১৫ রোজার পর থেকে যশোরে ঈদের বাজার জমজমাট হয়ে উঠেছে। চাকরিজীবীরা বেতন-বোনাস পাওয়ায় শহরজুড়ে এখন মানুষের কোলাহল। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কেনাকাটার ধুম।শহরের কাপড়পট্টি, চুড়িপট্টি, মুজিব সড়ক, বড় বাজার (এইচ এমএম সড়ক), সিটি প্লাজা, মতি শপিং মল, কালেক্টরেট মার্কেট, জেস টাওয়ারসহ বিভিন্ন মার্কেট এবং শহরতলির সুচশিল্প ও দর্জিবাড়ি ঘুরে এ চিত্র দেখা গেছে।বাহারি নামের বাহার: শহরের সব মার্কেটেই চোখধাঁধানো পণ্যের পসরা সাজিয়ে রাখা হয়েছে। এসব পণ্যের আবার বিভিন্ন নামকরণও করা হয়েছে। কোনোটির নাম দেওয়া হয়েছে উৎপাদনের সময়, আবার কোনোটির নাম দিয়েছেন দোকানিরা।দেশীয় কাপড়ের তৈরি নানা নামের কাটিংয়ের (শেভড) মেয়েদের পোশাকে এখন বাজার পরিপূর্ণ। থ্রিপিসের মধ্যে রয়েছে অক্টোপাস, শাকিরা, ওয়াকা ওয়াকা, মাসাককালি প্রভৃতি। শাড়ির মধ্যে রয়েছে হস্তশিল্পের কাজ করা ঘরগাছ, ক্রুশকাটা ও অ্যাবলিকের নকশা, জামদানি, টাঙ্গাইল ও মসলিন কাপড়ের ওপর ব্লক ও বুটিকের নকশা।ছেলেদের পাঞ্জাবির মধ্যে রয়েছে শেরওয়ানি, খাদি, জামদানি ও রাজশাহী সিল্ক কাপড়ের ওপর কারচুপি ও সুচশিল্পের কাজ করা পাঞ্জাবি। শিশু ও কিশোর-কিশোরীদের জন্য টপ-টাইস, সাকিরা, স্কার্ট, বাবা স্যুট উল্লেখযোগ্য।কোথায় কী পাবেন: একেকটি পণ্যের জন্য একেকটি স্থানের সুনাম রয়েছে।হস্তশিল্পের পোশাকের জন্য মুজিব সড়ক: মধ্যবিত্ত ও উচ্চবিত্তের মানুষই এ বাজারের মূল ক্রেতা। নিজস্ব কারখানায় উৎপাদন করা হয় দোকানগুলোর পোশাক-পরিচ্ছদ। এ বাজারের ‘সুতোয় বোনা’ দোকানের ব্যবস্থাপক এস এম কালাম প্রথম আলোকে বলেন, ‘এখানকার সব পণ্য দেশীয় কাপড়ের তৈরি। বাঙালি ঐতিহ্যের সঙ্গে মিল রেখে পোশাকে নকশা এঁকে এখানকার নারী শ্রমিকদের দিয়ে সুচশিল্পের কাজ করানো হয়।’এখানে কারচুপি, ব্লক ও বুটিকের থ্রিপিস পাওয়া যাচ্ছে দেড় থেকে পাঁচ হাজার টাকায়, জামদানি, মসলিন, রাজশাহী সিল্ক ও সুতি কাপড়ের ওপর সুচশিল্পের কাজ করা শাড়ি পাওয়া যাচ্ছে এক থেকে ২০ হাজার টাকায়, ছেলেদের বিভিন্ন নকশার পাঞ্জাবি ৬০০ থেকে চার হাজার টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে।বিদেশি ব্র্যান্ডের জিনস, গেঞ্জি ও শার্ট: মুজিব সড়কের মতি শপিং মলের জ্যানথিক ও কাপুড়িয়া পট্টির গোবিন্দ স্টোর তরুণ-তরুণীদের বিদেশি নানা ব্র্যান্ডের জিনস প্যান্ট, গেঞ্জি ও শার্টের সম্ভার সাজিয়ে বসেছে। তবে জিনস প্যান্টের জন্য সিটি প্লাজার জিনস বাজারও নাম করেছে।