সকাল থেকে রাত পর্যন্ত খোলাবাজারে চাল বিক্রি করবে সরকার: খাদ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক বলেছেন, খোলাবাজারে চাল বিক্রির (ওএমএস) পরিমাণ ও সময় বৃদ্ধি করা হবে। চালের দাম বৃদ্ধির সুযোগ যাতে কোনো ব্যবসায়ী নিতে না পারেন, তাই দিনভর ওএমএসের চাল বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, মজুদদারদের কারণে যাতে চালের দাম না বাড়ে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।খাদ্যমন্ত্রী আজ শনিবার সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় ওএমএসের কার্যক্রম পরিদর্শনকালে চাল কিনতে আসা জনসাধারণ এবং ডিলারদের উদ্দেশে এসব কথা বলেন।এ সময় খাদ্যমন্ত্রী চাল কিনতে আসা জনসাধারণ এবং ডিলারদের সঙ্গে ওএমএস কার্যক্রমের বিষয়ে কথা বলেন। তিনি চালের মান, মূল্য, বিক্রয়ের সময়, ডিলারপ্রতি চালের বরাদ্দ এবং চালের মাপের বিষয়ে জনসাধারণের মতামত জানতে চান।উপস্থিত ক্রেতারা ওএমএসএ মাথাপিছু চালের পরিমাণ এবং বিক্রয়ের সময়সীমা বৃদ্ধির দাবি করেন। মন্ত্রীকে তাঁরা বলেন, বিকেল পাঁচটা পর্যন্ত চাল বিক্রি করায় অনেক কর্মজীবী লোক দিনের কাজ শেষে চাল কিনতে পারেন না। সকালে চাল কিনে কাজে যাওয়া তাঁদের পক্ষে সম্ভব হয় না। তাই মন্ত্রী বিকেল পাঁচটার পরও চাল বিক্রির জন্য ডিলারদের অনুরোধ করেন। এ সময় ডিলাররা বলেন, দিনভর চাল বিক্রয় করতে হলে পরিমাণ বৃদ্ধি করতে হবে। মন্ত্রী ওএমএসের চালের পরিমাণ বৃদ্ধির জন্যও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। বর্তমানে প্রতিটি ওএমএসের দোকানে দিনে এক টন এবং গাড়িতে চার টন করে চাল দেওয়া হয়। অধিকাংশ স্থানেই দুপুরের মধ্যে এসব চাল শেষ হয়ে যায়। বর্তমানে সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চাল বিক্রি করা হয়।