সকাল-সন্ধ্যা হরতাল আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি আজ রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। হরতাল সফল করতে দলটির নেতা-কর্মীরা গতকাল শনিবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গণসংযোগ-মিছিল করেছেন। গতকাল রাতে কাকরাইল মোড়ে একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে।তবে সরকারি দল আ.লীগ চিরাচরিত প্রথার বাইরে এসে বিরোধী দলের হরতাল প্রতিহত করতে কোনো কর্মসূচি দেয়নি। তবে সাম্প্রতিক সময়ের আলোচিত-সমালোচিত ছাত্রসংগঠন ছাত্রলীগ হরতাল প্রতিহত করার ঘোষণা দিয়েছে।গ্যাস, বিদ্যুৎ ও পানির সংকট; দখল, টেন্ডারবাজি, ছাত্রী লাঞ্ছনা, চাকরিচ্যুতি বন্ধ; ভারতের সঙ্গে অসম চুক্তি বাতিল, নির্বাচন কমিশনের পদত্যাগ, দ্রব্যমূল্য বৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচার বিভাগকে দলীয়করণ এবং গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ বন্ধসহ বিভিন্ন দাবিতে এ হরতাল ডাকা হয়। গত ১৯ মে পল্টন ময়দানে বিএনপির ঢাকা বিভাগীয় মহাসমাবেশ থেকে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হরতাল কর্মসূচি ঘোষণা করেন।২০০৭ সালের ১১ জানুয়ারি সর্বশেষ দেশব্যাপী অবরোধ কর্মসূচি পালিত হয়। এর আগে ২০০৬ সালে বিচারপতি কে এম হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান না করতে আওয়ামী লীগ হরতালের ডাক দেয়। গত সাড়ে তিন বছরে দেশব্যাপী এটাই প্রথম পূর্ণদিবস হরতাল। তবে বর্তমান সরকারের সময় তেল-গ্যাস, বিদ্যুৎ-খনিজসম্পদ ও বন্দর রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে অর্ধ দিবস এবং বিএনপির নেতা হত্যা ও কর্মসূচিতে বাধা দেওয়ার প্রতিবাদে বিএনপি বগুড়ায় হরতাল পালন করে।গাড়িতে আগুন, পুলিশের বাধা: কাকরাইল মোড়ে রাতে একটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। কে বা কারা এটা করেছে, পুলিশ তা নিশ্চিত হতে পারেনি।মোহাম্মদপুরে পুলিশ গত রাতে হরতালের সমর্থনে বের করা মিছিলে লাঠিচার্জ করেছে বলে বিএনপি দাবি করেছে। তবে পুলিশ বলছে, আসাদ গেটের দিকে আসা মিছিল টাউন হল মার্কেটের সামনে আটকে দেওয়া হয়েছে। বিএনপির নেতারা দাবি করেন, পুলিশের লাঠিচার্জে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুকসহ কয়েকজন আহত হয়েছেন।হরতাল পালনে জনগণকে উদ্বুদ্ধ করতে গতকাল সকাল থেকে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা রাজধানীতে গণসংযোগ ও প্রচারপত্র বিলি করেন। বিকেলে বিএনপি থানায় থানায় মিছিল ও গণসংযোগ করে।দুপুরে নয়া পল্টন এলাকায় গণসংযোগ শেষে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, সরকার বিরোধী দলের নেতা-কর্মীদের শায়েস্তা করতে প্রশাসনকে ব্যবহার করছে। সারা দেশে বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে খোন্দকার দেলোয়ার সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, হরতালে বাধা দিলে সরকারের অবস্থা হবে তাদের জোটভুক্ত স্বৈরশাসকের মতো।বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মানবাধিকার রক্ষায় হরতাল সফল করার আহ্বান জানিয়েছেন। নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলের এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।হরতাল সফল করতে গত শুক্রবার সংবাদ সম্মেলনে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া। তিনি হরতালের দিন রাজপথে থাকতে জ্যেষ্ঠ নেতাদের নির্দেশ দেন।