সকালে ফাঁকা, দুপুরে যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যানজটের এলাকা হিসেবে পরিচিত গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় আজ বৃহস্পতিবারের চিত্র ছিল অন্যরকম। ভোর থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সড়ক ছিল যানজটমুক্ত। কিন্তু বেলা আড়াইটার পর থেকে শুরু হয় যানজট।দুপুরের পর গাজীপুর ও আশুলিয়াসহ আশেপাশের এলাকায় কারখানা ছুটি হয়। ফলে শত শত শ্রমিককে চন্দ্রা ত্রিমোড় এলাকায় বাসের জন্য দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। বাস না পেয়ে অনেকেই পরিবার পরিজন নিয়ে বেশি ভাড়ায় ট্রাকের ওপর আশ্রয় নিয়েছেন। গোড়াই হাইওয়ে (প্রস্তাবিত) থানার পরিদর্শক সানোয়ার হোসেন প্রথম আলো ডট কমকে বলেন , ভোর থেকে বেলা ১২ টা পর্যন্ত গাজীপুরের চন্দ্রা ত্রিমোড়, ভোগড়া বাইপাস, চান্দনা-চৌরাস্তা এলাকা ছিল অনেকটাই যানজটমুক্ত। শারদীয় দুর্গাপূজা শেষ হওয়ায় এবং গাড়ির চাপ কম থাকায় যানজটের ওইসব এলাকা ওই সময় অনেকটাই ফাঁকা ছিল। তবে পোশাক কারখানাগুলো ছুটি হওয়ায় দুপুরের পর থেকে গাড়ির সংখ্যা বাড়তে থাকে এবং যানজট শুরু হয়। এছাড়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার চান্দনা চৌরাস্তা, বড়বাড়ি, গাজীপুরা, স্টেশন রোড ও টঙ্গি এলাকায়ও শত শত ঘরমুখো মানুষ গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ি কম থাকায় মেক্সি-লেগুনা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে।নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. ইকবাল হোসেন বলেন, গাজীপুর সদর উপজেলার চান্দনা-চৌরাস্তা ও ভোগড়া বাইপাস মোড় এলাকায় সচল রয়েছে যানবাহন। গাজীপুরের পুলিশ সুপার (এসপি) আব্দুল বাতেন বলেন, গাজীপুরের বিভিন্ন এলাকায় ৮০০ জন পুলিশ সদস্য যানজট নিরসনে দায়িত্ব পালন করছেন। ঢাকা ও টাঙ্গাইলের সঙ্গে সমন্বয় রেখে গাজীপুরের ট্রাফিক ব্যবস্থা সাজানো হয়েছে। ফলে সড়কে গাড়ির চাপ থাকলেও তেমন যানজট নেই। এছাড়া সড়কে যাতে কেউ চাঁদাবাজি করতে না পারে সেজন্য গোয়েন্দা পুলিশ নজরদারিতে রয়েছে।