সঙ্গী যখন গিটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগীতচর্চার অন্যতম এক বাদ্যযন্ত্র গিটার। তবে এ যন্ত্রটি কেবল পেশাদার গায়কদের হাতেই সীমাবদ্ধ নয়। নগরের তরুণদের ফ্যাশন আর আড্ডার প্রিয় সহচর গিটার। নাগরিক জীবনে গানের বাইরে গিটারের এই অন্য রকম ব্যবহারের কথা জানাচ্ছেন অর্ক আসিফ।আড্ডার সহচর‘অদ্ভুত সেই ছেলেটি শুরু করল গাওয়া/ হাতে তার অ্যাকুয়াস্টিক পকেটে হারমোনিকা/ জোছনায় অজানা পথে চলা/ এ গানে আছে যে মোর ভালোবাসা...’ এক প্রিয় বন্ধুর জন্মদিনে গেয়ে শোনাচ্ছিল নটর ডেম কলেজের শিক্ষার্থী সুযশ ইসলাম। ক্লাস-ল্যাব আর কুইজ পরীক্ষার চাপ কিন্তু কম নয় নটর ডেমের ছেলেদের। এর মধ্যে সুযোগ পেলেই গিটার হাতে গলা ছেড়ে গেয়ে ওঠে তারা। মুখরিত করে তোলে কলেজ প্রাঙ্গণ। উচ্ছ্বসিত তারুণ্যের ঢেউ সুর বাঁধে গিটারের তারে।নগরের পাড়া-মহল্লার অলিগলি, ফ্ল্যাটের বারান্দা থেকেও মাঝেমধ্যে ভেসে আসে গিটারের সুর। এ রকম অনেকেই দেখেছেন। এই অভিজ্ঞতার কথা জানাচ্ছিলেন কবি জসীমউদ্দীন রোডের বাসিন্দা আবদুুর রহিম। তিনি বলেন, ‘বছর পাঁচেক আগের কথা। আমার বাসার ঠিক বিপরীত পাশের বাড়িতে এক ভদ্রলোক থাকতেন। রাতে লোডশেডিং হলেই তিনি বাজানোর চেষ্টা করতেন “প্রেম একবার এসেছিল জীবনে...”। হাওয়াই গিটার বাদক ওই ভদ্রলোককে জীবনে আর কোনো গান বাজাতে দেখিনি।’নগরের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ কিংবা পাশের রাস্তা থেকে প্রায়ই ভেসে আসে গিটারের সুরের মূর্ছনা। এই শৌখিন বাজিয়েরা একটি ছয় তারের গিটার কাঁধে ঝুলিয়ে অথবা হাতে নিয়ে চক্কর দিয়ে বেড়ান শহরে।মূলত পাড়ার তরুণেরাই গিটার নিয়ে মেতে থাকতে ভালোবাসেন। মেয়েরাও পিছিয়ে নেই গিটার চালনায়। ‘ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ’-এর বারিধারা ক্যাম্পাসের সাদিয়া জামান পন্নীর গিটার বাজানোর ঝোঁক সেই কলেজে পড়ার সময় থেকেই। সময় পেলে এখনো মাঝেমধ্যে কোনো আড্ডায় গেয়ে ওঠেন তিনি, ‘এই রুপালি গিটার ছেড়ে একদিন চলে যাব দূরে, বহু দূরে...’।শখ থেকে আয়ের পথবয়স, পেশা-নির্বিশেষে নগরের অনেকেই গিটার শিখছেন। গিটার শেখা, গিটার বাজানো, গিটার শোনার প্রতি নগরের তরুণদের আগ্রহের কমতি নেই বলে জানালেন ১৯৭২ সালে প্রতিষ্ঠিত ব্যান্ডদল আন্ডারগ্রাউন্ড পিস লাভারের লিড গিটারিস্ট ওমর খালেদ রুমী।তিনি তাঁদের সময়ের উদাহরণ দিয়ে বলেন, ‘স্বাধীনতার পরপর আমরা যখন ঢাকায় ব্যান্ড শুরু করি, সে সময় গিটার মোটেই সহজলভ্য ছিল না। আর এখনকার তরুণেরা দেশে বসেই অনেক ভালো গিটার পাচ্ছে।’ নগরের তরুণেরা অবশ্য অনেক ক্ষেত্রে পেশাদার বাদকদের চেয়েও ভালো বাজাচ্ছেন বলেও মত দিলেন তিনি।নগরের আর দশটা আড্ডাপ্রিয় তরুণ দলের মতো করেই বাজাতে বাজাতে নাগরিক ব্যান্ড শিরোনামহীনের উত্থান। নগরে যেসব তরুণ এখন গিটার চর্চা করে, তাদের উদ্দেশ্য করে শিরোনামহীন ব্যান্ডের ভোকাল তুহিন বললেন, ‘এখনকার তরুণেরা যারা গিটার চর্চা করছে, এদের গাইড করার তেমন কেউ নেই। তরুণদের আগ্রহ মেটাতে এখন নগরে একটা প্রতিষ্ঠান দরকার। যেখানে তারা ইচ্ছামতো স্বাধীনভাবে বাজাতে পারবে। আর আড্ডার ছলে বড়দের কাছ থেকে কিছুটা শিখেও নেবে।’