেষের কবিতাবাংলাদেশের বিশ্বকাপ তাহলে শেষই হয়ে গেল! কেন, আজ যদি ভারত বড় ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারায়! ব্যবধানটা কত হতে হবে? সেই হিসাব না করাই ভালো। স্বপ্নভঙ্গের এই বিষণ্ন দিনরাত্রিতে রসিকতা করা ঠিক নয়!