সখীপুরে বিএনপির মানববন্ধনে হামলা, আহত ৩৪
টাঙ্গাইলের সখীপুর-গোড়াই রাস্তা সংস্কারের দাবিতে বিএনপির মানববন্ধনে আজ শুক্রবার হামলা চালিয়েছেন স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি আহমেদ আযম খানসহ ৩০ জন নেতা-কর্মী আহত হয়েছে। অপরদিকে বিএনপির নেতা-কর্মীদের হাতে যুবলীগ ও ছাত্রলীগের চার নেতা-কর্মী আহত হয়। এ সময় ছবি তুলতে গিয়ে তিন সাংবাদিক আহত হন।বিএনপির নেতা-কর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সখীপুর-গোড়াই সড়কসহ বিভিন্ন রাস্তা সংস্কারের দাবিতে স্থানীয় বিএনপি আজ বেলা ১১টায় তালতলা চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করতে গেলে প্রথমে পুলিশ তাদের বাধা দেয়। পরে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা মানববন্ধনের ব্যানার ছিনিয়ে নেয়। একপর্যায়ে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় নেতা-কর্মীরা বিএনপি কার্যালয়ে আশ্রয় নিলে সেখানেও হামলা চালানো হয় বলে বিএনপির নেতা-কর্মীরা দাবি করেছেন। এতে খালেদা জিয়ার উপদেষ্টা আহমেদ আযম খান, উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান, সহসভাপতি শাজাহান সাজু, পৌর বিএনপির সভাপতি আবদুল হক আল আজাদ, যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন, বিএনপি নেতা সাইফুল ইসলাম, যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুল হান্নান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জুয়েল রানা, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুজন মাহমুদ, ছাত্রদলের নেতা সানোয়ার হোসেন, রাসেল আহমেদ, ফারুক হোসেন, সালমান কবির, এস আই লিমনসহ ৩০ জন নেতা-কর্মী আহত হয়।এদিকে হামলায় সময় ছবি তুলতে গেলে এটিএন বাংলার জেলা প্রতিনিধি নাসির উদ্দিন, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি ও দৈনিক ডেসটিনি জেলা প্রতিনিধি মুসলিম উদ্দিন আহমেদ ও দৈনিক আমার দেশ পত্রিকার সখীপুর প্রতিনিধি আনোয়ার কবির আহত হন। গুরুতর আহতদের মধ্যে আনোয়ার কবিরকে স্থানীয় লাইফ কেয়ার ক্লিনিকে ভর্তি করা হয়েছে।অন্যদিকে বিএনপির নেতা-কর্মীদের হাতে পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, উপজেলা যুবলীগের সদস্য আলমগীর হোসেন, উপজেলা ছাত্রলীগের সদস্য জুবায়ের ও মুজিব কলেজ ছাত্রলীগের সদস্য সবুজ আহমেদ আহত হন। তাঁদেরকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।আহমেদ আযম খান বলেন, ‘বিএনপির পূর্বঘোষিত মানববন্ধন কর্মসূচিতে আওয়ামী সন্ত্রাসীরা হামলা করলে আমিসহ দলের অর্ধশত নেতা-কর্মী আহত হন।’ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত শিকদার বলেন, ‘রাস্তার সংস্কারকাজ চলছে। বিএনপির অহেতুক রাজনৈতিক ফায়দা লুটতেই মানববন্ধন কর্মসূচি হাতে নেয়। তাদের হামলায়ই আমাদের প্রায় ১৪ জন নেতা-কর্মীরা আহত হয়।’সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক মামুন জানান, বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। এদিকে সাংবাদিকদের ওপর হামলায় সখীপুর প্রেসক্লাব নিন্দা জানিয়েছে।