জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন মামলায় আওয়ামী লীগের দণ্ড পাওয়া নেতা হাজি মকবুল হোসেনকে জামিন দিয়েছেন হাইকোর্ট।আজ রোববার বিকেলে বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বক্কর সিদ্দিকীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ জামিনাদেশ দেন।এর আগে মকবুলের কৌঁসুলি আবদুল মতিন প্রথম আলোকে জানান, হাজি মকবুল আজ সকালে নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাঁকে কারাগারে পাঠান। এর আগে আপিল দায়ের করা ছিল। আপিলে আত্মসমর্পণের বিষয়টি উল্লেখ করে জামিনের আরজি জানানো হয়। আদালত জামিন মঞ্জুর করায় এখন তাঁর কারামুক্তিতে বাধা নেই।এর আগে সকালে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মোজাম্মেল হোসেন আবেদন না-মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের দায়ে জাতীয় সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালত হাজি মকবুল হোসেনকে ২০০৮ সালের ৬ মে ১৩ বছরের কারাদণ্ড দেন।এ সময় মকবুল কারাগারে প্রথম শ্রেণীর বন্দীর মর্যাদা চেয়ে আবেদন করলে আদালত কারা কর্তৃপক্ষকে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।২০০৭ সালের ১৬ জুলাই দুদক অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের দায়ে মকবুলের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।