সচল হলো রজ্জুপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের ভোলাগঞ্জ-ছাতকে স্থাপিত দেশের একমাত্র রজ্জুপথ (রোপওয়ে) আবার সচল হয়েছে। একটি খুঁটি হেলে পড়ায় প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ রজ্জুপথ টানা দুই বছর বন্ধ ছিল। ওই খুঁটি মেরামত করার পর এ বছরের শুরু থেকে রজ্জুপথটি সচল হয়।রেলওয়ে সূত্র জানায়, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় অবস্থিত দেশের বৃহত্তম পাথর কোয়ারি ভোলাগঞ্জ থেকে উত্তোলিত পাথর পরিবহনে স্থল ও জলপথের বিকল্প হিসেবে রজ্জুপথ স্থাপন করে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। ভোলাগঞ্জ থেকে ছাতক পর্যন্ত ১৯ দশমিক ২০ কিলোমিটার দীর্ঘ রজ্জুপথ নির্মাণ শুরু হয় ১৯৬৪ সালে। নির্মাণকাজ শেষে ১৯৭০ সালের গোড়ার দিকে এটি চালু হয়। পুরো রজ্জুপথ ১১৯টি খুঁটির ওপর স্থাপিত। মুক্তিযুদ্ধের সময় রজ্জুপথ ক্ষতিগ্রস্ত হওয়ায় সেই বছর বর্ষা মৌসুম থেকে টানা আট বছর এটি বন্ধ থাকে। সংস্কারকাজ শেষে ১৯৭৯-৮০ অর্থবছর থেকে চালু হলেও পরের বছর থেকে কেবল বর্ষা মৌসুমে পথটি সচল রাখা হয়। ১৯৯০-৯১ অর্থবছর থেকে রজ্জুপথে পাথর পরিবহন অনিয়মিত হয়ে পড়ে। এ অবস্থায় ২০০৮ সালের ২৯ জুন একটি কার্গো জাহাজের ধাক্কায় চেলাইখালের ওপর রজ্জুপথের ২/৪৪ নম্বর খুঁটি হেলে পড়ে। এ পরিস্থিতিতে বন্ধ করে দেওয়া হয় পথটি।রজ্জুপথের দায়িত্বে থাকা বাংলাদেশ রেলওয়ের নির্বাহী প্রকৌশলী ডি এন মজুমদার প্রথম আলোকে বলেন, রজ্জুপথের খুঁটিগুলো হাওর-নদী-জলাভূমি এলাকায় হওয়ায় সেগুলোর দেখভালে লোকস্বল্পতা রয়েছে। তাই সতর্ক থাকতে হয়। হেলে পড়া খুঁটি মেরামতের পর সম্প্রতি দুই দিন রজ্জুপথটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়। এ বছরের শুরু থেকে প্রতিদিন এই পথে দুই বেলা চলছে পাথর পরিবহন। পাশাপাশি পাথর পরিবহনে দরপত্রও আহ্বান করা হয়েছে।রজ্জুপথে পাথর উত্তোলন ও খালাসের স্টেশন যথাক্রমে ভোলাগঞ্জ ও ছাতকে। গত বৃহস্পতিবার সুরমা নদীতীরের ওই খালাসের স্টেশনে গিয়ে দেখা গেছে, পুরো এলাকা কর্মমুখর। দুই বছর অনেকটা অবহেলায় পড়ে থাকা কার্যালয়, জেনারেটর, রজ্জুপথ ও বাক্স প্রভৃতি সংস্কার করা হচ্ছে। পাশাপাশি রজ্জুপথ চলাচল স্বাভাবিক রাখতে নজরদারি চলছে।রজ্জুপথের স্টেশন অপারেটর আবদুল করিম জানান, রজ্জুপথে মোট ২০০টি বাক্স রয়েছে। প্রতিদিন ১০০ থেকে ১৭০টি বাক্স চলাচল করে। প্রতি বাক্সে ৬০০ কেজি ওজনের পাথর পরিবহন হয়। প্রতিদিন সকাল সাতটা থেকে দুপুর ১২টা এবং দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই পথ চালু থাকছে। জেনারেটরচালিত হওয়ায় হঠাৎ করে পথটি বন্ধ হওয়ার কোনো আশঙ্কা থাকে না।