জ্যানথিকের স্বত্বাধিকারী আবু সাঈদ জানান, তিনি ইতালি, থাইল্যান্ড ও চীন থেকে জিনস, গেঞ্জি ও শার্ট আমদানি করেন। এবার জিনস প্যান্টের মধ্যে ইতালি থেকে ভার্সেস, ফ্যাংকি মোরো, আরমানি, ডলসি অ্যান্ড গাভানা, কানাডিয়ান ডিসকো ও কোরিয়াং ব্র্যান্ডের তাকাসি, থাইল্যান্ড থেকে ডিজেল, টিবি ওয়াই, এফ ফোর, ডি ফোর ইউ, স্প্রিট, এনার্জি ও ইউরোক্লো এবং চায়না থেকে জিংজি, হাগ জিয়াং ব্র্যান্ডের প্যান্ট আমদানি করেছেন। যার দাম এক হাজার ৪০০ থেকে তিন হাজার ২০০ টাকা পর্যন্ত।একই সঙ্গে আমদানি করা হয়েছে গেঞ্জি ও শার্ট। গিফিনি, কার্ভেন, অ্যারো, কে অ্যান্ড জি, স্প্রিট ৯৬, ক্লাস সেভেন ব্র্যান্ডই উল্লেখযোগ্য। এর দাম পড়বে ৭৫০ থেকে তিন হাজার ৮০০ টাকা পর্যন্ত।দেশি-বিদেশি শাড়ি: সুতা ও বুননের নিশ্চয়তার নির্ভরযোগ্য দোকানগুলো হচ্ছে শহরের কাপুড়িয়া পট্টিতে। মূলত শাড়ি কাপড়ের জন্যই এ বাজার বিখ্যাত।এ বাজারের শত বছরের ব্যবসায়িক ঐতিহ্য ধরে রাখা প্রতিষ্ঠান হচ্ছে মনমা বস্ত্রালয়। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী চিন্ময় সাহা প্রথম অলোকে বলেন, ‘একদিনে শাড়ি কাপড়ের ব্যবসায়ী হওয়া যায় না। এটি একটি ঐতিহ্যবাহী ব্যবসা। মানুষের আস্থা অর্জন করাই হচ্ছে এ ব্যবসার মূল কথা।’শাড়ির মধ্যে মসলিন, জামদানি ও টাঙ্গাইলের সুতি থানের ওপর ব্লক, অ্যাপলিক ও কারচুপির কাজ করা শাড়ি। এর দাম ৯০০ থেকে দুই হাজার টাকা পর্যন্ত। আর একটু বয়স্ক ব্যক্তিরা পছন্দ করছেন তাঁতের বালুচুড়ি ও জামদানি। এসব শাড়ির দাম নেওয়া হচ্ছে ৭০০ থেকে তিন হাজার টাকা পর্যন্ত।একই মার্কেটে সবকিছু: চলমান সিঁড়ি ও বিশাল অ্যাকুরিয়াম-সংবলিত শহরের আধুনিক মার্কেট হিসেবে গড়ে উঠেছে সিটি প্লাজা। এখানে সব ধরনের পণ্যের দোকান রয়েছে। এ মার্কেটের নিচতলায় রয়েছে প্রসাধনসামগ্রী ও তৈরি পোশাকের দোকান, দ্বিতীয় তলায় জুতা ও শাড়ি এবং তৃতীয় তলায় রয়েছে বিউটি পার্লার ও ইলেকট্রনিকসের দ্রব্যাদি।এ মার্কেটের টপ ওয়ান সুজের স্বত্বাধিকারী শেখ মামুনুর রহমান জানান, শাড়ি, থ্রিপিস ও পাঞ্জাবি কেনার শেষে মিল করে ক্রেতারা জুতা কিনতে আসেন। এ জন্য সাধারণত ২০ রোজার পর থেকে জুতার দোকান জমজমাট হয়।