সকালে কান্না দুপুরে হাসি অতঃপর বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আতঙ্ক থাকলেও বিয়ের আয়োজন চলছিল ধুমধাম করেই। কনের সাজগোজ থেকে শুরু করে রান্নাবান্নার আয়োজনও চলছিল। কিন্তু আনন্দঘন এই পরিবেশে হঠাৎ করে কান্নার রোল পড়ে যায়। বারবার মূর্ছা যেতে থাকেন বাবা ও মেয়ে। কিন্তু বেলা দুইটায় আবার সবার মুখে ফুটে ওঠে হাসি। শুরু হয় বিয়ের আয়োজন। এ চিত্র গতকাল শুক্রবার ঢাকার সাভার পৌর এলাকার ব্যাংক কলোনির একটি বাসার। বখাটেদের উৎপাতে স্কুলে যাওয়া বন্ধ করে মেয়েকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন সাভার ব্যাংক কলোনির বাসিন্দা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আবদুর রশীদ। কিন্তু বিয়ের এক দিন আগে গত বৃহস্পতিবার অন্তত ৩০ জন সন্ত্রাসী ওই বাসায় হানা দিয়ে আবদুর রশীদের মেয়ে সাহিরা শাওলিন শৈলীকে অপহরণের চেষ্টা চালায়। খবর পেয়ে দ্রুত পুলিশ আসায় রক্ষা পান তিনি। রাতে বরপক্ষের লোকজন এসে কনের গায়ে হলুদেও অংশ নেয়। কথা ছিল শুক্রবার বিয়ের আনুষ্ঠানিকতাও সম্পন্ন হবে।উভয় পক্ষের সিদ্ধান্ত অনুযায়ী সকাল থেকেই বিয়ের সব আনুষ্ঠানিকতা শুরু হয়। কনের বাড়িতে আসতে থাকে আত্মীয়স্বজন। বিয়ের আসর সাজিয়ে রান্নাবান্নার আয়োজন করা হয়। কিন্তু দুপুর ১২টায় বরের পরিবার থেকে বিয়েতে অপারগতা প্রকাশ করায় সব বন্ধ হয়ে যায়। বিয়েবাড়িতে শুরু হয় কান্নার রোল। একের পর এক হুমকি: গতকাল সকাল থেকেই বখাটে সোহাগ কনের বাবা ও বরকে হত্যার হুকুম দিতে থাকে। হুমকির মুখে বরের বাড়ির লোকজন ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে। দুপুর ১২টায় বিয়েতে অপারগতা প্রকাশ করে খবর পাঠানো হয় কনের বাসায়। তখন ওই বাসায় বিয়ের আয়োজন চলছিল। খবর পৌঁছানোর পরপরই পুরো বাড়িতে কান্নার রোল ওঠে। বারবার মূর্ছা যেতে থাকেন বাবা ও মেয়ে। পরিবারটির পক্ষ থেকে বারবার আকুতি জানিয়েও কোনোভাবেই বরের লোকজনের কাছ থেকে ইতিবাচক কোনো সাড়া পাওয়া যায়নি। যেভাবে রাজি: খবর পেয়ে বেলা দুইটায় কনের বাড়িতে উপস্থিত হন এ প্রতিবেদক। তখনো কান্না থামেনি। ভয়ে কনের বাড়ির পক্ষ থেকে ঘটনার বর্ণনা দিতেও রাজি হচ্ছিলেন না কেউ। পরে এক প্রতিবেশীর কাছ থেকে সব জেনে এ প্রতিবেদক বিষয়টি জানান সাভারের সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদকে। সঙ্গে সঙ্গে সাড়া পাওয়া যায় তাঁর কাছ থেকে। সাংসদের নির্দেশে একে একে কনের বাসায় উপস্থিত হন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা এবং ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) সাভার থানার একাধিক কর্মকর্তা। গ্রেপ্তার করা হয় বখাটে