পাড়া-মহল্লার তরুণেরা শখের বশে যে গিটার হাতে নেয়, সেটা একটা সময় এসে আয়েরও পথ করে দেয়। আজকাল পাড়া-মহল্লায় বিয়ে, গায়েহলুদ আর জন্মদিনের মতো অনুষ্ঠানে ডাক পড়ে তাদের। তাদের অনেকেই কিন্তু ফ্যাশনের জন্য খেয়ালে হাতে তুলে নিয়েছিল গিটার।শেখার সুযোগ‘সিঁড়িতে বসে আনমনে গিটার বাজাচ্ছে কয়েকজন। কখনো গিটারে সুর তুলছে অবিরাম। কখনো আবার গিটারের সুর মেলানোর চেষ্টা গলায়। কারও হাতে মিহি সুরের অ্যাকুয়াস্টিক, কারও হাতে আবার মোটা সুরের বেইজ। সুরের সাধনায় আর বাজনার খেলায় মত্ত তরুণদের দেখা মিলবে ঢাকা বিশ্ববিদ্যলয়ের ডাকসু ভবনের সামনে দিয়ে যাওয়ার সময়।’ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার গিটার চর্চা সম্পর্কে বলছিলেন গিটার হাতে ক্যাম্পাসের চেনা মুখ তমাল।‘তমাল ভাই’ নামেই ক্যাম্পাসে তিনি পরিচিত। দেড় শর মতো শিক্ষার্থী তাঁর কাছে গিটারে তালিম নিয়েছেন বলেও জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ডাকসু ভবন ছাড়াও টিএসসি চত্বরে, ছবির হাটে কিংবা ফুলার রোডেও অনেককেই গিটার শেখাতে দেখা যায়। খোলা মাঠে যেমন গিটার শেখা যায়, তেমনি প্রশিক্ষকের বাসায় গিয়ে কিংবা নিজের বাসায় বসেও গিটার শেখা যায়। যাঁরা এভাবে গিটার শিখতে চান, তাঁরা নগরের দেয়াল-লিখনে চোখ রাখলেই পেয়ে যাবেন কাঙ্ক্ষিত ঠিকানা। কেননা, নগরের অনেক দেয়ালেই গিটার শেখানোর বিজ্ঞাপন দেওয়া হয়, যাতে প্রশিক্ষকের নাম ও মোবাইল নম্বর দেওয়া থাকে।গিটারের খোঁজখবরনগরে একটা সময় হাওয়াই গিটারের চল থাকলেও এখন সময়টা অ্যাকুয়াস্টিকের বলে জানালেন বাদ্যযন্ত্রের দোকান সুরনিকেতনের বিক্রয়কর্মী বাপন সরকার। নগরের সায়েন্স ল্যাব মোড়ে বেশ কয়েকটি বাদ্যযন্ত্রের দোকান রয়েছে। তার মধ্যে সুরনিকেতনের বয়স ৪৮ বছর গিটারের দোকানগুলোয় তরুণদের চাহিদা ভেদে স্প্যানিশ, লিড, বেইজ ও হাওয়াই গিটার পাওয়া যাচ্ছে। হাজার চারেক টাকা থেকে শুরু করে ৫০-৬০ হাজার টাকার গিটারও রয়েছে এসব দোকানে।ঢাকা কলেজের শিক্ষার্থী রিয়াদ আহসান একটি গিবসন গিটার খুঁজতে এসেছিলেন সায়েন্স ল্যাবরেটরির মোড়ে। তাঁর সঙ্গে থাকা বন্ধুটি তাঁকে সিগনেচার কেনার বুদ্ধি দিলেও তাতে কিন্তু ক্রেতার বিকার নেই। আরেক ক্রেতা আবার খুঁজছিলেন কোরিয়ান ইবানিজ।গিটারের গুণ আর নামভেদে দামের পার্থক্যটাও চোখে পড়ে। একটি দেশি গিটার এক হাজার ৫০০ টাকা থেকে তিন হাজার টাকার মধ্যে পাওয়া যায়। আবার কোরিয়ান একটি লিড গিটারের (ইলেকট্রিক) দাম পড়বে ২৫ হাজার থেকে ৩০ হাজার টাকা। গিটারের খোলের ওপরও গিটারের মূল্য নির্ভর করে বলে জানালেন একজন বিক্রেতা।ইলেকট্রিক গিটার কিনতে চাইলে তার সঙ্গে আবার একটি সাউন্ড মিক্সারও প্রয়োজন। সে ক্ষেত্রে বেশ বড় অঙ্কের একটা খরচের ব্যাপার আছে। তবে গিটার শেখার আগ্রহ কিংবা কৌতূহল থেকে কিনতে চাইলে অ্যাকুয়াস্টিক গিটার কেনাই ভালো। কারণ, অ্যাকুয়াস্টিক দিয়েই বেশির ভাগ গিটারিস্টের হাতেখড়ি হয় বলে জানালেন দলছুট ব্যান্ডের লিড গিটারিস্ট বাপ্পা মজুমদার।আর গিটারের দোকানেই গিটার সারানো যায়। স্টিং বা গিটারের তার ছিঁড়ে গেলেও লাগানো যায় ৩০ থেকে দেড় শ টাকার মধ্যে। আঙুল দিয়ে না বাজিয়ে পিক দিয়ে বাজাতে চাইলে পছন্দসই পিকও কিনতে পারবেন এসব দোকান থেকে।