সচিবদের গাড়িতে পতাকা সংযুক্ত করা ও মাঠপর্যায়ে হস্তক্ষেপ বন্ধের দাবি
সরকারের সচিবদের গাড়িতে জাতীয় মনোগ্রামযুক্ত পতাকা সংযুক্ত করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি জেলা ও উপজেলা প্রশাসনের ওপর রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করে সরকারের নিয়ম অনুযায়ী কাজ করার সুযোগ তৈরির দাবি করেছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। গতকাল সোমবার রাতে বিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিষদের সভায় এসব দাবি করা হয়। সভায় বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। অ্যাসোসিয়েশনের সভাপতি আলী কবিরের সভাপতিত্বে সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু আলম শহীদ খান, প্রধানমন্ত্রীর একান্ত সচিব নজরুল ইসলাম খান, অ্যাসোসিয়েশনের মহাসচিব ঢাকা বিভাগীয় কমিশনার খোন্দকার শওকত হোসেন, অতিরিক্ত সচিব মিজানুর রহমান, যুগ্ম সচিব সোহরাব হোসেন, ঢাকার জেলা প্রশাসক জিল্লার রহমান, যুগ্ম সচিব সাফাত আহমেদ চৌধুরী, উপসচিব মেসবাহ আহমেদসহ ৬১ সদস্যের নির্বাহী কমিটির প্রায় সব সদস্য উপস্থিত ছিলেন। সভার সিদ্ধান্ত সম্পর্কে প্রকাশ্যে কিছু জানানো হয়নি। তবে অ্যাসোসিয়েশনের একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, দীর্ঘদিনের দাবি হলেও সচিবদের রাষ্ট্রীয় মর্যাদা নির্ধারণে পদক্ষেপ নেওয়া হয়নি। এ জন্য বর্তমান সরকারের কাছে তাঁরা দাবি করছেন, এখন থেকে সচিবেরা যেন জাতীয় মনোগ্রামযুক্ত পতাকাবাহী গাড়ি ব্যবহারের সুযোগ পান। সভার সিদ্ধান্তে বলা হয়েছে, ইতিমধ্যে সামরিক প্রশাসনের কর্মকর্তাদের মর্যাদা বাড়ানো হয়েছে। কিন্তু সচিবদের ক্ষেত্রে এ বিষয়ে কিছু করা হয়নি। সভায় বলা হয়, মাঠ প্রশাসনে ক্ষেত্রবিশেষে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে সরকারের নিয়মকানুন মেনে প্রশাসন পরিচালনা কঠিন হয়ে পড়ছে। সে কারণে সরকারের নিয়ম ও বিধিবিধান অনুযায়ী কাজ করার নিশ্চয়তা চেয়েছেন তাঁরা।অ্যাসোসিয়েশনের একজন কর্মকর্তা জানান, বিয়াম ফাউন্ডেশনের ‘বিয়াম কোয়ালিটি এডুকেশনের’ নামে সাবেক সচিব শহীদুল আলমের নেওয়া ১০ কোটি টাকা ফেরত নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া বিয়ামের জায়গায় সিভিল সার্ভিস কলেজকে ভাড়া দেওয়ার চুক্তিও বাতিল করার সিদ্ধান্ত হয়। সভায় মুক্তিযোদ্ধা কর্মকর্তাদের অবসরের বয়স বাড়ানোয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে প্রস্তাব পাস করা হয়।