সক্ষমতা নিয়েও অপ্রস্তুত মংলা বন্দর
নাব্যতা সংকট প্রবল। রাতের বেলা চলাচলের বা নেভিগেশনের কোনো ব্যবস্থা নেই। আর তাই তেমন একটা জাহাজ ভেড়ে না দেশের দ্বিতীয় সমুদ্রবন্দর মংলায়। এর সঙ্গে যুক্ত হয়েছে মংলা বন্দর সংযোগকারী সড়ক যোগাযোগের দুরবস্থা। রেলসংযোগ তো নেই-ই। ফলে সক্ষমতার অর্ধেকও ব্যবহূত হয় না।এমন অবস্থার মধ্যেই ভারত, নেপাল ও ভুটানকে ট্রানজিট সুবিধা দিতে চট্টগ্রাম বন্দরের পাশাপাশি এই বন্দরটি ব্যবহার করতে দেওয়ার কথা ভাবা হচ্ছে। বলা হচ্ছে, এই বন্দর থেকে ট্রানজিট পণ্য খালাস হয়ে সড়ক ও রেলপথে বাংলাদেশের ভূখণ্ড পাড়ি দেবে। কিন্তু মংলার সঙ্গে রেলপথ না থাকায় আপাতত রেল ট্রানজিট সম্ভব নয়। আর সড়কপথে অর্থাৎ মংলা-খুলনা-যশোর হয়ে সীমান্তমুখী পথগুলোর অবস্থা বেহাল।সর্বোপরি কী পরিমাণ পণ্য মংলা বন্দর দিয়ে ট্রানজিট হতে পারে, তার কোনো সুনির্দিষ্ট হিসাব মিলছে না। ফলে ট্রানজিটের জন্য বাড়তি বা নতুন অবকাঠামো তৈরির কাজেও হাত দিতে পারছে না বন্দর কর্তৃপক্ষ। সম্প্রতি মংলা বন্দর ও এর আশপাশের এলাকা সরেজমিনে এমন চিত্র উঠে এসেছে। মংলা বন্দরের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, ভারত বাংলাদেশের দুটি সমুদ্রবন্দর ব্যবহার করে প্রতিবছর প্রায় দুই লাখ টিইইউ (২০ ফুট দৈর্ঘ্যের কনটেইনার) পণ্য আনতে চায়। এর মধ্যে অন্তত ২০ শতাংশ বা ৪০ হাজার টিইইউ পণ্য মংলা বন্দর দিয়ে খালাস হোক, এমনটাই চায় বন্দর কর্তৃপক্ষ। এ জন্য বিশেষ কোনো মাশুল রাখা হবে না। ট্রানজিট প্রসঙ্গে জানতে চাইলে মংলা বন্দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সদস্য (অর্থ) আবদুল মান্নান প্রথম আলোকে জানান, ‘পার্শ্ববর্তী দেশগুলোকে ট্রানজিট দেওয়া হলে মংলা বন্দরের ব্যবহার বাড়বে। তবে কী পরিমাণ পণ্য ট্রানজিট হতে পারে, তার কোনো চূড়ান্ত তথ্য না পাওয়ায় আপাতত বাড়তি কোনো প্রস্তুতি নেওয়া সম্ভব হচ্ছে না।’আবদুল মান্নান আরও জানান, নাব্যতা সংকটের কারণে বিদ্যমান সব জেটি একসঙ্গে ব্যবহার করা যাচ্ছে না। এ ছাড়া মংলা বন্দরে পর্যাপ্ত লোকবল ও আধুনিক যন্ত্রপাতির অভাব রয়েছে। ট্রানজিট জাহাজ আকৃষ্ট করতে মংলা বন্দর থেকে পণ্য খালাস হয়ে রুটগুলোর সংস্কার করা দরকার বলে তিনি মত দেন। পথের বেহাল দশা: মংলা বন্দরকে ট্রানজিটের প্রান্তিক ও প্রারম্ভিক পথ ধরে রেল ও সড়কপথে এই বন্দর ব্যবহার করতে বেশি আগ্রহী ভারত। আগ্রহ নেপাল ও ভুটানেরও। কিন্তু খুলনা থেকে মংলা পর্যন্ত এখনো কোনো রেলপথ নেই। এক বছর আগে মংলা বন্দরের সঙ্গে রেলপথ যুক্ত করার জন্য