শিশু, কিশোর ও তরুণেরা এ বছর স্পোর্টস (খেলা) কোয়ালিটির কেটস ও স্যান্ডেল এবং তরুণীরা পাথর বসানো স্যান্ডেল বেশি পছন্দ করছেন।প্রসাধনী: কেনাকাটা শেষে ভিড় বাড়ে প্রসাধনসামগ্রীর দোকানে। প্রয়োজন হয় পোশাকের সঙ্গে মিল করে কানের দুল, হাতের চুড়ি ও টিপ সংগ্রহ করার। সঙ্গে থাকে সুগন্ধি ও ঘর গোছানোর সামগ্রী। তবে আসল প্রসাধনসামগ্রী চেনাটাই বড় কথা। বাজারে নকল প্রসাধনসামগ্রীতে ছেয়ে গেছে। এ জন্য দেখেশুনে কিনতে হবে।শহরের চুড়িপট্টির ফেন্সি মার্কেট হচ্ছে প্রসাধনসামগ্রীর মূল বাজার। এ বাজারে প্রসাধনের শ দুয়েক দোকান রয়েছে। তবে ইমিটেশন গয়নার জন্য যেতে হবে স্বর্ণপট্টিতে। স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় এ পট্টির শতাধিক দোকানে এখন স্বর্ণের কাজ প্রায় বন্ধ হয়ে গেছে। ব্যবসা বাঁচিয়ে রাখার তাগিদে স্বর্ণ ব্যবসায়ীরা এখন পিতল ও কাঁসার মিশ্রণে তৈরি করছেন ব্রোঞ্জ ও রুপার তৈরি গয়নার ওপর সোনালি রঙের এক ধরনের কেমিক্যাল ব্যবহার করে তৈরি করছেন গ্লিটি গয়না। এসব গয়না এখন তরুণীদের কাছে বেশ সমাদৃত। দামও অনেকটা কম।নিউ বাণী জুয়েলার্সের ব্যবস্থাপক কমল রায় প্রথম আলোকে বলেন, ‘স্বর্ণপট্টির ৮০ ভাগ দোকানে এখন এ গয়না তৈরির কাজে চলছে। বালা, হার, সীতাহার মালতাশা, আংটি, গলার চেইন, কানের ঝুমকা, টিকলি—সবই এখন এ প্রক্রিয়ায় তৈরি হয়।’সিটি প্লাজার মৃধা কসমেটিকসের স্বত্বাধিকারী আবদুর রহমান মৃধা জানান, সবকিছু কেনাকাটা শেষে মেয়েরা ম্যাচিং করে কানের দুল, চুড়ি কিনতেই এখন কসকেটিকসের দোকানে ভিড় জমাচ্ছে। দর্জিবাড়ির হালচাল: দর্জিবাড়ির দর্জিরা ১৫ রোজার পরে সাধারণত আর নতুন পোশাক তৈরির কোনো অর্ডার নেন না। এ জন্য ঈদ যত কাছে আসে, তাঁদের বেচাবিক্রিও তত কমতে থাকে। তবে চাঁদরাতের আগে দর্জিদের হাতের কাজ সব শেষ করতে হয়। তাই এখন আর তাঁদের দম ফেলার সময় নেই। শহরের বড় বড় টেইলার্স দোকানের পাশাপাশি ছোট ছোট দোকানেরও এখন একই চিত্র। শহরের কাজীপাড়া এলাকার দর্জিবাড়ির সুফিয়া খানম জানান, ১৫ রোজার পর থেকে কাজের অর্ডার নেওয়া বন্ধ করা হয়েছে। হাতে যে কাজ জমা আছে তা চাঁদরাতের আগে ডেলিভারি দিতে হবে। তাই গভীর রাত পর্যন্ত কাজ করতে হচ্ছে।সুচশিল্পের নারীদের ব্যস্ততা: যশোরের নারীদের হাতে বোনা বাহারি নকশার কারুকাজ দেশবিখ্যাত। দেশের গণ্ডি পেরিয়ে জাপানসহ বিভিন্ন দেশের বাজারেও এখানকার নকশি কাঁথা স্থান করে নিয়েছে।