সচল ঘাট দিয়েও পারাপার বন্ধ
মুন্সিগঞ্জের মাওয়ায় চলাচলকারী একমাত্র ফেরিঘাট দিয়ে আজ মঙ্গলবার যানবাহন পারাপার বন্ধ করে দেওয়া হয়েছে। পদ্মার পানি কমে যাওয়ায় ফেরিঘাটের পন্টুন ওপরে রয়ে গেছে। পন্টুন নিচে নামানোর কাজ চলছে। এতে উভয় পাড়ে অনেক যানবাহন আটকা পড়েছে।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) সহকারী মহাব্যবস্থাপক এস এম আশিকুজ্জামান জানান, সীমিত সময়ের জন্য সকাল নয়টার দিকে একমাত্র সচল ৩ নম্বর ঘাটটি দিয়ে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ঘাটটি সার্বক্ষণিক সচল রাখতে সাময়িক চলাচল বন্ধ রেখে মেরামতের কাজ চলছে।নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান গতকাল মাওয়া ঘাট পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে তিনি বলেন, আগামী সাত দিনের মধ্যে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে। মাওয়ায় আরও তিনটি নতুন ঘাট চালুর নির্দেশ দেওয়া হয়েছে।গত রোববার সন্ধ্যায় ১ নম্বর ফেরিঘাট ও ১৫টি দোকান পদ্মায় বিলীন হওয়ার ঘটনায় নিখোঁজ ছয় ব্যক্তির এখনো সন্ধান মেলেনি।নদীভাঙনের কারণে ৯ অক্টোবর প্রথমে মাওয়ার ২ নম্বর ফেরিঘাট বন্ধ হয়ে যায়। পরদিন কিছু অংশ ভেঙে পড়ায় ও ফাটল দেখা দেওয়ায় ১ নম্বর ঘাট বন্ধ করে দেওয়া হয়। জরুরি মেরামতের কাজ করে আট ঘণ্টা পর সেদিন রাতে ফেরি চলাচল শুরু হয়। কিন্তু রোববার ১ নম্বর ঘাটটি পুরোপুরি বিলীন হয়ে যায়। এর আগে ৪ ও ৫ অক্টোবর পার্কিং ইয়ার্ড ও লঞ্চঘাটের একাংশ বিলীন হয়ে যায়।