একটি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক অনুমোদন দেওয়া হয়, যার কাজ এখনো শুরু হয়নি। তবে দরপত্র আহ্বান-প্রক্রিয়া চলছে বলে মংলা বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে। আর প্রস্তাবিত রেলপথটি বন্দর থেকে খুলনা পর্যন্ত না গিয়ে যশোরের নওয়াপাড়া হয়ে বিদ্যমান রুটের সঙ্গে মিলবে। এর দৈর্ঘ্য হবে প্রায় ৮০ কিলোমিটার। ২০১৩ সালের মধ্যে এই রেলপথ নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে। অন্যদিকে বন্দর থেকে সড়কপথ খুলনা হয়ে যশোর পর্যন্ত গিয়ে ঢাকা, বেনাপোল, রাজশাহী, সিলেট, আখাউড়াসহ অন্যান্য রুটগুলোর সঙ্গে মিলবে। সরেজমিনে দেখা গেছে, প্রস্তাবিত পথগুলোর একটি ‘অভিন্ন’ অংশ যশোর জেলায় পড়েছে। প্রায় ১০০ কিলোমিটার দীর্ঘ সড়কটির পুরোটা জুড়েই বড় বড় গর্ত। দুই লেনের এই সড়কে দ্রুততর গতিতে বাস কিংবা ট্রাক চলতে পারে না। প্রায়ই পণ্যবাহী ট্রাক দুর্ঘটনার শিকার হয়। এই ১০০ কিলোমিটার পথ পাড়ি দিতে প্রায় তিন থেকে চার ঘণ্টা সময় লাগে। জানা গেছে, গত এক দশক এই সড়কটির কোনো মেরামত বা রক্ষণাবেক্ষণ হয়নি। অন্যদিকে খুলনা থেকে মংলা পর্যন্ত প্রায় ৫৩ কিলোমিটার রাস্তার বেশ কয়েকটি স্থানে সংস্কারের অভাবে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে যা ভারী পণ্যবাহী ট্রাক চলাচলের জন্য বেশ ঝুঁকিপূর্ণ। গত এক দশকে এই সড়কের মেরামত বা সংস্কার হয়নি। নাব্যতা সংকট: মংলা বন্দরের অন্যতম বড় সংকট হলো পশুর নদীতে নাব্যতা সংকট। মূল মংলা বন্দরটি পশুর ও মংলা নদীর সঙ্গমস্থলে অবস্থিত আর বঙ্গোপসাগরের সঙ্গে পশুর নদী দিয়ে সম্পৃক্ত। চ্যানেলই নাব্যতা সংকটের কারণে বড় পণ্যবাহী জাহাজ (মাদার ভেসেল) সরাসরি বন্দরে আসার সুযোগ নেই। ফলে ফিডার ভেসেল করে পণ্য আনতে হয়। মূল সমুদ্রের ‘ফেয়ার বয়’ এলাকা থেকে মংলা বন্দরের দূরত্ব প্রায় ১৩১ কিলোমিটার। ফেয়ার বয় এলাকায় জাহাজের সর্বোচ্চ ড্রাফট সাড়ে আট মিটার। ড্রাফট হলো পানিতে থাকা জাহাজের নিচের অংশের গভীরতা। ফেয়ার বয় এলাকা থেকে ১০০ কিলোমিটার উজানে হারবার এলাকা। এই এলাকায় ড্রাফট সর্বোচ্চ সাত মিটার। নাব্যতা সংকটের কারণে জাহাজ আর এগোতে না পারায় এখানেই মংলা বন্দরের ৭০ শতাংশ জাহাজ পণ্য খালাস করে থাকে। এরপর মুরিং এলাকা পার হয়ে বন্দর জেটিতে ড্রাফট সাড়ে ছয় মিটার, যেখানে মাত্র ২০ শতাংশ জাহাজ পৌঁছাতে পারে। কনটেইনারবাহী জাহাজগুলোর ড্রাফট বেশি থাকায় জেটিতে আসতে পারে না। শুধু বাল্কপণ্য, সার, চাল, গাড়িবাহী জাহাজগুলোই জেটি পর্যন্ত আসতে পারে।