সকাল সাতটায় ঢাকা ছাড়লেন হুমায়ূন আহমেদ
উন্নত চিকিত্সার জন্য আজ বুধবার সকাল সাতটায় যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। কুয়েত এয়ারওয়েজের বিমানটি ছাড়ার কথা ছিল ভোর পাঁচটায়। কিন্তু বিমানটি দুই ঘণ্টা দেরিতে ঢাকা ছেড়ে গেছে। হুমায়ূন আহমেদের সঙ্গে যুক্তরাষ্ট্রে গেছেন স্ত্রী শাওন, দুই সন্তান নিষাদ হুমায়ূন ও নিনিত হুমায়ূন এবং পারিবারিক বন্ধু অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম।জানা গেছে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পরিচিত এক বন্ধুর বাসায় নয়তো হোটেলে থাকার কথা রয়েছে তাঁদের।গতকাল মঙ্গলবার বিকেলে প্রথম আলোকে হুমায়ূন আহমেদ বলেন, ‘আমেরিকায় আমি জীবনের লম্বা একটা সময় কাটিয়েছি। তার পরও আমেরিকায় যাওয়াটা আমার জন্য সব সময়ই একটা আতঙ্কের ব্যাপার। বিমানে করে যেতে হয়। দীর্ঘ ভ্রমণ। বিমানে কিছুই করার থাকে না। আমার বড় ধরনের উচ্চতাভীতি আছে। যতবারই নিচে তাকাই, মনে হতে থাকে সবকিছু ভেঙেচুরে বিমান এই বুঝি নিচে পড়ে গেল।’অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম জানান, হুমায়ূন আহমেদ সেখানে নিউইয়র্কের মেমোরিয়াল স্লোয়ান কেটারিং ক্যানসার সেন্টারে ভর্তি হবেন। সম্প্রতি সিঙ্গাপুরে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় তাঁর কোলনে টিউমার ধরা পড়ে। প্রাথমিক পরীক্ষায় চিকিত্সকেরা এটিকে ক্যানসার বলে সন্দেহ করছেন।যাওয়ার আগে হুমায়ূন আহমেদ চিকিত্সা শেষে সুস্থ হয়ে আবার পুরোদমে লেখালেখি শুরু করার আশা ব্যক্ত করেছেন।