মিরপুরের চাকুরে রিয়াজ সিনেমা দেখতে এসেছেন কারওয়ান বাজারে। মিরপুরে হল থাকতে কারওয়ান বাজারের পূর্ণিমা প্রেক্ষাগৃহে কেন? এমন প্রশ্নে লাজুক হেসে রিয়াজ বলেন, ‘শাকিব খানের যখন যে ছবি মুক্তি পায়, সেইটাই দেখি। এই ঈদে শাকিবের তিনটা ছবি মুক্তি পাইছে। এর মধ্যে নাম্বার ওয়ান শাকিব খান আর চাচ্চু আমার চাচ্চু আগেই দেখছি। নিঃশ্বাস তুমি আমার দেখতে পূর্ণিমায় আসছি।’সন্ধ্যাবেলা টিকিট হাতে পূর্ণিমায় আরও অনেক শাকিবভক্তের দেখা মিলল। তবে টিকিট হাতে অপেক্ষমাণ বেশির ভাগ লোকই নিয়মিত হলে আসে না। কেবল ঈদ-বিনোদনের অংশ হিসেবেই তাদের সিনেমা দেখতে আসা। তবে পূর্ণিমার নিচতলা কিংবা দোতলার কোথাও মধ্যবিত্ত কোনো পরিবারকে পাওয়া গেল না। অথচ একটা সময় ঢাকার মধ্যবিত্ত পরিবারগুলোর ঈদ-আনন্দের অন্যতম অনুষঙ্গ ছিল হলে গিয়ে সিনেমা দেখা। এ প্রসঙ্গে পূর্ণিমার কর্মীরা জানান, এখন ডিশ অ্যান্টেনার কারণে ঘরে বসে সারা দিনই ছবি দেখা যায়। আবার ভিসিডি-ডিভিডিও সহজলভ্য। তাই হলে না এসে ঘরে বসেই মানুষ সিনেমা দেখে। দর্শক কমার পেছনে খানিকটা দায়ী হলের সেবার মানের কমতিও। পূর্ণিমার দোতলার প্যাসেজে দাঁড়িয়ে এটা আঁচ করা গেল। ডিসির (ড্রেস সার্কেল) টিকিট কেটে অনেকেই অপেক্ষা করছে এখানে। প্রায় সবার মুখই ঘামে চুপসে আছে। আলো-বাতাসের অভাবেই এমনটা হচ্ছে। লোকারণ্য প্যাসেজে মাথার ওপর চারটা ফ্যান গরম বাতাস বিলোচ্ছে। ভেতরে কিন্তু ঠিকই খানিক বাদে বাদে করতালি দিয়ে আর সিটি বাজিয়ে মুখর হয়ে উঠছে সিনেমাপ্রেমীরা। শাকিবের ফাইট, অপুর নাচে মজে আছে তারা। তবে হাততালি আর মুখের সিটির দিক দিয়ে পূর্ণিমার চেয়ে হাটখোলার অভিসার হলের দর্শকেরাই এগিয়ে আছে বেশি। নাম্বার ওয়ান শাকিব খান ছবির কারণে এখানে মুখরতা বেশি বলে জানালেন হলের এক কর্মী। হলের টিকিট কাউন্টারে এসে হল্লা দেখা গেল। এই হল্লায় আনন্দ নয়, পাওয়া গেল তিক্ত অভিজ্ঞতা। ডিসির টিকিট নিয়ে এক ব্ল্যাকারের সঙ্গে এক দর্শকের লেগে গেছে বচসা। ৫০ টাকার একটি টিকিট ব্ল্যাকার নাকি তাঁর কাছে ১০০ টাকা চেয়েছে। তখন আবার টিকিট কাউন্টার বন্ধ। তাই এক যুগল ৫০ টাকার টিকিট ৮০ টাকা করে কিনেই হলের ভেতরের দিকে চলে গেল। আরেক দর্শক জানান, শুধু ব্ল্যাকাররা নয়, হলের কাউন্টারেও বেশি দামে টিকিট বিক্রি করা হচ্ছে। তিনি ডিসির টিকিট দেখিয়ে বললেন, তাতে দাম লেখা আছে ৩৮ টাকা ৩১ পয়সা। আর নেওয়া হচ্ছে ৫০ টাকা। এ ব্যাপারে হলের এক কর্মীর দাবি, এগুলো পুরোনো টিকিট। এগুলো শেষ হলে ৫০ টাকা দামের নতুন টিকিট ছাপা হবে। তবে একাধিক দর্শকের অভিযোগ, ঢাকার বেশির ভাগ হলই টিকিটে লেখা থাকা টাকার চেয়ে বেশি টাকায় টিকিট বিক্রি করে। আর অনেক হলেই পিক-আওয়ারে কাউন্টার বন্ধ থাকে। তখন দর্শকেরা বাধ্য হয়ে বেশি দামে কালোবাজারিদের কাছ থেকে টিকিট কেনে।বেলা তিনটার দিকে মতিঝিলের মধুমিতা প্রেক্ষাগৃহে গিয়ে এর প্রমাণ পাওয়া গেল হাতেনাতে। সেখানে ডিসির টিকিট কাউন্টার বন্ধ। রিয়ার কাউন্টারে টিকিটের জন্য ভিড় জমেছে। বেশ কয়েকজন কালোবাজারি ডিসি আর রিয়ার টিকিট বিক্রি করছে। যানবাহন থেকে নেমে কেউ হলের দিকে আসতেই তারা তেড়ে যাওয়ার ভঙ্গিতে এগিয়ে বলে উঠছে, ‘এই ডিসি, ডিসি।’ ডিসির কাউন্টার বন্ধ থাকায় লোকজন বাধ্য হয়ে তাদের কাছ থেকেই টিকিট কিনছে। এদিকে বন্ধ ডিসির কাউন্টারের পাশে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। তিনি এখানে কী করছেন, জানতে চাইলে বলেন, ‘গুলবাগ আমার শ্বশুরবাড়ি। ঈদে বেড়াতে আইছি। ভাবলাম বউকে নিয়া ছবি দেখি। আমি আগে চইলা আসছি। বউ এখনো হলে পৌঁছায় নাই। সে আসলেই ভেতরে ঢুকব।’এদিকে ঈদের ছুটির কারণে বসুন্ধরা শপিং সেন্টার বন্ধ থাকায় স্টার সিনেপ্লেক্সের ভেতর যেতে পারেনি সিনেমাপ্রেমীরা। এই সিনেপ্লেক্সে ঈদে মুক্তি পাওয়া ঢাকাই কিংবা হলিউডি ছবি না দেখে ব্যর্থ মনোরথে বাসায় ফিরতে হয়েছে অনেককে। শপিং সেন্টার খোলার পর গতকাল থেকে আবার সেখানে প্রদর্শনী শুরু হয়েছে।