এ প্রসঙ্গে হারবার মাস্টার এনামুল হক প্রথম আলোকে জানান, নাব্যতা সংকটই এই বন্দরের প্রধান সমস্যা। নাব্যতা সংকট দূর করা না গেলে ট্রানজিট পণ্যবাহীসহ কোনো জাহাজ এই বন্দর ব্যবহারে আগ্রহী হবে না। আবার মংলা বন্দরের নয়টি জেটির মধ্যে মাত্র দুটি (৮ ও ৯ নম্বর) জেটি নিয়মিত ব্যবহার হয়। ১ ও ২ নম্বর জেটি এখনো তৈরি করা হয়নি। আর ৩, ৪, ৫, ৬ ও ৭ নম্বর জেটি সারা বছরই অব্যবহূত থাকে। সরেজমিনে দেখা যায়, এসব অব্যবহূত জেটিতে থাকা মাল ওঠানামার ক্রেনগুলো দীর্ঘদিন অব্যবহূত থাকায় মরিচা পড়ে গেছে। ৩০-৩৫ বছর আগে কেনা এসব যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণও করা হচ্ছে না। সক্ষমতার অর্ধেক ব্যবহার: মংলা বন্দরের প্রতিবছর পণ্য ওঠানামার (হ্যান্ডেলিং) সক্ষমতা ৬৫ লাখ টন। কিন্তু ২০১০-১১ অর্থবছরে এই যাবৎকালের সর্বোচ্চ ২৬ লাখ ৯৭ টন পণ্য খালাস হয়েছে, যা সক্ষমতার অর্ধেকরও কম। এ ছাড়া ২০০৯-১০ অর্থবছরে ১৬ লাখ টন, ২০০৮-০৯ অর্থবছরে ১১ লাখ টন, ২০০৭-০৮ অর্থবছরে সাত লাখ টন ও ২০০৬-০৭ অর্থবছরে নয় লাখ টন পণ্য খালাস হয়েছে। এর প্রায় ৯০ শতাংশই আমদানি করা পণ্য। অন্যদিকে প্রতিবছর ৫০ হাজার টিইইউ পণ্য খালাসের সক্ষমতা থাকার পরও গত অর্থবছর ২৭ হাজার ১২৩ টিইইউ পণ্য খালাস করা হয়েছে। বন্দর ট্রাফিক বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।এই বন্দরে জেটিতে আসা জাহাজ থেকে পণ্য খালাস করতে সময় লাগে গড়ে দুই দিন। আর হারবার এলাকা থেকে লাইটারেজে করে পণ্য খালাস করতে সময় লাগে পাঁচ-ছয় দিন। মংলা বন্দরে এখন প্রতি মাসে গড়ে ২০-২২টি জাহাজ আসে। এ প্রসঙ্গে মংলা বন্দরের পরিচালক (ট্রাফিক) মাহবুব উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘কার্গো হ্যান্ডেলিং সক্ষমতার বিবেচনায় আমরা ট্রানজিটের জন্য প্রস্তুত। তবে শুধু এই সক্ষমতা থাকলে চলবে না। জাহাজ আকৃষ্ট করতে নাব্যতা সংকট দূর করার পাশাপাশি মংলা বন্দরের সঙ্গে সড়ক ও রেল-যোগাযোগ সহজ করতে হবে।’রাতে নেভিগেশনে আলো নেই: মূল সমুদ্র থেকে মংলা বন্দর পর্যন্ত প্রায় ১৩১ কিলোমিটার নদীপথে রাত্রিকালীন চলাচলের বা নেভিগেশনের জন্য কোনো আলোর ব্যবস্থা নেই। তাই রাতে কোনো জাহাজ মংলা চ্যানেল দিয়ে বন্দরে আসে না, দিনের আলোর জন্য অপেক্ষায় থাকে। ফলে জাহাজ বন্দরে অবস্থানকাল বেড়ে যায়। জানা গেছে, সম্প্রতি বাংলাদেশি দুটি পণ্যবাহী জাহাজ আলোর অভাবে ভুল পথে পরিচালনার জন্য দুই মাস ডুবুচরে আটকে ছিল। {প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন সুমেল সারাফাত ও কাজী আবদুল্লাহ}