সকালে নারী বিকেলে পুরুষ
সকাল নয়টা। আকাশে সূর্যের দেখা নেই। জমাট কুয়াশা আর কনকনে বাতাস। রাজশাহীতে তাপমাত্রা গত আট বছরের মধ্যে সর্বনিম্ন। ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বুধবার পবা উপজেলার কাটাখালী পৌর এলাকার মাসকাটা দীঘি বহুমুখী কারিগরি উচ্চবিদ্যালয়ের সামনে দেখা গেল উপচে পড়া ভিড়। ভেতরে লম্বা সারি। শীত-কুয়াশা উপেক্ষা করে ভোটের সারিতে দাঁড়িয়েছেন এলাকার নারীরা।গতকাল এখানে ছিল পৌরসভার নির্বাচন। সকালে গিয়ে দেখা গেল, এই ভোটকেন্দ্রের বাইরে প্রার্থীদের কর্মী-সমর্থকেরা আগুন জ্বেলে হাত-পা গরম করে নিচ্ছেন। অবাক করা বিষয় হলো, কেন্দ্রটির বাইরে পুরুষ কর্মী-সমর্থকদের উপচে পড়া ভিড় থাকলেও ভেতরে তখন শুধু নারী ভোটারদের উপস্থিতি। তাঁরা সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন বুথের সামনে। পুরুষ বুথগুলো প্রায় ফাঁকা। নারী ভোটারদের সারিতে পাওয়া গেল পৌরসভার মাসকাটা দীঘি এলাকার ষাটোর্ধ্ব ফয়েদা বেগমকে। তাঁকে ধরে আছেন এক তরুণী ভোটার। ‘বয়স কত’ জানতে চাইলে কাঁপতে কাঁপতে তিনি বললেন, ‘ষাইটের বেশি’। এই সকালেই কেন এসেছেন, জানতে চাইলে তিনি বলেন, ‘সারা জীবনই সকালে উঠে অভ্যাস। আইজ ভোটের ব্যাপার দেরি করে লাভ কী?’রাজশাহী-নাটোর মহাসড়ক পার হয়ে কাটাখালী পৌরসভার আরও একটি ভোটকেন্দ্র উসমানিয়া জামিউল মাদ্রাসা। রাস্তার ওপরে ও দুই পাশে এমন করে পোস্টার টানানো হয়েছে যে কুয়াশার ভেতরে রাস্তাটা অন্য রকম দেখাচ্ছে। এর ভেতর দিয়ে কর্মী-সমর্থকেরা ভোটার স্লিপ নিয়ে নারী ভোটারদের ঘিরে রয়েছেন। ভোটকেন্দ্রের ভেতরে দেখা গেল একই দৃশ্য। পুরুষ বুথ ফাঁকা। দু-একজন আসছেন আর ভোট দিয়ে চলে যাচ্ছেন। কিন্তু সাতসকালেই নারীরা দাঁড়িয়ে গেছেন সারিতে। এই সারিতে কথা হলো পৌরসভার বাখরাবাজ মহল্লার গৃহিণী ইশরাত জাহানের সঙ্গে। শিশুকন্যাকে সঙ্গে নিয়েই এসেছেন তিনি। জানালেন, সকালের নাশতা বানিয়ে রেখে এসেছেন। ভোট দিয়ে ফিরে গিয়ে দুপুরের খাবার তৈরি করবেন। তাই সকালেই এসেছেন।রাজশাহী ক্যাডেট কলেজ কেন্দ্রটি একেবারে পদ্মা নদীর ধারে। আমবাগানের ভেতরে কাপড় দিয়ে ঘিরে ভোটকেন্দ্রটি তৈরি। কেন্দ্রের ভোট দেওয়ার গোপন কক্ষটি ছাড়া কোথাও মাথার ওপরে কিছু নেই। হু হু করে বাতাস বইছে। শীতে লোকজনের একেবারে জবুথবু অবস্থা। বেলা তখন প্রায় ১১টা। পুরুষ বুথে সেই আগের মতোই অবস্থা। কিন্তু নারীদের দুটি বুথে বেশ লম্বা সারি। এখানে পাওয়া গেল ৭০ বছর বয়সী মেহেরজান বেওয়াকে। তিনি এসেছেন পৌরসভার শ্রীখণ্ড এলাকা থেকে। রীতিমতো কাঁপছেন। তবু উৎসাহের কমতি নেই। কেন এসেছেন এই শীতে, জানতে চাইলে বললেন, ‘না আসলে যে হইছে নাখো।’চারঘাট পৌরসভার মুক্তারপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রেও ব্যতিক্রম কিছু দেখা গেল না। এখানেও সব কয়টি পুরুষ বুথ শূন্য। দু-একজন করে পুরুষ ভোটার এলেও তাড়াতাড়ি তাঁরা ভোট দিয়ে চলে যাচ্ছেন। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সিরাজুম মনির আফতাবী বললেন, ‘মেয়েদের কোনো ভোট যাতে বাদ না পড়ে, সে জন্যই হয়তো পুরুষেরা তাঁদের আগে পাঠিয়ে দিয়েছেন। নিজেরা পরে আসবেন।’ রাজশাহীর ১১টি পৌরসভার ১০২টি ভোটকেন্দ্রের সর্বত্রই নারীদের উপস্থিতি সম্পর্কে রাজশাহী জেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ মুসা বললেন, ‘তীব্র শীতের মধ্যেও নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।’ দুপুরের পর থেকে আবার ভোটকেন্দ্রগুলোর দৃশ্য পাল্টে যেতে থাকে। বাড়তে থাকে পুরষ ভোটারদের উপস্থিতি। দুপুর দুইটার দিকে দুর্গাপুর পৌরসভার চৌপুকুরিয়া কেন্দ্রে গিয়ে দেখা যায়, নারী ভোটারদের সারি ছোট হয়ে এসেছে। তাঁদের চেয়ে প্রায় দ্বিগুণ হয়েছে পুরুষ ভোটারদের সারি। দুর্গাপুরের ধরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা এস এম মাহবুবের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, দুপুরের পর থেকে পুরুষ ভোটারদের উপস্থিতি বেড়ে যায়। অন্যান্য এলাকায়ও বিকেলে খোঁজ নিয়ে ভোটার উপস্থিতির এই পরিবর্তনের খবর পাওয়া গেছে। এমনকি, অনেক কেন্দ্রেই বিকেল চারটার পরেও নির্ধারিত সীমানার ভেতরে উপস্থিত পুরুষ ভোটারদের ভোট গ্রহণ চলেছে।