সখীপুরে উত্ত্যক্ত হয়ে স্কুলছাত্রীর আত্মহনন
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় প্রকাশ্যে মেয়েটিকে মারধর করে বখাটে সহপাঠী। হুমকি দেয়, প্রস্তাবে রাজি না হলে মিথ্যা প্রেমের কাহিনি গ্রামে ছড়িয়ে মেয়েটির সম্মানহানি করবে। এমন পরিস্থিতিতে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার পথ বেছে নেয় মেয়েটি। গত বৃহস্পতিবার টাঙ্গাইলের সখীপুর পৌরসভার প্রতিমা বংকী গ্রামে এ ঘটনা ঘটে।মেয়েটির নাম সোনিয়া আক্তার। প্রতিমা বংকী পাবলিক উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী সোনিয়ার ক্রমিক নম্বর ছিল ৫। এ ব্যাপারে সোনিয়ার বাবা পেঁয়াজ ব্যবসায়ী সোহরাব আলী প্রতিমা বংকী গ্রামের ইন্নছ আলী মাতব্বরের বখাটে ছেলে স্বপনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা করেছেন। তবে গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত স্বপনকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সোনিয়ার মা হাসনা বেগম বলেন, বুধবার মেয়ের মন খারাপ দেখে তার সঙ্গে কথা বলেন। কাঁদতে কাঁদতে সোনিয়া তাঁকে জানায়, স্বপন তাকে উত্ত্যক্ত করে। প্রেমের প্রস্তাব দেয়।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বৃহস্পতিবার বেলা দুইটার দিকে বিদ্যালয় থেকে ফেরার পথে সোনিয়ার পথরোধ করে সহপাঠী স্বপন। আবারও প্রেম নিবেদন করে সে। সোনিয়া আবারও প্রস্তাব প্রত্যাখ্যান করে। ক্ষুব্ধ হয়ে লোকজনের সামনেই সোনিয়াকে মারধর করে স্বপন। হুমকি দেয়, প্রস্তাবে রাজি না হলে পুরো গ্রামে ও স্কুলে তাদের মিথ্যা প্রেমের কাহিনি ছড়িয়ে দেবে।পরিবার সূত্র জানায়, বাড়ি ফিরে কাঁদতে কাঁদতে মা হাসনা বেগমকে সব কথা খুলে বলে সোনিয়া। পরে ঘরের দরজা বন্ধ করে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। কিছুক্ষণ পর সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙে সোনিয়ার ঝুলন্ত লাশ দেখতে পায়।বৃহস্পতিবার সন্ধ্যায় সোনিয়ার লাশ উদ্ধার করে সখীপুর থানার পুলিশ। গতকাল সকালে টাঙ্গাইল সদর হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্ত হয়। সোনিয়ার বাবা সোহরাব আলী বলেন, ‘স্বপন আমার মেয়েকে উত্ত্যক্ত করত। সে আমার মেয়েকে আত্মহত্যা করতে বাধ্য করেছে। আমি তার বিচার চাই।’ একই ধরনের কথা জানায় সোনিয়ার এক সহপাঠী। তার ভাষ্যমতে, বখাটে স্বপন প্রায়ই রাস্তাঘাটে সোনিয়াকে বিরক্ত করত।গতকাল সকালে প্রতিমা বংকী গ্রামে বখাটে স্বপনদের বাড়িতে গিয়ে দেখা যায়, তার মা বাড়ির দরজায় তালা দিয়ে কোথায় যেন যাচ্ছেন। বাড়িতে আর কেউ ছিলেন না। হাঁটতে হাঁটতে শুকুরি বেগম প্রথম আলোর কাছে দাবি করেন, তাঁর ছেলে স্বপন নির্দোষ। সোনিয়াকে মারধরের অভিযোগ সত্য নয়। তবে ছেলের উত্ত্যক্ত করার ব্যাপারে তিনি কোনো মন্তব্য করেননি।স্বপনের শাস্তির দাবি: প্রতিমা বংকী পাবলিক উচ্চবিদ্যালয়ের শিক্ষক আবদুল্লাহ আল মামুন বলেন, ‘সোনিয়ার আত্মহত্যার বিষয়টি দুঃখজনক। উত্ত্যক্তকারী স্বপনের বিচার হওয়া উচিত।’সখীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাদশা মিয়া বলেন, ‘স্বপন দুষ্টু প্রকৃতির ছেলে। অবশ্যই তার বিচার হওয়া উচিত।’সোনিয়ার আত্মহত্যায় প্ররোচনা মামলার তদন্ত কর্মকর্তা সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) আজগর আলী বলেন, ‘আসামি স্বপন পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’