সকালে সতর্কসংকেত, দুপুরে প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্দর ও উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়ার আশঙ্কায় আজ মঙ্গলবার সকালে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করা হয়েছিল। সাত ঘণ্টা পর বেলা আড়াইটার দিকে তা প্রত্যাহার করে নেওয়া হয়। কয়েক ঘণ্টার ব্যবধানে সিদ্ধান্ত পরিবর্তনের কারণে মাঝিমাল্লা ও মালিকেরা সাময়িকভাবে বিপাকে পড়েন বলে অভিযোগ পাওয়া গেছে।আবহাওয়া দপ্তরের সকাল সাড়ে সাতটার বুলেটিনে বলা হয়, উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় গভীর সঞ্চরনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, মংলা সমুদ্রবন্দর ও কক্সবাজার উপকূলে ৩ নম্বর স্থানীয় সংকেত দেখিয়ে যেতে হবে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না-দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছিল।তবে বেলা আড়াইটার দিকে অন্য এক বুলেটিনে এই সতর্কবার্তা প্রত্যাহার করে নেওয়া হয়। বলা হয়, উত্তর বঙ্গোপসাগর এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা নেই। চট্টগ্রাম, মংলা সমুদ্রবন্দর ও কক্সবাজার উপকূল থেকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।পতেঙ্গা আবহাওয়া দপ্তরের নাম প্রকাশে অনিচ্ছুক একজন আবহাওয়াবিদ বলেন, ‘সাধারণত এত স্বল্প সময়ের জন্য সতর্কসংকেত দেওয়া হয় না। যখন সতর্কতা দেওয়া হয়েছিল, তখন বঙ্গোপসাগরের ওপর মেঘ ছিল। এখন তা অনেকটা কেটে যাওয়ায় সংকেত নামিয়ে ফেলা হয়।’এদিকে সতর্কসংকেত জারির পর সামুদ্রিক মত্স্য আহরণকারী বোট মালিকদের অনেকে তাঁদের নিজ নিজ ট্রলার নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য মাঝিমাল্লাদের সঙ্গে যোগাযোগ শুরু করেন বলে জানা গেছে। এ প্রসঙ্গে সমিতির মহাসচিব মো. সাইফ রহমান বলেন, ‘আমাদের আবহাওয়াবিদেরা কীভাবে সংকেত দেন, সেটা এবার বুঝুন। তাঁদের চেয়ে আমাদের মাঝিমাল্লারা সাগরের গতি প্রকৃতি দেখে যে সিদ্ধান্ত নেন, সেটা অনেক ক্ষেত্রে তাঁদের চেয়েও সঠিক হয়।’