শাড়ি, নকশি কাঁথা, মেয়েদের থ্রিপিস আর ছেলেদের পাঞ্জাবি-ফতুয়ায় নকশা ও বুননের কাজে এখন নারীরা মহাব্যস্ত। ঈদ-পূজা এলেই তাঁদের বাড়তি কাজের চাপ পড়ে। চাঁদরাতের আগেই হাতের সব কাজ শেষ করতে হয়। তাই রাত-দিন এক করে নিপুণ হাতে ফোঁড় তুলতে হয় শাড়ি-নকশি কাঁথার নকশার শ্রমিকদের।শহরের বারান্দি মোল্লাপাড়া, হুসতলা, সুলতানপুর, নাজির শংকরপুর, নীলগঞ্জ, শেখহাটি জামরুলতলা, কাজীপাড়া পুরাতন কসবা, লিচু বাগান, ঘোপ ও বেজপাড়া এলাকার কয়েক শ নারী নিপুণ হাতে এ কাজ করে যাচ্ছেন। সম্প্রতি বারান্দি মোল্লাপাড়া এলাকায় সরেজমিনে দেখা যায়, অধিকাংশ বাড়িতে চলছে সুচশিল্পের কাজ। কেউ শাড়ির উপর নকশার ছাপ দিচ্ছেন। কেউ সুতা ছাড়াচ্ছেন। আবার কেউ সুচের ফোঁড়ে সুতা দিয়ে বুননের কাজে ব্যস্ত। এ সময় তাঁদের সঙ্গে কেউ কথা বলতে এলে ফোঁড় দিতে দিতেই তাঁদের কথা বলতে ও শুনতে হচ্ছে। শাড়ি বা নকশি কাঁথার ওপর থেকে মুখ তুলে কথা বলার ফুরসত পর্যন্তও এখন তাঁদের নেই। কারণ চাঁদরাতের আগেই হাতের কাজ শেষ করতে হবে। সাজেদা রহমানের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে কথা বলে জানা গেল, তিনি হচ্ছেন ওই এলাকার সুচশিল্পের নারীদের মহাজন। তিনি বিভিন্ন এলাকার নারীদের দিয়ে ১০ থেকে ১২ বছর ধরে এ কাজ করাচ্ছেন। তিনি বলেন, ১৩ রোজা পর্যন্ত তিনি ৩০টি শাড়ি, ১১টি থ্রিপিস, সাত থেকে আটটি ছেলেদের পাঞ্জাবি, তিনটি নকশি কাঁথা ও বিছানা চাদরের কাজ শেষ করিয়েছেন। আরও ৬০ থেকে ৭০টি শাড়ির অর্ডার রয়েছে তাঁর হাতে; যা ঈদের আগে ডেলিভারি দিতে হবে। রয়েছে ফতুয়া, পাঞ্জবি, বিছানার চাদর ও নকশি কাঁথা। শহরের জেস টাওয়ার, সিটি প্লাজাসহ বিভিন্ন বড় বড় মার্কেটের শোরুম থেকে তাঁকে কাজের অর্ডার দেওয়া হয়। এ ছাড়া কুষ্টিয়া, মাগুরা, ঢাকাসহ বিভিন্ন এলাকার বড় বড় মার্কেটের শোরুম থেকেও পাইকারি কাজের অর্ডার আসে তাঁর কাছে। শাড়ির নকশার মধ্যে ক্রশের নদী, ৯০ পাঠ, সাত পাঠ, ৫০ পাঠ, কৃষ্ণবাটি, চিরাপাতা, কাঁথাফোঁড় ও ঘরগাছ নকশার শাড়িই ক্রেতারা বেশি পছন্দ করছে বলে তাঁর অভিমত। ক্রশের শাড়ি এক হাজার ২০০ থেকে এক হাজার ৫০০, ঘরগাছ নকশার শাড়ি এক হাজার ৩৫০ থেকে এক হাজার ৬০০, বনফুল ৭০০ থেকে ৯০০ ও কৃষ্ণবাটি ৫০০ থেকে ৬৫০ টাকায় বিক্রি করা হচ্ছে বলে তিনি জানান।