যুবক সোহাগের বাবা মজিবর রহমানকে। সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হায়দার সব ঘটনা শুনে কথা বলেন বর শফিকুল ইসলামের ভগ্নিপতি মনির হোসেনের সঙ্গে। এ সময় সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহাবুবুর রহমানও উপস্থিত ছিলেন। তাঁদের কাছ থেকে নিরাপত্তার আশ্বাস পেয়ে বিয়েতে রাজি হন মনির হোসেন। বিয়েতে কনের উকিল বাবা হন আওয়ামী লীগের নেতা আলী হায়দার। অবশেষে বিয়ে: শুক্রবার দিবাগত রাত দুইটায় জার্মানি যাওয়ার কথা থাকলেও সন্ধ্যা ছয়টায় কনের বাসায় উপস্থিত হন সাংসদ তৌহিদ জং মুরাদ। এর পরপরই উপস্থিত হন বর শফিকুল ইসলামসহ বরের আত্মীয়স্বজন। ডেকে আনা হয় কাজী ইসরাফিল হোসেনকে। এরপর আনন্দঘন পরিবেশে শুরু হয় বিয়ের আনুষ্ঠানিকতা। তিন লাখ টাকার দেনমোহর ধার্য করে কাজি বিয়ের আনুষ্ঠানিকতা সারেন। বিয়ের পর বরকে মিষ্টিমুখ করিয়ে দেন সাংসদ তৌহিদ জং মুরাদ।অনুষ্ঠান শেষে সাংসদ বলেন, ‘প্রথম আলোর প্রতিবেদকের ফোন পেয়েই আমি যেকোনো মূল্যে এ বিয়ে সম্পন্ন করার সিদ্ধান্ত নিই। সন্ত্রাসের কাছে মাথা নত করে বিয়ে ভেঙে যাবে, আমি বেঁচে থাকতে তা হতে পারে না। সাভারে সন্ত্রাসী ও ইভ টিজারদের কোনো স্থান নেই।’ কনের পরিবার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য কনের বাবা আবদুর রশিদ বলেন, ‘গতকাল সকাল থেকেই সোহাগ ও তাঁর বাবা আমাকেসহ আমার পরিবারের লোকজনকে বিভিন্ন মুঠোফোন থেকে হত্যার হুমকি দিতে থাকে। এরপরও বিয়ের আয়োজন করা হচ্ছিল। কিন্তু বরের পরিবারের পক্ষ থেকে অপারগতা প্রকাশ করায় বিয়ে ভেঙে যায়।’ বরের ভগ্নিপতি মনির হোসেন বলেন, ‘সোহাগ তাঁর শ্যালক শফিকুল ইসলামকেও নানাভাবে হত্যার হুমকি দিতে থাকে। অব্যাহত হুমকির কারণে নিরাপত্তার অভাবে আমার শ্যালককে বিয়ে না করানোর সিদ্ধান্ত নিই।’ ওসি মো. মাহাবুবুর রহমান বলেন, ‘সন্ত্রাসী সোহাগের বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। সোহাগকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। পরবর্তী সময়ে যাতে সোহাগ ও তাঁর দোসরদের কাছে পরিবার দুটি ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকেও নজর রাখা হবে।’ উল্লেখ্য, দুই বছর ধরে স্কুলে যাওয়া-আসার পথে সোহাগ শৈলীকে উত্ত্যক্ত করত। বিষয়টি জানার পর শৈলীর বাবা বারবার সোহাগের অভিভাবকদের বিষয়টি জানান। কোনো প্রতিকার হয়নি। একপর্যায়ে শৈলীর স্কুলে যাওয়াই বন্ধ হয়ে যায়। এরপর বখাটে সোহাগের হাত থেকে বাঁচাতে শৈলীকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু বিয়ের এক দিন আগে গত বৃহস্পতিবার অন্তত ৩০ জন সন্ত্রাসী নিয়ে গিয়ে সোহাগ শৈলীকে অপহরণের চেষ্টা চালায়।