যেসব স্থানে থাকবে বিএনপি: বিএনপির দপ্তর সূত্রে জানা গেছে, রাজধানীতে মোট ৬০টি স্থানে দলের নেতা-কর্মীরা অবস্থান নেবেন। তবে সবচেয়ে বেশি সংখ্যক নেতা-কর্মী নয়া পল্টন দলীয় কার্যালয়ের সামনে, বিজয়নগর, মুক্তাঙ্গন, পল্টন, মগবাজার, মৌচাকে অবস্থান করবেন। এ ছাড়া মহাখালী, মিরপুর ১ নম্বর ও ১০ নম্বর গোলচক্কর, শ্যামলী আদাবর এবং সায়েদাবাদ, গাবতলী, সদরঘাট টার্মিনাল ঘিরে অবস্থান নেবে বিএনপি।মাঠে থাকবে শরিক ও সমমনারা: বিএনপি এককভাবে হরতালের ডাক দিলেও চারদলীয় জোটের শরিক দলগুলো হরতালে সমর্থন দেওয়ার পাশাপাশি নেতা-কর্মীদের নিয়ে মাঠেও থাকবে। জামায়াতে ইসলামী, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও ইসলামী ঐক্যজোট রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে হরতালের সমর্থনে মাঠে থাকবে। সমমনা ছয়টি রাজনৈতিক দল—জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), ন্যাপ (ভাসানী), ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) ও লেবার পার্টিও হরতালে সক্রিয় থাকার কথা জানিয়েছে। হরতালের সমর্থনে গতকাল নগরের ১৬টি থানায় মিছিল-সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।আওয়ামী লীগের কর্মসূচি নেই, ছাত্রলীগের আছে: আওয়ামী লীগের হরতালবিরোধী কোনো কর্মসূচি না থাকলেও দলটির ‘ভ্রাতৃপ্রতিম সংগঠন’ ছাত্রলীগ হরতাল প্রতিহত করার ঘোষণা দিয়েছে।আওয়ামী লীগের যুুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ প্রথম আলোকে বলেন, ছাত্রলীগ স্বতন্ত্র সংগঠন। তাদের ঘোষণার সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই। আওয়ামী লীগ উদার গণতান্ত্রিক দল। হরতালবিরোধী কোনো কর্মসূচি আওয়ামী লীগ নেবে না।তবে হানিফ বলেন, খালেদা জিয়া সাংবাদিক নির্যাতনের কথা বলে হরতাল ডেকেছেন। অথচ আজ সাংবাদিক হুমায়ুন কবীর বালুর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। ২০০৪ সালের এই দিনে খুলনায় তাঁকে হত্যা করা হয়। তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া এ হত্যাকাণ্ডের তদন্তও করতে দেননি।গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল শেষে অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশ করে ছাত্রলীগের নেতারা হরতাল প্রতিহত করার ঘোষণা দেন। ছাত্রলীগের নেতারা বলেন, দেড় মাস আগে ডাকা হরতালের এখন আর ন্যূনতম প্রয়োজন নেই। যেসব অভিযোগ এনে হরতাল ডাকা হয়েছে, তার সব কটি এরই মধ্যে শেষ হয়ে গেছে। হরতালের সুযোগে যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে জামায়াত-শিবিরের চক্র নাশকতা করতে পারে বলে আশঙ্কা করেন ছাত্রলীগের নেতারা। ছাত্রলীগের নেতারা ৮৭টি সাংগঠনিক জেলার সব নেতা-কর্মীকে আজ সারা দিন সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেন।নৈরাজ্য ঠেকানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, হরতালের নামে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে সরকার কঠোর হাতে তা দমন করবে। গতকাল আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।হরতালের আওতামুক্ত: বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সংবাদমাধ্যম, অ্যাম্বুলেন্স, গ্যাস-বিদ্যুৎ-পানিসহ জরুরি সেবাগুলো, লাশবাহী গাড়ি, জরুরি চিকিৎসাসেবা-সংক্রান্ত বিষয়গুলো হরতালের আওতামুক্ত থাকবে।